অলস পড়ে আছে ফটিকছড়ির সাড়ে পাঁচ হাজার কৃষকের ব্যাংক হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ৫ হাজার ৪১১ জন কৃষকের ব্যাংক হিসাব অলস পড়ে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য ১০ টাকার বিনিময়ে এসব ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে প্রচারণা না থাকায় কৃষকেরা সঞ্চয় করতে উদ্যোগী হচ্ছেন না।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৬০ হাজার ২০০ জন নিবন্ধিত কৃষক আছেন। সরকারের পক্ষ থেকে নিবন্ধিত কৃষকদের ১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার আহ্বান জানানো হলে ৫ হাজার ৪১১ জন কৃষক ব্যাংক হিসাব খোলেন। ২০১০ সালের শুরুর দিকে ব্যাংক হিসাবগুলো খোলার পরপরই সেচ খাতে দেওয়া সরকারের কৃষি ভর্তুকির টাকা জমা পড়ে। কৃষকেরা সেই ভর্তুকির টাকা তোলার পর আর ব্যাংকমুখী হননি। অথচ ব্যাংক হিসাব খোলার উদ্দেশ্য ছিল, কৃষকদের কাছে ভর্তুকি পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের সঞ্চয়ী করে তোলা।
উপজেলার কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের আটটি শাখায় খোঁজ নিয়ে জানা যায়, দু-চারজন কৃষক প্রথমে খোঁজখবর নিতে এলেও পরে আর আসেননি। কৃষকেরা এসব ব্যাংক হিসাবে লেনদেন না করায় অলস পড়ে আছে দীর্ঘদিন ধরে। এসব ব্যাংক হিসাব নিয়ে বিপাকে পড়েছেন ব্যাংকের কর্মকর্তারা। হিসাব চালু রাখতে নিয়মিত তথ্য ও নথি হালনাগাদ করতে হয়। তবে সরকার কৃষকদের সঞ্চয়ী করার উদ্যোগ নিলেও এ নিয়ে তেমন প্রচারণা হয়নি। পাশাপাশি ব্যাংকে লেনদেন করতে আসা কৃষকদের সহযোগিতার জন্য আলাদা কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
ব্যাংক হিসাব আছে এমন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ কৃষকই ব্যাংক হিসাবে সঞ্চয় করার বিষয়টি জানেন না। দু-চারজন কৃষক ব্যাংক হিসাব চালু রাখার চেষ্টা করলেও ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা পাননি। আবার বেশ কয়েকজন কৃষক জানিয়েছেন, মুনাফা বেশি না হওয়ায় তাঁরা ব্যাংক হিসাবে টাকা জমাতে পারছেন না।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের কৃষক আবদুর রহমান বলেন, ‘ভর্তুকি পাওয়ার পর টাকা তুলে নিয়েছি। কিন্তু ব্যাংক হিসাবে যে টাকা জমানো যায়, সেটা জানেন না অনেক কৃষক। ব্যাংকের কর্মকর্তারাও এ ব্যাপারে আমাদের কিছু জানাননি। ফলে টাকা জমানো আর হয়নি।’
কয়েকজন কৃষকের দাবি, ব্যাংক হিসাবটি চালু রাখার জন্য প্রয়োজনীয় সাহায্য–সহযোগিতা পাচ্ছেন না তাঁরা। ধর্মপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, লেনদেন করার জন্য কৃষকদের সহায়তা করতে আলাদা কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংকগুলো। এ কারণে কৃষকেরা ব্যাংেক যান না।
ব্যাংক হিসাব সম্পর্কে কৃষকদের মধ্যে প্রচারণা চালানোর ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ২০১০ সালে সারা দেশে যখন হিসাবগুলো প্রথম চালু হয়, তখন সরকারিভাবে প্রচারণা চলেছিল। তবে এরপর আর প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে কোনো নির্দেশনাও আসেনি।
ব্যাংকগুলোতে কৃষকদের লেনদেনে সহায়তা করার ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে নাজিরহাট কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক সুখেন্দু চাকমা বলেন, ‘এ ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা পাইনি আমরা। তবে লেনদেন করতে এলে সব গ্রাহককেই আমরা সহযোগিতা করি।’ তিনি জানান, অলস পড়ে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য হালনাগাদ করতে ব্যাংক কর্মকর্তাদের বাড়তি শ্রম ও সময় দিতে হচ্ছে। কৃষকদের উদ্বুদ্ধ করলে তাঁরা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন বলে মন্তব্য করেন তিনি।