অর্পিতার কুরিয়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিতা পাল। বাড়ি আনোয়ারার গুজরা গ্রামে। বাবা প্রমোদন পাল পেশায় একজন চাষি। দারিদ্র্যের কারণে অষ্টম শ্রেণীর পর আর লেখাপড়া হয়নি, বিয়েও হয়ে যায় অল্প বয়সে। লোহাগাড়ায় শ্বশুরবাড়িতে এসেও সেই অভাবের চেহারাই দেখতে হয় তাঁকে। কিন্তু এতসব কিছুর পরও স্বপ্ন দেখা ছাড়েননি অর্পিতা। শ্বশুরবাড়িতে থেকে চালিয়ে যান স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নের হাত ধরে চলতে চলতে অর্পিতা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন। কুরিয়ার সার্ভিসের ব্যবসা করে ফিরিয়েছেন সংসারের ভাগ্য।১৯৯৩ সালে অর্পিতা পালের বিয়ে হয় লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের জয়দেব পালের সঙ্গে। জয়দেব তখন কক্সবাজারে একটি কুরিয়ার সার্ভিসে অল্প বেতনে চাকরি করতেন। ভিটেবাড়ি ছাড়া স্থাবর-অস্থাবর সম্পত্তি কিছুই ছিল না জয়দেবের। দেখতে দেখতে দুই মেয়ে, এক ছেলের মা হন অর্পিতা। সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠা ও লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। স্বামীর যা আয় তাতে দু-বেলা খাবারই জোটে না। অর্পিতা তাই ভাবলেন একটা কিছু করতে হবে। আর এই চিন্তা থেকেই কুরিয়ার সার্ভিসের ব্যবসা শুরু করার কথা ভাবলেন।২০০১ সালে পাঁচ হাজার টাকা জামানত দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি শাখা খোলেন অর্পিতা। লোহাগাড়া বটতলী স্টেশনে অফিসভাড়া নেন ৪০০ টাকায়। অর্পিতা জানান, নিজের গয়না বন্ধক রেখে এ জামানতের টাকা সংগ্রহ করেন তিনি। স্বামী জয়দেবও চাকরি ছেড়ে যোগ দেন অর্পিতার সঙ্গে। স্বামী-স্ত্রী দুজনে মিলে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করতে থাকেন। লোহাগাড়ার বিভিন্ন ব্যাংক, বিমা, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে থাকেন অর্পিতা। তাঁদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি ও পার্সেল আদান-প্রদানের অনুরোধ জানান প্রতিষ্ঠনগুলোকে। যোগাযোগের সুফলও পাওয়া গেল দ্রুত। উপজেলার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হয়ে উঠল অর্পিতার কুরিয়ার সার্ভিসের নিয়মিত গ্রাহক। চিঠি বিলি ও সংগ্রহের কাজটা অর্পিতা নিজেই করেন বলে জানালেন। অর্পিতা জানান, প্রতি মাসে খরচ বাদ দিয়ে এখন তাঁর ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। শৈশব থেকে স্বাবলম্বী হওয়ার একটা ইচ্ছে ছিল, সেই স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়েছে। বর্তমানে মেয়ে মিতু একাদশ শ্রেণীতে ও ইতু নবম শ্রেণীতে পড়ছে এবং একমাত্র ছেলে অনিক এসএসসি পরীক্ষা দেবে। ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করবেন যেকোনো মূল্যে, এমনটাই ভাবনা তাঁর।লোহাগাড়ার বিভিন্ন অফিসে ও বাসাবাড়িতে চিঠি সংগ্রহ ও বিলি করতে গিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি অর্পিতার। তিনি বলেন, ‘সময়ের দিকটা মাথায় রেখে চিঠিপত্র দ্রুত বিলি করার চেষ্টা করি।’এরই মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। ২০০৮ সালে অর্পিতার স্বামী জয়দেব পদুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তখন থেকে তিনি সুস্থভাবে কাজ করতে পারেন না। অর্পিতাকে প্রায় একাই ব্যবসাটা টেনে নিতে হচ্ছে। তবে হতাশ নন তিনি। তাঁর কথা—‘হতাশ হওয়ার সময় কোথায়? আমি কাজ না করলে স্বামী চিকিৎসা পাবে না। ছেলেমেয়েদের লেখাপড়া হবে না। খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে যাবে। তাই কাজের কথাই ভাবি সব সময়।’