অলস পড়ে আছে তাঁতগুলো
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের কুটিরশিল্প কেন্দ্রের তাঁতগুলো বন্ধ পড়ে আছে তিন বছর ধরে।সরেজমিন করপোরেশনের দীঘিনালা কেন্দ্রে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তাঁতঘরের জরাজীর্ণ অবস্থা, বারান্দার চালা ভেঙে গেছে। স্যাঁতসেঁতে ঘরের ভেতর কাঠের তাঁতগুলোতে ধুলা-ময়লা জমে আছে। সুতা কাটার চরকাগুলো ছড়ানো-ছিটানো।তাঁত সহকারী সুজিতা চাকমা বলেন, ‘২০০৮ সালে তাঁতের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাঁতের শব্দ কানে না এলে ভালো লাগে না। প্রতিদিন কর্মস্থলে এসে অলস সময় কাটাই।’ তাঁতকেন্দ্রের কার্পেন্টার সহকারী মো. ওসমান গণি বলেন, ‘৩২ মাসের বকেয়া বেতন পাইনি।গত কয়েক মাস থেকে চাকরি রাজস্ব হওয়ায় নিয়মিত বেতন পাচ্ছি। কিন্তু ৩২ মাসের বেতনের কোনো সুরাহা হয়নি। কেন্দ্রের প্রকল্প বন্ধ থাকাতে প্রশিক্ষণের কোনো কাজ নেই। কার্পেন্টারির যন্ত্রগুলো বাক্সবন্দী করে রেখে দিয়েছি।’ কেন্দ্রের সেলাই মেশিনগুলো খাগড়াছড়ি সদর কার্যালয়ে নিয়ে গেছে।স্থানীয় সমাজসেবী মোহাম্মদ কাশেম বলেন, ‘নারীদের কর্মসংস্থানের জন্য তাঁতকেন্দ্রটির গুরুত্ব অনেক। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সরকারি সম্পদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি এলাকার বেকার নারী-পুরুষ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। এ কেন্দ্রটি দ্রুত চালু করা প্রয়োজন।’কেন্দ্রপ্রধান নিরালয় চাকমা জানান, এখানে আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় তাঁত, সেলাই, কার্পেন্টারি, বাঁশ ও বেতের কাজের প্রশিক্ষণ দেওয়া হতো।২০০৮ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন্দ্রের সব ঘরই জরাজীর্ণ, কক্ষগুলোতে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলে অফিসকক্ষেও বসে থাকা যায় না। দরজা-জানালা ভাঙা। দীর্ঘদিন তাঁতগুলো চালু না থাকায় ১৪টি তাঁতের সব কয়েকটি নষ্ট হয়ে যেতে পারে। তিনি এই কেন্দ্র একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল বলে দাবি করেন।