অলরাউন্ডার নাবিলা!

চট্টগ্রামের পটিয়ার এক প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে বাস করে ঝগড়াটে তরুণী শেলী। সারাক্ষণ পাড়া চষে বেড়ায়। তবে ঝগড়াটে মেয়েটিও প্রেমে পড়ে। একই পাড়ার তরুণ হাসানকে মন সপে দেয়। স্বপ্নও দেখে ঘর বাঁধার। কিন্তু একদিন শহর থেকে কিছু লোক এসে সব এলোমেলো করে দেয়। তারা তক্ষক খুঁজে বেড়ায়। একটি তক্ষকের দাম ২০ লাখ টাকা! বিশাল ব্যাপার। হাসানও লেগে যায় সেই কাজে। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর থাকেন। দূরে সরে যায় শেলীর কাছ থেকে। এ নিয়ে সে কী লঙ্কাকাণ্ড। অবশেষে মরীচিকার পেছনে ছোটা বন্ধ করে হাসান ফিরে আসে ভালোবাসার মানুষটির কাছে। গল্পটা তক্ষক নাটকের। গত কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচারিত নাটকটি বেশ সাড়া ফেলে। মজার ছিল নাটকের সংলাপ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। ফলে শেলীর ঝগড়াটে চিত্র যেন জীবন্ত হয়ে ধরা দেয়। কিন্তু পর্দার সেই ঝগড়াটে মেয়েটি বাস্তবে একেবারে শান্ত, নির্ভেজাল। তিনি আর কেউ নন, নাবিলা। কী চিনতে কষ্ট হচ্ছে? তাহলে আর একটু খোলাসা করি। মডেল-উপস্থাপিকা নাবিলা ইসলাম। চট্টগ্রামের মেয়েটির পোক্ত অবস্থান এখন অভিনয়ে। সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে আড্ডায় উঠে আসে তাঁর এ পর্যন্ত আসার আদ্যোপান্ত।
শুরুটা র্যাম্প দিয়ে। সময় ২০০৪ সাল। তখন সবে সদ্য কৈশোরে পা রাখেন নাবিলা। শুরুতেই ব্যস্ত হয়ে পড়েন মঞ্চে। ফটোশুট কিংবা ফ্যাশন শো হলেই নিশ্চিতভাবে ডাক পড়ত তাঁর। ধীরে ধীরে চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে পা রাখেন রাজধানীতে। সেখানেও সাফল্য। এবার ডাক পড়ে বিজ্ঞাপনচিত্রে কাজ করার। কাজের উৎসাহ বেড়ে দ্বিগুণ হয়। ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকায় তেমন বেগ পেতে হয়নি। সাবলীল অভিনয়ে সেখানেও উতরে যান নাবিলা।
চট্টগ্রাম থেকে ঢাকা—দূরত্ব ঘুচিয়ে শক্ত অবস্থান। নিয়ামকটা কী? মুচকি হেসে নাবিলা বললেন, বড় নিয়ামক কাজের প্রতি ভালোবাসা আর আমার পরিবারের সহযোগিতা। পথের নানা ঝক্কি আছে। তার পরও কাজ শেষে পরিচালকেরা যখন বাহবা দেন, তখন সব কষ্ট উবে যায়। মোদ্দাকথা, ভালো কাজ করলে যেখানেই হোক সে উঠে আসবেই।
র্যাম্পে কাজ শুরু করার পর নাবিলার ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দেয় মিস চিটাগং প্রতিযোগিতা। ২০০৭ সালে পোট্রেট আয়োজিত এই প্রতিযোগিতায় সেরার মুকুট পরেন তিনি। এরপর একের এক বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব আসতে থাকে। নাবিলাও মনপ্রাণ ঢেলে কাজ করেন, যেন কোনো খুঁত না থাকে। একাগ্রতা আর আগ্রহ দুয়ে মিলে আসে সফলতা। ঝুলিতে জমা হয় বেশ কয়েকটি ভালো কাজ। এর মধ্যে প্রাণ ফ্রটো, ইনফিনিটি শপিংমল, রাঁধুনি সরিষার তেল, কিন্ডো ক্যান্ডি, হরলিকস, কেয়া বিউটি সোপ প্রভৃতি পণ্যের বিজ্ঞাপন নিয়মিতই প্রচারিত হচ্ছে বিভিন্ন বেসরকারি টেলিভিশনে।
এ তো গেল বিজ্ঞাপনচিত্রের খবর। তবে এখন ব্যস্ত অভিনয়ে। নাবিলা অভিনয় করছেন দুটি ধারাবাহিক এটিএন বাংলার নীড় খোঁজে গাঙচিল ও চ্যানেল ২৪-এ রিয়েলেটি শোতে। কোরবানির ঈদে কাজ করেছেন বেশ কয়েকটি নাটকে। এর মধ্যে তক্ষক ছাড়াও বাংলাভিশনে প্রচারিত রুপালি আলোর খোঁজে নাটকটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করে আরও একবার দক্ষতার প্রমাণ দেন। এ ছাড়া আলোচিত নাটক গাজী টিভির মেড ইন চিটাগং-এ কাজ করেন নাবিলা।
এবার বলা যাক উপস্থাপিকা নাবিলার কথা। উপস্থাপনায়ও সমান সাবলীল তিনি। একুশে টেলিভিশনের গেম শো ভবঘুরে ডটকমে উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া রেলের ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসে যাত্রীদের স্বাগত জানানো মন ভালো করা কণ্ঠটিও কিন্তু নাবিলার। বর্তমানে চট্টগ্রাম বেতারের সাংবাদ পাঠিকা হিসেবে কর্মরত। এত কিছুর মধ্যে পড়ালেখায় ষোলআনা মনযোগী। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ নিয়ে পাস করে এখন প্রিমিয়ার বিশ্বাবদ্যালয়ের বিবিএ শেষ বর্ষে পড়ছেন।
সব শেষে ভবিষ্যতের পথে...। ‘অভিনয় আর উপস্থাপনা আমার প্রাণ। শেষ দিন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা আছে।’ বললেন নাবিলা।