অর্থাভাব, খুঁড়িয়ে চলছে বস্তি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের টাইগারপাস এলাকায় বস্তিবাসীর জন্য গড়ে তোলা হচ্ছে অ্যাপার্টমেন্ট ষ প্রথম আলো
নগরের টাইগারপাস এলাকায় বস্তিবাসীর জন্য গড়ে তোলা হচ্ছে অ্যাপার্টমেন্ট ষ প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের বস্তি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলছে খুঁড়িয়ে। নির্মাণকাজ শুরুর এক বছরের মাথায় কাজ শেষ হয়েছে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।
বরাদ্দ না থাকায় নির্ধারিত সময়ে অ্যাপার্টমেন্টের নির্মাণকাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এ জন্য নতুন করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা চলছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের টাইগারপাস পাহাড়ের পাদদেশে ৫০ বছরের বেশি পুরোনো বস্তির জায়গায় সাততলা ভবন তৈরি হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে ১৬১টি পরিবারকে অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হবে। এই বস্তিতে বাস করা পরিবারগুলো অ্যাপার্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসে এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের ডিসেম্বরে। এর নির্মাণব্যয় ধরা হয়েছে সাত কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনজুরুল আলম চৌধুরীকে এর কার্যাদেশ দেওয়া হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ১২ কাঠা জমিতে সাততলা ভবনের এই অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ চলছে। তিনটি অংশের মধ্যে একটির ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে আরেক অংশের ছাদ ঢালাই করা হবে। অন্যটি প্রস্তুত করা হচ্ছে। তবে সময়মতো বিল না পাওয়ায় দ্রুতগতিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
মেসার্স মনজুরুল আলম চৌধুরীর কর্ণধার মনজরুল আলম প্রথম আলোকে জানান, ভবনের নির্মাণকাজে ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকা খরচ করা হয়েছে। অথচ করপোরেশন দুই দফায় মাত্র ২৯ লাখ টাকা বিল পরিশোধ করেছে। তিনি বলেন, ‘অর্থ বরাদ্দ না পাওয়ায় পুরোদমে ভবনের নির্মাণকাজ করা সম্ভব হচ্ছে না। মাত্র ২০ শতাংশ কাজ হয়েছে। অথচ মেয়র আমাকে বলেছিলেন, বস্তিবাসীর জন্য ভবন নির্মাণ তাঁর স্বপ্ন। কাজটা দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেছিলেন, টাকার বিষয়টি তিনি দেখবেন। এখন তাঁর কথার ওপর বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছি।’
করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মনিরুল হুদা প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এই অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে। তাই করপোরেশনের তহবিলের টাকায় উন্নয়নকাজ যেভাবে চলে, এটাও সেভাবে চলছে। তিনি জানান, এ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু এর মধ্যে ভবন নির্মাণ করা সম্ভব হবে না। কারণ, ইতিমধ্যে মাত্র ৩০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। আর সাততলার প্রতিটি ঢালাই করতে কমপক্ষে দুই মাস লাগবে। সব মিলিয়ে ভবনের কাজ শেষ করতে অন্তত ১৪ মাস প্রয়োজন। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানোর চিন্তা আছে।
করপোরেশন সূত্র জানায়, বহুতল ভবনের নিচতলার একটি অংশ সামাজিক অনুষ্ঠানের জন্য খালি রাখা হবে। অন্য অংশে মুদি, ওষুধ ও সেলুনের দোকান থাকবে। শিশুদের শিক্ষাদানের জন্য স্থাপন করা হবে পাঠশালা।
দ্বিতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত থাকবে অ্যাপার্টমেন্ট। ২৫০ বর্গফুট আয়তনের প্রতিটি অ্যাপার্টমেন্টে একটি থাকার ঘর, একটি শৌচাগার ও ছোট আকারের রান্নাঘর থাকবে। করপোরেশনের উদ্যোগেই বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দেওয়া হবে।
করপোরেশনের নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে রেজাউল করিম বলেন, এটি একটি অলাভজনক প্রকল্প। বস্তিবাসীর কাছ থেকে শুধু ভবন নির্মাণের খরচ নেওয়া হবে। তারা সামর্থ্য অনুযায়ী ১৫ বছর মেয়াদে মাসিক কিস্তিতে তা পরিশোধ করে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে।