অর্থোডক্স চা এবার নিলাম বাজারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ পদ্ধতির অর্থোডক্স চা এবার নিলাম বাজারেও উঠেছে। নিলামে এই চা–পাতা বিক্রি হয়েছে প্রতি কেজি ৭৮০ টাকায়।

গত সপ্তাহে চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিলামে বিক্রি হয়েছে অর্থোডক্স পদ্ধতিতে বানানো এক লট চা। এই চা তৈরি করা হয়েছে সিলেটের মৌলভীবাজারে বাংলাদেশ চা বোর্ডের নিজস্ব বাগান ‘নিউ সমনবাগ’ বাগানের পাতা থেকে।

চা বেচাকেনায় জড়িত ব্যবসায়ীরা বলছেন, এ মৌসুমের নিলামে বিক্রি হওয়া কেজিপ্রতি চায়ের সর্বোচ্চ দাম এটি। স্থানীয় বাজারে এই চা বিপণনের জন্য ১৬ শতাংশ কর দিতে হবে। এই হিসাবে কেজিপ্রতি চায়ের কেনা দামই পড়েছে ৯০৫ টাকা।

চা বোর্ড সূত্রে জানা গেছে, চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন তিনটি বাগান রয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের বাগানটিতে গত বছর থেকে পরীক্ষামূলকভাবে অর্থোডক্স পদ্ধতিতে চা বানানো শুরু করা হয়। এ মৌসুমে এবার এই বাগানের ২০০ কেজি অর্থোডক্স পদ্ধতির চা নিলামে তোলা হয়। চা বেচাকেনায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্লান্টার্স ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে এই চা বিক্রি করা হয়। নিলামে ৭৮০ টাকা কেজি দরে এক লট চা কিনে নেন ‘আফতাব টি কোম্পানি’ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। এ হিসাবে এক লট চায়ের দাম পড়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। চা বোর্ডের চা–বাগান ব্যবস্থাপনা কোষের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান আকন্দ প্রথম আলোকে বলেন, অর্থোডক্স ও সাতকরা চা উৎপাদনে চা বোর্ডের চেয়ারম্যান বিশেষ আগ্রহ দেখিয়েছেন। চেয়ারম্যানের অনুপ্রেরণায় আমরাও এ ধরনের চা তৈরি শুরু করেছি। অর্থোডক্স পদ্ধতিতে বানানো চায়ের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, এই চায়ে প্রাকৃতিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। দুধ ছাড়া পান করলে এতে চায়ের প্রকৃত স্বাদ পাওয়া যায়।

চা ব্যবসায়ীরা জানান, নিলামে ১০ ব্যাগের একটি পূর্ণাঙ্গ লট তোলা হয়েছিল বিক্রির জন্য। গত মৌসুমে সামান্য পরিমাণে এই চা বিক্রি হলেও পূর্ণাঙ্গ লট ছিল না। সে হিসেবে এবারই প্রথম পূর্ণাঙ্গ লটে এই চা বিক্রি হয়েছে।

নিলামে বিক্রি হওয়া চায়ের মান সম্পর্কে প্ল্যান্টার্স ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, এই চা অতি উজ্জ্বল বর্ণের, প্রকৃত চায়ের সুগন্ধিযুক্ত। ভালো মানের কুঁড়ি দিয়ে এই চা বানানো হয়েছে। প্রকৃত স্বাদের ব্যয়বহুল চা তৈরি করে চা বোর্ড প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

চা বেচাকেনায় জড়িত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, একসময় অর্থোডক্স পদ্ধতিতেই চা বানানো হতো। এতে চায়ের প্রকৃত স্বাদ পাওয়া গেলেও চা তৈরিতে খরচ পড়ত বেশি। অপচয় হতো চা–পাতার। এ কারণে তিন যুগ আগে চা তৈরিতে ‘সিটিসি’ পদ্ধতি প্রবর্তন করা হয়। এই পদ্ধতিতে চা বানাতে খরচ কম হয়। চা–পাতার অপচয়ও হয় না। চা বোর্ডের হিসাবে বর্তমানে দেশে উৎপাদিত চায়ের ৯৯ দশমিক ৫০ শতাংশই সিটিসি পদ্ধতিতে উৎপাদন হয়।