অলিম্পিক মিলনমেলা শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক শুরুর কিছুদিন আগে থেকেই বাংলাদেশের টিভি চ্যানেলগুলো অলিম্পিক নগর লন্ডনের সাজসজ্জা নিয়ে ব্যাপক বাগাড়ম্বর করে আসছিল। অলিম্পিকের শহরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যারা, তাদের কাছে কিন্তু তেমনটা মনে হয়নি। অবশ্য ড্যানি বোয়েলের অত্যাশ্চর্য উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমাদের সব অপেক্ষার সফল অবসান হয়েছে। গত ১২ আগস্ট হয়ে গেছে আসল অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। কিন্তু তাতেও অলিম্পিকের উত্তাপ যেন একটুও কমেনি। ৯ সেপ্টেম্বর প্যারালিম্পিকের সমাপনীর মাধ্যমে বিদায় নেয় অলিম্পিক। কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। ১০ সেপ্টেম্বর সেন্ট্রাল লন্ডনের ম্যানসন হাউস থেকে শুরু হয়ে পুরো সেন্ট্রাল লন্ডন জুড়ে অলিম্পিক প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল অলিম্পিক। কিন্তু প্রশ্ন হলো, অলিম্পিকের আগুন কি এত তাড়াতাড়ি নিভে যাবে? বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। চার-পাঁচ মাস ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডনের অলিম্পিক নিয়ে অনেক আলোচনাই শুনে আসছিলাম। কিন্তু আমার চোখে সবচেয়ে বেশি লেগেছে সারা লন্ডনে নতুন মানুষদের আনাগোনা। আপনারা হয়তো বলবেন আমি কীভাবে বুঝলাম ওরা নতুন! মজা করছি না, আমার কিন্তু একটা গুণ আছে। বিষয়টা মানুষ চেনা নিয়ে। শারীরিক গঠন, রং ও চেহারা-সুরতের দিক থেকে একই গোত্রের বা একই ভাষার হলেও, কথা বলার ধরন, চাহনি, ভাবভঙ্গি এবং পোশাক-আশাক দেখে আমি প্রায়ই বলে দিতে পারি কে কোন অঞ্চলের বাসিন্দা। তা ছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লন্ডন নগরে বসবাসরত লোকজনদের বিভিন্ন বিষয়-আশয় দেখে দেখেও আমি এ গুণটা রপ্ত করেছি। নতুন কোনো দেশ বা অঞ্চলের মানুষদের দেখলে বেশ উৎসুক হয়ে আমি তাদের পোশাক-আশাক, কথাবার্তা ও ভাবভঙ্গি প্রত্যক্ষ করি। যাই হোক, চার-পাঁচ মাস আগে প্রথম যখন পাতাল ট্রেনে, বাসে ও বিভিন্ন শপিং মলে অজানা মানুষদের অচেনা ভিড় দেখেছিলাম, তখনই বুঝেছিলাম, শুরু হয়ে গেছে অলিম্পিকের গরম। আর এই গরম সবচেয়ে বেশি দেখেছি লন্ডন টাওয়ার ব্রিজ, সেন্ট পল, ট্রাফালগার স্কয়ার, ব্রিটিশ মিউজিয়াম, মাদাম তুসো প্রভৃতি এলাকায়। তবে কম-বেশি ভিড় ছিল পুরো লন্ডনে। আর দুই মাস ধরে এ ভিড় যেন কেন্দ্রীভূত হয়েছে অলিম্পিক নগরের প্রাণকেন্দ্র, ইউরোপের সর্ববৃহৎ শপিং মল ওয়েস্টফিল্ড সিটিকে ঘিরে। গত বছর ১৩ সেপ্টেম্বর অলিম্পিককে উপলক্ষ করেই এই শপিং মলের উদ্বোধন করা হয়। এই আমি যে কতবার ওখানে গিয়েছি তার হিসাব নেই। কেউ যান পোশাকের দোকানে, কেউ যান নানান দেশের নানান জাতের খাবারে সমৃদ্ধ বিভিন্ন রেস্টুরেন্টে খেতে, আর কেউ যান শুধুই ঘুরে ঘুরে দেখার জন্য। বন্ধু ডোনাল্ডের রুমমেট মি. নিক প্রতিদিন ওয়েস্টফিল্ডে যান ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। নানা মন, নানা উদ্দেশ্য। মনে আছে, গত ডিসেম্বর-জানুয়ারির