অর্ধেক দামে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তন। পশ্চিম পাশে মঞ্চ। আলো ছড়াচ্ছেন অতিথিরা। উত্তর পাশে বিচিত্র সব বইয়ের সমারোহ। সব বই বিক্রি হচ্ছে অর্ধেক দামে। দক্ষিণ-পূর্ব পাশে জমছে সৃজনশীল আড্ডা। চারদিকেই বইপ্রেমীর ভিড়। কেউ বই দেখছেন। কেউ কবিতা-ছড়া পড়ছেন। কেউ আবার খালি গলায় গাইছেন গান। আবার কেউ শুধু আড্ডায় মশগুল। এমন চিত্রই দেখা গেছে বর্ষাকালীন বই উৎসবে। চট্টগ্রাম একাডেমি আয়োজিত চার দিনের এ উৎসব আজ রাত সাড়ে আটটায় শেষ হবে। ১৫ জুলাই বিকেলে উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। আলোচক ছিলেন ভাষাবিজ্ঞানী মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরী। প্রারম্ভিক বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ।অনুপম সেন বলেন, ‘যখন আমরা একাকী হয়ে যাই তখন আশ্রয় খুঁজি মহৎ-ভালো বইয়ের মধ্যে। চিরায়ত বইগুলো আমাদের পরাজিত জীবনে আশা সঞ্চার করে। বর্ষাকালে বই পড়া আর গান শোনার মজাটা আমার কাছে অন্য রকম।’মাহবুবুল হক বলেন, ‘বর্ষা কবিকে ভাবুক করে, কাব্য রচনায় উদ্বুদ্ধ করে। আমাদের কবি সাহিত্যিকদের তথ্যপ্রযুক্তিমুখী হতে হবে। তরুণ প্রজন্মকে এ ধরনের বই উৎসবে বেশি আসতে হবে।’উৎসবের দ্বিতীয় দিন ‘বাংলা গানে বর্ষা’ ও তৃতীয় দিন ‘বাংলা কবিতায় বর্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতিদিন আড্ডা-কথামালা, স্বরচিত ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও গানে অংশ নেন এ জনপদের নবীন-প্রবীণ লেখক-শিল্পীরা। তাঁদের বেশির ভাগই একাডেমির সদস্য। একাডেমির অন্যতম পরিচালক আবুল কালাম জানান, ‘এ উৎসবে প্রায় পাঁচ শতাধিক টাইটেলের বই আছে। বেশি বিক্রি হচ্ছে মুক্তিযুদ্ধ, জীবনী, গবেষণা, গল্প-উপন্যাস আর শিশু-কিশোরদের বই।’ এক প্রশ্নের জবাবে উৎসবের সদস্যসচিব মো. জাহাঙ্গীর মিঞা বলেন, ‘একাডেমির সদস্য ছাড়াও আগ্রহী লেখকদের বই এখানে রাখা হচ্ছে।’হালিশহরের এ ব্লক থেকে সপরিবারে বই উৎসবে এসেছেন জান্নাতুল নাইম। তিনি বলেন, ‘অর্ধেক দামে বই পাওয়া যাবে শুনে এসেছি। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসি। কিন্তু এখন বইয়ের গায়ে যে দাম লেখা থাকে তাতে কিনতে সাহস হয় না। এখানে বেশ কিছু ভালো বই পছন্দ করেছি কেনার জন্য।’আজকের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্যিক ফাহমিদা আমিন। আলোচনা করবেন অধ্যাপক ওবায়দুল করিম ও লেখক-চিকিৎসক দিলীপ দে।