অলিম্পিকে ফোটে বিয়ের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ পোডিয়ামে দাঁড়িয়েই প্রেম নিবেদন করেছেন। কেউ টি-শার্টে লিখে এনেছেন ‘উইল ইউ ম্যারি মি?’ পদকের লড়াই ছাপিয়ে অলিম্পিক গেমস এভাবে হয়ে ওঠে জীবনের মঞ্চও। সদ্যই শেষ হওয়া রিও অলিম্পিকে এমন কয়েকটি জুটির কথা তুলে এনেছেন মাসুদ আলম

.
.

মোক্ষম সময়টাই বেছে নিলেন কিন কেই
মাত্রই মেয়েদের তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে রুপা জিতলেন হি ঝি। টিভির কল্যাণে দৃশ্যটা পৌঁছে যাচ্ছিল শতকোটি দর্শকের কাছে। চীনারা রীতিমতো বুঁদ হয়ে গেল পুরো দৃশ্যে। স্বদেশি কন্যার সাফল্য দেখতে কার না ভালো লাগে। একটু বেশিই ভালো লাগল চীনা ডাইভিং দলের আরেক সদস্য কিন কেইয়ের। ছেলেদের সিনক্রোনাইজড স্প্রিং বোর্ডে ব্রোঞ্জ জেতা কেই পুলেই ‘ঝড়’ তুলে ফেললেন মুহূর্তের মধ্যে।
রিওর আলো-ঝলমলে পুলে তাঁর প্রথাগত প্রেম নিবেদন দেখল সবাই। হাঁটু গেড়ে বসে ঝিকে ফুল দিয়ে ঠিক কী বলেছেন, জানা নেই। তবে অনুমান করা যায়, ‘আই লাভ ইউ’ বাক্যটা হয়তো চীনা ভাষাতেই বলেছেন। যা-ই বলুন না কেন, অপ্রস্তুত ঝি এটা শুনে কেঁদেই ফেলেন। পছন্দের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিয়ে চোখের জল লুকোতে পারেননি কেইও। পুলেই নিঃশব্দে শুরু হয়ে গেল চীনের দুই অলিম্পিক ডাইভারের জীবনে নতুন অধ্যায়। দেশে ফিরে বিয়ের সিদ্ধান্ত হলো তখনই।
তবে হরিষে বিষাদ হয়ে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে কেইয়ের সমালোচনা হয়েছে বিস্তর। বলা হয়েছে, ঝিয়ের রুপা জেতার অমন মুহূর্ত ছিনতাই করেছেন কেই। কারণ, ঝিয়ের সাফল্যটা আড়ালে ঢাকা পড়ে যায় তখন, বিয়ের প্রস্তাবই হয়ে ওঠে বড়। ‘চীনের নতুন সোনার যুগল’ হিসেবে নিজেদের তুলে ধরতেই কেই এমন করেছেন বলে কেউ কেউ তোপ দেগেছেন তাঁর বিরুদ্ধে।
তবে কে কী বলল কেইয়ের কী আসে-যায়! যাঁকে পছন্দ করে এসেছেন, মোক্ষম সময়ে মনের কথাটা তাঁকে জানাতে পারার আনন্দটা অনেক বড়। আর কেইয়ের সেই ‘মনের কথাটা’ অলিম্পিকে এসে শুনবেন ভাবেননি ঝি। ‘আমাদের মধ্যে ছয় বছর ধরে যোগাযোগ, মেলামেশা। তবে আমি আশা করিনি অলিম্পিকে এসে আমার রুপা জয়ের ক্ষণে সে বিয়ের প্রস্তাব দেবে। আশা করছি, সঠিক লোকটাকেই জীবনসঙ্গী হিসেবে পাব।’ ঝিয়ের এই প্রত্যাশা মেটানোর প্রতিশ্রুতি কেই রাখতে পারলেই হবে অলিম্পিক পুলে বিয়ের প্রস্তাব দেওয়ার সার্থকতা।

.
.