কথা। বন্ধু মাইক, পুনম, ড্যানিয়েল, অ্যাশলে, লিসা, ডোনাল্ড ও আমি অফিস থেকে বের হয়ে প্রায়ই চলে যেতাম ওয়েস্টফিল্ডে। আমার ঝোঁক গিয়েছিল রং-বেরংয়ের টাইয়ের দিকে। কিন্তু একসময় অতিরিক্ত হয়ে যাচ্ছে ভেবে একদম যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। অলিম্পিক সামনে রেখে আবার ওই দলের সঙ্গে যোগ দিয়েছিলাম। অলিম্পিক শুরুর এক দিন আগের ঘটনা; ওয়েস্টফিল্ড তখন ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকা থেকে আসা হাজারো ভিনদেশি মানুষের মিলনমেলা। তবে শুধু দর্শনার্থীরাই নয়, সঙ্গে যুক্ত হয়েছিল শত শত স্বেচ্ছাসেবক ও অ্যাথলেটের দল। আমি আর অ্যাশলে জার্মানির একটা দলের সঙ্গে কথা বলতে বলতে ঢুকে পড়েছিলাম অ্যাথলেটদের আবাসিক এলাকায়। ওখানে গুচ্ছ গুচ্ছ বহুতল ভবন দেখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়ার সূর্য সেন, মুজিব ও জিয়া হলের কথা মনে পড়েছিল। এ দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও আবাসিক হোটেল ছাড়া এমন ভবন চোখে পড়ে না। এই ভবনগুলোর বারান্দা কিংবা জানালায় জড়ানো আছে বিভিন্ন দেশের পতাকা। এর পাশেই অলিম্পিক স্টেডিয়াম। সময় তখন রাত সাড়ে আটটা। যদিও তখনো সূর্য ডোবেনি। আমরা জার্মানির দলটার সঙ্গে আলাপ শেষ করে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম। নানা বর্ণের মানুষ ঘুরে বেড়াচ্ছে এলাকাজুড়ে। ফুরফুরে মেজাজে ঘুরতে থাকা মানুষগুলোকে দেখে মনে হলো, সবাই যেন কোনো উৎসবে যোগ দিতে এসেছে। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের লোকজনকে ক্যামেরা নিয়ে অ্যাথলেটদের সাক্ষাৎকার নিতে দেখা গেল। আমরা টোগোর একটা দলের সঙ্গে কথা বললাম। সারসা, ইগোর ও ম্যাথিউসহ ছয়জনের ওই দলটির সঙ্গে আলাপচারিতার এক ফাঁকে ওদের জিজ্ঞেস করলাম, আপনারা কে কোন খেলায় অংশ নিচ্ছেন? ম্যাথিউ ও ইগোর একসঙ্গে জবাব দিল, ‘আমরা খেলোয়াড় না, অফিসার।’ আমি হেসে বললাম, ও আচ্ছা, আপনারা খেলোয়াড়দের কাগজপত্র নিয়ে খেলেন। সারসা হেসে জবাব দিল, ‘হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছ।’ এরই মধ্যে হঠাৎ অ্যাশলের ফোন বেজে উঠল। বুঝলাম, আমাদের যেতে হবে। ওয়েস্টফিল্ড শপিং মলের দোতলায় বন্ধুরা সবাই অপেক্ষা করছিল সস্তায় ভারতীয় মজার খাবার পানিপুরি খাওয়ার জন্য। আমরা টোগোর দলটাকে বিদায় জানিয়ে ছুটলাম পানিপুরির উদ্দেশে। খেয়েদেয়ে ওয়েস্টফিল্ড শপিং মল থেকে বেরিয়ে বাসার উদ্দেশে রওনা হলাম। যাওয়ার পথে চোখে পড়ছিল ওভারব্রিজের দুই পাশের দুই রেলিং জুড়ে থাকা অলিম্পিকের রংচঙা ছবি। দেখছিলাম উৎসবের আমেজে আসতে আর যেতে থাকা শত শত মানুষকে। একযোগে গান গাইতে গাইতে এগিয়ে চলা আমাদের দলটাকে ওই দিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একটা দল মনে হচ্ছিল। ১০ সেপ্টেম্বর অলিম্পিক প্যারেডের মাধ্যমে বিদায় নিয়েছে অলিম্পিক। কিন্তু অলিম্পিক ২০১২-এর স্মৃতি বহন করে থেকে যাবে ইউরোপের সবচেয়ে বড় শপিং মল ওয়েস্টফিল্ড সিটি। রাশেদুল ইসলামসদস্য, রয়েল সোসাইটি ফর পাবলিক হেলথ, যুক্তরাজ্য।