
ফৌজদারহাট থেকে বায়েজীদ পর্যন্ত চট্টগ্রামের প্রথম বাইপাস সড়কের নির্মাণকাজ আবার শুরু হচ্ছে। সড়কটি নির্মাণকাজ শেষ করার জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রকল্পটি বাস্তবায়ন করবে। চউকের এ-সংক্রান্ত প্রস্তাবনা ৫ নভেম্বর একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাইপাস সড়কটির নির্মাণকাজ শেষ হলে নগরের যানজট অর্ধেকে নেমে আসবে। পাশাপাশি এ অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করেছেন বিশেষজ্ঞরা। একই আশা চউকের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদেরও। এতে প্রচুর জ্বালানি খরচ ও কর্মঘণ্টা সাশ্রয় হবে।
জানতে চাইলে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে কোনো বাইপাস সড়ক নেই। এ কারণে নগরের যানজট তীব্রতর হচ্ছিল। ফৌজদারহাট-বায়েজীদ বাইপাস সড়কটি নির্মিত হলে নগরে যানজট অর্ধেক কমে যাবে। কারণ বাইপাস সড়কটি হলে দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রামের পাঁচটি উপজেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কাপ্তাইয়ের গাড়িগুলোকে আর নগরের রাস্তা ব্যবহার করতে হবে না। বাইপাস সড়ক দিয়েই কম সময়ে গন্তব্যে যেতে পারবে।’
আবদুচ ছালাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের প্রতি নজর দিয়েছেন। তাঁর আন্তরিকতার কারণে আমরা এই বরাদ্দ পেয়েছি। শিগগির দরপত্র আহ্বান করে কাজ শুরু করে দেওয়া হবে।’ চলতি অর্থ বছরের মধ্যে কাজ শুরু হয়ে দুই বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চউক সূত্র জানায়, প্রকল্পটির নাম ‘বায়েজীদ বোস্তামী থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত সংযোগ সড়কের সম্প্রসারণ এবং উন্নয়নসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বহিঃসীমানা বরাবর নতুন লুপ রোড নির্মাণ।’ ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি চট্টগ্রাম মহানগরের আউটার রিং রোডের একটি অংশ হিসেবে কাজ করবে।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘এটি খুবই দরকার ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বাসিন্দাদের ঢাকায় যেতে নগরে প্রবেশ করতে হবে না। একইভাবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা যানবাহন নগরে প্রবেশ না করেই ওই অঞ্চলে চলে যেতে পারবে। ফলে নগরে যানজট কমে যাবে।’
আলী আশরাফ বাইপাস সড়কের দুই পাশের এলাকা পর্যটনসহ উন্নয়নের জন্য উন্মুক্ত রাখা এবং মহাপরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় একটি পার্ক করার সুপারিশ করেন।
সূত্র জানায়, বায়েজীদ বোস্তামী থেকে ঢাকা ট্রাংক রোড পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয় চউকের সর্বশেষ মহাপরিকল্পনায়। ১৯৯৭ সালে নেওয়া এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৩৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকা। ১৯৯৯ সালে একনেকে এটি অনুমোদিত হয়।
সড়কটি নির্মাণের জন্য ২০০৪ সালে ৫৫ একর জমি অধিগ্রহণ করা হয়। ওই সময় প্রকল্পের অধীনে দুই লেনবিশিষ্ট এই সড়কের ঢাকা ট্রাংক রোড প্রান্ত হতে দেড় কিলোমিটার সড়ক এবং মধ্যবর্তী দেড় কিলোমিটার অংশে মাটির কাজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে নানা কারণে প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়।
প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ প্রথম আলোকে জানান, নতুন করে প্রকল্পের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২০৯ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা। পরে মন্ত্রণালয়ের একটি পরিদর্শন দল যাচাই-বাছাই করে তা ১৭২ কোটি টাকা নির্ধারণ করে।
রাজীব দাশ জানান, চার লেন সড়কের জন্য আরও ২০ দশমিক ১১ একর জমি অধিগ্রহণ করা হবে। প্রাথমিকভাবে সেতু-কালভার্ট চার লেনের হলেও সড়ক হবে দুই লেনের। এ ছাড়া, আগের প্রকল্পে বাকি থাকা আনুষঙ্গিক কাজও এ প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।