অলংকারে ঐতিহ্যের অহংকার
অলংকারের সঙ্গে নারীর বাঁধন যেন জন্মলগ্ন থেকেই। প্রাচীন কালে রাজকন্যারা নিজস্ব ডিজাইনার দিয়ে অলংকার তৈরি করে নিজেকে সাজাতেন। সেই প্রাচীন আমলের গয়নার নকশাই আবার নতুন ঢঙে এবারের ঈদ ট্রেন্ডে এসেছে। গয়নায় বৈচিত্র্য আনতে হাল আমলের ফ্যাশন ডিজাইনাররা সোনা, রুপা বা হীরার মতো মূল্যবান সামগ্রীর পাশাপাশি পুঁতি, কাঠ, বোতাম, সুতাসহ নানা উপাদানও ব্যবহার করছেন। দেশীয় বিপণিকেন্দ্র আড়ং ঈদে তাদের অলংকার সামগ্রীর পসরা সাজিয়েছে হরেক রকমের উপাদানে। তরুণীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আড়ংয়ের ফ্যাশন জুয়েলারির কাঠ, পুঁতি, মাটি, বাঁশ, সুতা, ছোট ছোট ঘণ্টা, কড়ি, রুদ্রাক্ষ দিয়ে নানা ডিজাইনের চুড়ি, মালা, কানের দুল, আংটি, ব্রাসোর তৈরি ব্রেসলেট, বালা, হাঁসুলি, পায়েল প্রভৃতি। এবার এসব গয়নার দামও রয়েছে নাগালের ভেতর—৫০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। আড়ংয়ের অন্যতম আকর্ষণ হলো রুপার তৈরি গয়না। প্রাচীন আমলের নকশাখচিত ভারী গলার হার, মোটা বালা, হাঁসুলি, ঝুমকা দুল, এবং আধুনিক ডিজাইনের ব্রেসলেট, ইয়াররিং, নোসরিং, চুড়ি—এসব গয়নার দাম পড়বে ৪০০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। স্বর্ণের তৈরি গয়না পাওয়া যাবে চার হাজার থেকে এক লাখ টাকায়। হোয়াইট গোল্ডের নোসরিং এবং ইয়াররিং পাওয়া যাবে আট হাজার থেকে ১৫ হাজার টাকায়। ডায়মন্ডের নোসরিং এবং ইয়াররিংয়ের দাম পড়বে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত। আড়ং ছাড়াও ফ্যাশন জুয়েলারির এসব অলংকার পাওয়া যাবে আফমি প্লাজার দেশী দশে। ফ্যাশন ডিজাইনার আইভি হাসান বলেন, ‘এবার ঈদে ফ্যাশন জুয়েলারির ট্রেন্ড বেশি থাকছে। লম্বা কামিজের সঙ্গে এবার লম্বা দুলের প্রাধান্য থাকবে। বিভিন্ন জ্যামিতিক ফর্মের রিংও থাকছে। দুল লম্বা হলে গলায় কিছু পরার দরকার নেই। তবে প্রচলিত টপ পরলে এবং শাড়ির সঙ্গে গলার সেট পরা যেতে পারে। সে ক্ষেত্রে গলার সেটেও লম্বাটে ডিজাইন প্রাধান্য পাবে। হাতে মোটা বালা ও ব্রেসলেট চলবে বেশি।’এ ঈদে পুরোনো আমলের নকশায় অ্যান্টিক বা ব্রাসোর গয়নার ট্রেন্ড লক্ষণীয়। তবে ভারী গয়নার চেয়ে হালকা গয়নাতেই তরুণীদের ঝোঁক বেশি। এটিএন বাংলার স্টাইল আইকন-২০০৮ প্রতিযোগিতার বেস্ট ইন্টিলিজেন্ট তারকা তানিয়া রউফ জানালেন পছন্দের গয়নার কথা—‘রাতের সাজের জন্য আমি এবার স্টোন বসানো অ্যান্টিক রঙের ব্রাসোর লম্বাটে ঝুমকা কিনেছি। দিনের বেলায় ছোট টপ টাইপের দুলের সঙ্গে হাতে একটা ব্রেসলেট কিংবা মোটা বালা পরব।’ এসব গয়না নবরুপা, সৃষ্টি, দেশী দশসহ ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাচ্ছে।রুপার তৈরি গোল্ড প্লেটেড গয়নার ওপর ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে—এমনই মন্তব্য করেন সানমার ওশান সিটির জুয়েলারি দোকানের দুই বিক্রয়কর্মী মো. আলম এবং মো. সাজ্জাদ। পোশাকের সঙ্গে রং মিলিয়ে অর্ডার দিয়ে পছন্দমতো ডিজাইনে গোল্ড প্লেটেডের গয়না বানিয়ে নিচ্ছেন বিভিন্ন বয়সী নারীরা। আবার কোনো কোনো জুয়েলারি দোকানে এসব গয়না রেডিমেটও বিক্রি হচ্ছে। গোল্ড প্লেটেডের তৈরি ঝুমকাসহ বিভিন্ন স্টোন বসানো এসব গয়না পাওয়া পাচ্ছে সানমার ওশান সিটির দুল, ওফেলিয়া, গিফট গ্রেসসহ আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা ও আমিন সেন্টারের বিভিন্ন শোরুমে।