অর্থাভাবে রামুর ১০টি বৌদ্ধমন্দিরের সংস্কারকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ১০টি বৌদ্ধমন্দিরের সংস্কারকাজ টাকার অভাবে বন্ধ রয়েছে। পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ এ বৌদ্ধমন্দিরগুলো দেখতে প্রতিবছর বহু পর্যটক আসেন। মন্দিরগুলোর সংস্কারকাজ বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা। দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া বৌদ্ধবিহার এবং কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা জেতবন বিহারের নতুন ভবনের নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। গ্রামবাসীর সহযোগিতায় এ দুই বৌদ্ধবিহারের একতলা পাকা ভবনের নির্মাণকাজ শুরু হলেও টাকার অভাবে দুই বছর ধরে বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ দুটি ভবনের একতলা পর্যন্ত সম্পন্ন করতে আরও প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, পূর্ব রাজারকুল বৌদ্ধবিহার, দ্বীপ শ্রীকুল বৌদ্ধবিহার, উত্তর ফতেখাঁরকুল বৌদ্ধবিহার, শ্রীকুল মৈত্রীবিহার, হাজারীকুল বোধিরত্ন বিহারসহ অন্তত ১০টি বৌদ্ধমন্দিরের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পানেরছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ সুচারিতা মহাথের জানান, ‘গ্রামবাসীর দানের টাকা এবং তাঁর ব্যক্তিগত তহবিলের টাকায় ২০০৬ সালের শেষের দিকে পুরোনো বিহারের পাশে একটি পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। টাকার অভাবে প্রায় তিন বছর ধরে ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে।’উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, ‘দীর্ঘ দিন ধরে বিহারটি জরাজীর্ণ অবস্থায় আছে, অর্থাভাবে সংস্কার কাজ হচ্ছে না।’উখিয়ারঘোনা জেতবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেমন্দ্র বড়ুয়া জানান, ‘প্রায় ২০ বছর আগের তৈরি জরাজীর্ণ বিহারটির পাশে ২০০৬ সালে একতলা পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলাকাবাসী। এলাকাবাসীর সহযোগিতায় ছাদের কাজ পর্যন্ত সম্পন্ন করা হলেও টাকার অভাবে দুই বছর ধরে কাজ বন্ধ রয়েছে।’ স্থানীয় বাসিন্দা বঙ্কিম বড়ুয়া ও সুদর্শন বড়ুয়া জানান, ‘উখিয়ারঘোনার পাশে জাদিপাড়ার আরেকটি বিহার থাকলেও দূরত্ব প্রায় তিন কিলোমিটার। ফলে গ্রামের মানুষকে বাধ্য হয়ে জরাজীর্ণ এ বিহারেই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে হচ্ছে।’ রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া জানান, ‘উপজেলায় অপূর্ব স্থাপত্য শৈলীতে নির্মিত প্রায় ২০টি বৌদ্ধমন্দির আছে। উপযুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কয়েকটি বিহার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব বিহার সংস্কারের জন্য সরকার উদ্যোগ না নিলে বাংলাদেশের পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হবে।’ রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, রামুর বৌদ্ধমন্দিরগুলো দেশের গৌরবময় কীর্তি। এগুলো সংস্কার করলে পর্যটনশিল্পের বিকাশ বাড়বে। এসব পুরাকীর্তি সংস্কার হলে পর্যটন খাত থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, ‘পানেরছড়া ও উখিয়ারঘোনা বৌদ্ধবিহারের জন্য উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব বিহার সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’