অলিম্পিক পদকের সঙ্গে নগদ কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক পদক
অলিম্পিক পদক

অলিম্পিকে পদক পাওয়াই যথেষ্ট গৌরবের বিষয়। সোনা, রুপা বা ব্রোঞ্জ—যেটাই হোক না কেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শুধু পদক দেয়, নগদ কোনো অর্থ দেয় না। কিন্তু বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে পদক বা মেডেল বিজয়ীকে নগদ অর্থও দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ এটি অতিরিক্ত প্রণোদনা হিসেবে কাজ করে। অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বিজয়ীদের জন্য যার যার দেশ এ রকম বাড়তি প্রণোদনার ব্যবস্থা করে। যেমন আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলায় বিজয়ী দল কাপ ও গৌরব অর্জন করে। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য নিজ দেশের কমিটি বেশ বড় অঙ্কের নগদ অর্থ পুরস্কারও দেয়। আগে থেকেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অলিম্পিকে পদক প্রাপ্তির সঙ্গে নগদ প্রাপ্তি কিন্তু কম নয়। কয়েকটি দেশের হিসাব দেখুন
১. যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি তাদের দেশে কোনো খেলোয়াড়কে অলিম্পিকে সোনা লাভের জন্য ২৫ হাজার ডলার, রুপার জন্য ১৫ হাজার ডলার ও ব্রোঞ্জ পদকের জন্য ১০ হাজার ডলার নগদ পুরস্কার দেয়।
২. কাজাখস্তান অলিম্পিক কমিটি তাদের দেশের সোনাজয়ীকে নগদ আড়াই লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়! ২০১২ সালে লন্ডন অলিম্পিকে নারীদের ভারোত্তলনে মাত্র ১৯ বছর বয়সের জুলফিয়া চিনশানলো এই পুরস্কার পেয়েছিলেন। তিনি ক্লিন অ্যান্ড জার্ক প্রতিযোগিতায় ১৩১ কিলোগ্রাম ভারোত্তলন করে বিশ্ব রেকর্ড করেছিলেন।
৩. সবচেয়ে বেশি নগদ পুরস্কার দেয় সিঙ্গাপুর। স্বর্ণপদক পাওয়ার জন্য নগদ আট লাখ মার্কিন ডলার! এরপরেই রয়েছে জর্জিয়া। তাদের দেশের কোনো প্রতিযোগীর স্বর্ণপদক লাভের জন্য নগদ পুরস্কার ৭ লাখ ৬ হাজার মার্কিন ডলার!
৪. থাইল্যান্ড দেয় ৩ লাখ ১৪ হাজার মার্কিন ডলার। কিন্তু ওরা এই বোনাস পুরস্কারটি ২০ বছরে ভাগ করে দেয়। অলিম্পিকে স্বর্ণপদক পেয়ে দেশের নাম উজ্জ্বলকারী কৃতী ক্রীড়াবিদ যেন সহজে অর্থকষ্টে না পড়েন, সে জন্যই এ ব্যবস্থা।
৫. বাংলাদেশ তো এখনো অলিম্পিকে কোনো পদক পায়নি। অথচ আমাদের দেশে সফল ক্রীড়াবিদের অভাব হওয়ার কথা নয়। তাঁদের বাছাই করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলে নিশ্চয়ই আমরা অলিম্পিক পদক পাব। আগামী টোকিও অলিম্পিকে আমরা যেন স্বর্ণপদকসহ অন্তত কয়েকটি পদক লাভ করতে পারি, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর সেই সঙ্গে রাখতে হবে আকর্ষণীয় নগদ পুরস্কারের ঘোষণা।
সূত্র: টুডে আই ফাউন্ড আউট ওয়েবসাইট।