‘আয়রন লেডি’র পাশে স্বামী
কাটিনকা হসজু রিও অলিম্পিকে জিতে নিয়েছেন তিনটি সোনা ও একটি রুপা। ‘আয়রন লেডি’ নামে পরিচিত ২৭ বছর বয়সী এই সাঁতারু পুলে তুলেছেন ঝড়। সেই ঝড়ে উড়ে গেছেন অনেক নামীদামি সাঁতারু। কাটিনকা একজন হাঙ্গেরিয়ান, তাঁর সাফল্যের পেছনের মানুষটিও হাঙ্গেরির সাঁতারে চেনা মুখ।
স্বামী ছাপিয়ে যিনি তাঁর কোচও। তাঁরা বিয়ে করেন ২০১৩ সালে। রিওতে নিজের সাফল্যযাত্রার পেছনে স্বামী ও কোচ শেন তুসুপের অবদান অনেক। তাই স্বামীর প্রতি জানালেন কৃতজ্ঞতা, ‘রিওর সাফল্যটা আমি এমন একজনের সঙ্গে ভাগাভাগি করছি, যাঁকে আমি সত্যিই খুব ভালোবাসি। সময় এটা সত্যিই দারুণ কেটেছে।’
১০০ মিটার মিডলে রিলেতে বিশ্ব রেকর্ডধারী কাটিকনা চারটি অলিম্পিকে খেলেছেন। ব্যক্তিগত মিডলেতে এই বিশেষজ্ঞ সাঁতারু রিওতে ১০০ মিটার বেকস্ট্রোকে সোনা, ২০০ মিটারে রুপা জিতেছেন। ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে গলায় তুলেছেন আরও দুটি সোনা। গত লন্ডন অলিম্পিকে অল্পের জন্য ব্যর্থ হওয়ার পর প্রতিজ্ঞা করেন, রিওতে ভালো করবেনই। পেলেন তারই পুরস্কার। তাতে স্বামী কাম কোচকে যেন নতুন করে প্রেমের সুতোয় বাঁধলেন রিওতে এসে, ‘তাকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি, তোমায় ভালোবাসি অনেক।’
ছোটবেলায় দাদার কাছ থেকে শেখা সাঁতার চর্চাটা এখন ডালপালা মেলেছে স্বামীর হাত ধরে। হাঙ্গেরিতে তাঁরা সুইমিং ক্লাব গড়ে তৈরি করছেন আগামীর সাঁতারু। এই রিও অলিম্পিক যেন নতুন উদ্দীপনা জাগিয়ে দিয়েছে এই আলোচিত জুটির মনে।

.
.

ঝড়ের বেগে গ্যালারিতে ছুটলেন ক্লে
ট্রিপল জাম্পে রুপা জিতেই গ্যালারির দিকে ছুটলেন উইল ক্লে। গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা। তাঁকে গ্যালারির দিকে ছুটতে দেখে আপ্লুত কুইন হ্যারিসন নড়েচড়ে বসেছেন। তাঁর কাছে পৌঁছাতে ২০ ফুট দূরত্বটা চোখের পলকে পেরিয়ে ক্লে ততক্ষণে বাঁধনহারা। আলিঙ্গনে বাঁধলেন সঙ্গিনীকে। জীবনে একসঙ্গে চলার প্রতিশ্রুতি চাইলেন। আর ‘ইয়েস, ইয়েস’ বলে হ্যারিসনও ক্ষণটাকে স্মরণীয় করে রাখলেন। চারপাশ থেকে করতালির আওয়াজ উঠল অনেক।
হ্যারিসনও অলিম্পিয়ান। ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে সেমিফাইনালে বিদায় নেন। দুজনের জানাশোনা অনেক দিনের। এবার রিওতে এসে বিয়ের ফুল ফুটিয়ে দুজন আপ্লুত হয়ে পড়েন। ২৫ বছর বয়সী ক্লে পরে সিএনএনকে বলেছেন, ‘ওকে চমকে দেওয়ার জন্য এটিই ছিল সেরা সময়।’
চমকে গেছেন হ্যারিসনও। নিজেকে সামলে নিয়ে পরে বলেছেন, অলিম্পিকের মতো হাজার ওয়াটের আলোর নিচে এমন কিছু আগে ভাবতে পারেননি। অলিম্পিক বলে কথা!

