অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলার সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মিরসরাই উপজেলা শাখা। ২২ জুলাই মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে পরিষদের উপজেলা শাখার সভাপতি অরুণ কান্তি পালের সভাপতিত্বে্ এক সভায় সরকারের প্রতি এই দাবি জানান সংগঠনের নেতারা।পরিষদের সাধারণ সম্পাদক নূপুর কান্তি ধরের পরিচালনায় সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট স্বপন কুমার নাথ, শ্যামলেন্দু দাশ, মনোরঞ্জন কালাই, পরিমল চক্রবর্তী, সুললিত বিশ্বাস, গোপাল চৌধুরী, ক্ষুদিরাম দাশ, নেপাল দে প্রমুখ।সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ (সংশোধিত ২০১২) অনুযায়ী অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত তালিকার গেজেট প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা বলেন, সরকারি বিজ্ঞপ্তিতে আগামী ৬ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদন করতে হবে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আবেদন করতে গেলে নানা রকম জটিলতা দেখা দেবে। তাই এ ব্যাপারে সময় আরও বাড়ানো প্রয়োজন।বক্তারা অর্পিত সম্পত্তি সংক্রান্ত সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি মনিটরিং সেল গঠনেরও দাবি জানান।