অলি চন্দনাইশে অবাঞ্ছিত: আ.লীগ
কর্নেল (অব.) অলি আহমদের কটূক্তির প্রতিবাদে ও আদালত চত্বরে সহিংস ঘটনার পর গতকাল শনিবার চন্দনাইশ আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে অলির প্রতি বিষোদ্গার করেছে। কটূক্তির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত অলি চন্দনাইশে অবাঞ্ছিত বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়। এ সময় তাঁরা অলি আহমদকে প্রতিহিংসাপরায়ণ উল্লেখ করে বলেছেন, অলি আহমদ বারবার নারী সম্পর্কে এ ধরনের মন্তব্য করে যান। এর আগেও তিনি খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আওয়ামী লীগের নেতা ও চন্দনাইশ আসন থেকে গতবার আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারী সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে করা কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাঁকে চন্দনাইশে নামতে দেওয়া হবে না।’ আফসার উদ্দিন আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অলি ও তাঁর বাহিনীর অত্যাচার মানুষ ভুলে যায়নি। অলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার বিবরণ তুলে ধরা হয়। নেতারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব মামলা দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, আফতাব মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান বলেন, অলি অতীতেও বিভিন্ন সময় খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিলেন। বিএনপি মেনে নিলেও আওয়ামী লীগ তাঁকে ছাড় দেবে না। তাঁকে ক্ষমা চাইতেই হবে। তাঁরা আদালত চত্বরে ঘটনার জন্য অলি ও এলডিপিকে দায়ী করেন। তাঁরা বলেন, এ ঘটনা ঘটিয়ে মিডিয়ায় নানা ধরনের কথা বলে অলি আবার রাজনীতিতে নিজের অবস্থান পাকা করার চেষ্টা করছেন। জনগণ এসবের জবাব দেবে।