.
.

শার্লট কথা দিলেন বিয়ে হবে শিগগিরই
ইংল্যান্ডের ড্রেসেজ রাইডার শার্লট ডুয়ারডিনের পরিচিত ‘তাঁর পৃথিবীতে’ অনেক। ঘোড়দৌড়ে বড় বড় সব শিরোপা জিতেছেন, হয়েছেন বিশ্ব রেকর্ডের মালিকও। রিও অলিম্পিকে গলায় তুলেছেন সোনার পদক, সেটিও অলিম্পিক রেকর্ড গড়ে। তাঁর চোখ টোকিও অলিম্পিকেও। জিততে চান আরও সোনা।
তবে আপাতত মাথায় শুধু বিয়ে। দেশে ফিরে বলেছেন, আগামী কিছুদিন ব্যস্ত থাকবেন বিয়ের কাজটাজ নিয়ে। পাত্র তাঁরই দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী ডিন গোল্ডিং। দক্ষিণ আফ্রিকার সাবেক দূরপাল্লার দৌড়বিদ ডিন রিও অলিম্পিকের সময় শার্লটকে প্রস্তাব দিয়ে সাড়া ফেলে দিয়েছেন চারপাশে।
লন্ডনের পর রিওতেও টানা দ্বিতীয় সোনা নিশ্চিত হওয়ার পর শার্লটকে জড়িয়ে ধরে ডিন বলেন, ‘আমরা কি এখন বিয়ে করতে পারি?’ শার্টের নিচে ডিনের এই লেখা দেখে শার্লট আপ্লুত হয়ে পড়লেন। চার বছর ধরেই তাঁরা অলিখিত জুটি, এবার লিখিত জুটি হয়ে যাচ্ছেন। অলিম্পিক তাঁদের ‘এক’ করে দিল।
তায়কোয়ান্দো থেকে জীবনের কোর্টে কারমেন

তাঁদের প্রথম দেখা হয়েছিল গ্রিসে। ২০০২ জুনিয়র বিশ্ব তায়কোয়ান্দোতে সেই দেখার পর থেকেই কাছাকাছি আসা। বিভিন্ন প্রতিযোগিতায় একসঙ্গে যাওয়ার সুবাদে ঘনিষ্ঠতা বেড়েছে। এর মধ্যেই কারমেন মার্টন ক্যাথলিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ২০১২ লন্ডন অলিম্পিকের পর সারফান খলিলের সঙ্গে তাঁর বিয়ে হয়। রিও অলিম্পিক এবার এই জুটির কাছে হয়ে এল ‘উৎসবের অলিম্পিক’ হিসেবে। পরিবারের লোকজন রিওতে এসে যে গ্যালারি মাতিয়েছেন।
৩০ বছর বয়সী কারমেন অস্ট্রেলিয়ার প্রথম বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন। গত লন্ডন অলিম্পিকে তায়কোয়ান্দোতে অস্ট্রেলিয়ার একমাত্র জুটি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন স্বামীর সঙ্গে। কারমেন সেবার অল্পের জন্য ব্রোঞ্জ হারালেন। সাফওয়ানও গত অলিম্পিকে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে হেরে গেছেন। তাঁর জন্ম ত্রিপলিতে, ছোটবেলায় লেবানন থেকে ঠিকানা হলো অস্ট্রেলিয়ায়। কারমেন মার্টনও ভাগ্যের অন্বেষণে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। তাