তিন পার্বত্য জেলা পরিষদের নতুন প্রতিষ্ঠিত ২২৮টি প্রাথমিক বিদ্যালয় জানুয়ারি মাস থেকেই বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বিদ্যালয়গুলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বিদ্যালয়গুলো নিজস্ব তহবিলে পরিচালনায় জেলা পরিষদের সক্ষমতা অর্জনের আগেই দাতা সংস্থাগুলো হাত গুটিয়ে নেওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তারা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়গুলো বন্ধ হলে দরিদ্র পরিবারের প্রায় ১০ হাজার শিশু শিক্ষাবঞ্চিত হবে। গত ১৩ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ইউএনডিপির উপদেষ্টা কমিটির অনুষ্ঠিত সভায়ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), এইউএস-এইডসহ দাতাগোষ্ঠীর আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। এ জন্য বিদ্যালয়গুলো চালু রাখা সম্ভব হবে কি না, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে জেলা পরিষদ বিদ্যালয় চালু রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত দুর্গম এলাকার দরিদ্র শিশুদের জন্য ২০০৮ থেকে ২০১০ সালে বান্দরবানে ৮৩টিসহ তিন পার্বত্য জেলায় ২২৮টি প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়েছিল। ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিল (সিএইচটি-ডিএফ) থেকে বিদ্যালয়গুলো পরিচালনায় সহযোগিতা প্রদান করে আসছিল।
পার্বত্য মন্ত্রণালয় ও জেলা পরিষদ সূত্র জানায়, বিদ্যালয়গুলো বিশেষ অগ্রাধিকারে সরকারীকরণের প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি হওয়ার আগ পর্যন্ত এগুলো চালু রাখতে আর্থিক সহযোগিতার জন্য ইউএনডিপিকে সহযোগিতা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পের কর্মকর্তারা বলেছেন, জেলা পরিষদকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত সহযোগিতার কথা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখনো সহযোগিতা বন্ধ করা হয়েছে বলা যাবে না। দাতাগোষ্ঠীর কাছে বিষয়টি বিবেচনায় রয়েছে।
বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, ইউএনডিপির উপদেষ্টা কমিটির সভায় বিদ্যালয়গুলো পরিচালনায় জেলা পরিষদ থেকে ৩০ শতাংশ ব্যয় বহনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা শিক্ষা খাতে তাদের অর্থের অপ্রতুলতার কথা জানিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার এইউএস-এইড বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য বলেন, বিদ্যালয়গুলো সরকারীকরণ না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে কীভাবে পরিচালনা করা যায়, তা বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত বনাঞ্চলে প্রতিষ্ঠিত রাঙামাটিতে ৩৭টি ও বান্দরবানে পাঁচটি বিদ্যালয়ের জমি অবমুক্তকরণের কাজ চলছে। সুতরাং সরকারি হওয়া সময়ের ব্যাপারমাত্র।