অর্থহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেলা একটা বাজে। কাস্টমার কেয়ারে বসে ছিলাম। মুঠোফোনটা নেওয়ার অপেক্ষা। অপেক্ষা জিনিসটা বরাবরই যন্ত্রণাদায়ক। ভাগ্যিস হাতে ট্যাবটা ছিল। সময় কাটাতে ক্যানডি ক্রাশ সাগা খেলা শুরু করলাম। প্রথম ধাপ থেকেই শুরু করতে হলো। অল্প সময়ের মধ্যে লেভেল নয়ে চলে গেলাম। এমন সময় থমকে গেল হাত। পরের ধাপ শুরু করা হলো না। একটু আগে সাদা অ্যাপ্রোন পরা দুটি মেয়ে ভেতরে প্রবেশ করেছে। বসেছে খানিকটা সামনের দিকে। নিরাপত্তাকর্মী তাদের হাতে একটা টোকেন ধরিয়ে দিয়ে বলল অপেক্ষা করতে।
এখন আমার অপেক্ষা করতে ভালো লাগছে। ট্যাবটা লক করেছি। শুভ্র পোশাকের একজনকে নিয়ে ভাবতে ভালো লাগছে। সাত-পাঁচ ভাবনা। হঠাৎ সে একবার আমার দিকে দেখল। চোখে চোখ পড়ল কি না, জানি না। তবে এক অদ্ভুত অনুভূতি টের পেলাম।
এবার আর ভুল হলো না। চোখে চোখ পড়ল। সে তার বান্ধবীকে আমার সম্পর্কে কিছু একটা বলছে, আমি বুঝতে পারলাম। ভ্যাবাচেকা খেয়ে অন্যদিকে নজর দিলাম।
কখন যে কাজটা হবে। খানিকটা সাহস জোগাড় করে এক মনে তার দিকে তাকিয়ে আছি। কী আশ্চর্য! সেই মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে অনেকক্ষণ চোখাচোখির পর গার্ড স্বপন ঘোষ বলে ডাক দিল। আমি আরেক পলক মেয়েটাকে দেখে মোবাইল আনতে গেলাম। নিয়ে এসে আবার ঠিক আগের জায়গায় বসলাম।
বুদ্ধি করে মোবাইলের আরেকটা ছোট সমস্যা বের করা গেল। মোবাইল জমা দিতে গেলে এক্সিকিউটিভ বলল, ত্রিশ মিনিট বসতে হবে। মনে মনে ভাবলাম, ত্রিশ মিনিট কেন, সারা জীবন এখানে বসে থাকতে রাজি আছি।
গার্ড ফারজানা আক্তার বলে ডাক দিতেই সেই মেয়েটি উঠে গেল। আমার সমস্ত সত্তা থমকে গেল। তাকে নিয়ে ভাবা অর্থহীন।
স্বপন কুমার ঘোষ
দিনাজপুর সরকারি কলেজ