জয়নাব বেগম দীর্ঘদিন ধরে তলপেটের ব্যথায় ভুগছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রে এসেছেন আলট্রাসনোগ্রাম করাতে। এখানে আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘বাইরের রোগনিরূপণ কেন্দ্রগুলোর (ডায়াগনস্টিক সেন্টার) চেয়ে অনেক কম খরচে পরীক্ষা করা যায়।’ কুলসুম আক্তারকে থাইরয়েড স্ক্যান করাতে বলেছেন চিকিৎসক। তিনি বলেন, এখানে ৩০০ টাকায় এ পরীক্ষা করা যায়, অথচ বাইরে অনেক বেশি।টি-৩, টি-৪, টিএসএইচ, টিজি পরীক্ষা করা হয় ২০০-৫০০ টাকায়। অথচ বাইরে এগুলো কয়েক গুণ বেশি।এভাবে প্রায় প্রতিদিন শতাধিক রোগী আসেন এখানে কম খরচে পরীক্ষা করাতে। বিশেষ করে গরিব রোগীরাই আসেন এখানে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্বিতীয় বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান হচ্ছে পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড। এখানে তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে রোগ নির্ণয় করা হয়। পরমাণু চিকিৎসা পদ্ধতি নিরাপদ ও ব্যথামুক্ত। এতে তেজস্ক্রিয় পদার্থ ইনজেকশনে, মুখে বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রয়োগ করা হয়।পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। গত কয়েক বছরে এখানে রোগীর সংখ্যাও বেড়েছে। ২০০৪-০৫ অর্থবছরে প্রতিষ্ঠানের আয় ছিল ৩৫ লাখ ৩৯ হাজার ৫৫০ টাকা। পরের অর্থবছরে তা বেড়ে হয় ৪৬ লাখ ৭৫ হাজার টাকা। ২০০৮-০৯ অর্থবছরে আয় হয় এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা। এখন বছরে প্রায় ৪০ হাজার রোগী এখানে পরীক্ষা করাতে আসেন। এখানে সর্বনিম্ন ১০০ থেকে আট হাজার টাকার পরীক্ষা আছে। থাইরেড স্ক্যান, থাইরেড আপটেক, লিবার স্ক্যান, ব্রেন স্ক্যানিং, বোন প্ল্যানার স্ক্যান, রেনাল স্ক্যান, ডিএমএসএ স্ক্যান, ১-১৩১ থেরাপি টক্সিক ও ক্যানসার, বিটা রেডিয়েশন (চোখ), এইচআইডিএ স্ক্যানসহ আরও বেশ কিছু পরীক্ষা এখানে ছাড়া আর কোথাও নেই। গামা ক্যামেরার সাহায্যে যকৃত, কিডনি, মস্তিষ্ক, ফুসফুস, অস্থি, থাইরয়েডসহ বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয় করা হয়। কিডনির কার্যক্ষমতা নির্ণয়ের জন্য রয়েছে রেনোগ্রাম—যা বাইরে কোথাও করা হয় না। এ ছাড়া পুরো শরীরের অস্থি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে প্রাথমিক অবস্থাতেই যেকোনো অঙ্গের ক্যানসার নির্ণয় করা সম্ভব।প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বেসরকারি পরীক্ষা কেন্দ্রগুলোর চেয়ে অর্ধেকেরও কম খরচে পরীক্ষা করা হয় এখানে। রেডিও আয়োডিনের মাধ্যমে বিভিন্ন হরমোন অতিক্ষরণ বা নিঃসরণজনিত রোগ এবং থাইরয়েড ক্যানসারের চিকিৎসা, কালার ডপলারের মাধ্যমে যকৃত, কিডনি, গলব্লাডার, ব্লাডার, প্রস্টেট, জরায়ু ও ওভারা পরীক্ষা এবং গর্ভাবস্থায় বেড়ে ওঠা ভ্রূণের সংখ্যা, বয়স, বৃদ্ধি, হূৎস্পন্দন নির্ণয় করা হয়। এ ছাড়াও কালার ডপলারের মাধ্যমে রক্তনালির বিভিন্ন রোগ নির্ণয় করা হয়। এ ছাড়া বিএমডি বা বোন মিনারেল ডেনসিটোমেট্রি মাধ্যমে হাড়ক্ষয়ের মাত্রা ও পরিমাণ নিরূপণ করে অস্টিওপোরেসিস রোগ নির্ণয় করা হয়, যা পরবর্তীকালে চিকিৎসা করলে সহজেই হাড়ভাঙা ও সংশ্লিষ্ট জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন হরমোন, টিউমার মার্কার পরিমাপ করা হয়।এ ছাড়া পুড়ে যাওয়া ক্ষত, আলসার, বেডসোর, ডায়াবেটিক আলসার, আঘাতজনিত ক্ষত চিকিৎসায় কোনো গ্রাফটস ও অ্যামনিয়াটিক মেমব্রেন সরবরাহ করা হয়। বিটা রেডিয়েশনের মাধ্যমে বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসা করা হয়। এ ছাড়া থাইরয়েড রোগীদের ফাইল লিপিবদ্ধ রাখা হয় এবং প্রতি তিন মাস ও ছয় মাস অন্তর ফলোআপ করা হয়। প্রতি মঙ্গলবার থাইরয়েড ক্লিনিকে গলগণ্ডসহ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক তমিজউদ্দিন বলেন, ‘এখানে রোগীদের সেবার সর্বোচ্চ চেষ্টা আমরা করি। প্রতিটি পরীক্ষা এখানে বাইরের তুলনায় শতকরা ৫০ ভাগ কমে করা হয়।’ তিনি আরও বলেন, ‘এখানে রোগীর তুলনায় চিকিৎসক মাত্র চারজন। এ ছাড়া বোন মিনারেল ডেনসিটোমেট্রি যন্ত্র ও একটি ডাবল হেড-মেশিন এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে হাড়ক্ষয়ের রোগীদের ঢাকায় পাঠানো হয়, যা রোগীদের জন্য খুবই ব্যয়সাপেক্ষ।’ তিনি যন্ত্রগুলো ঠিক করার ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।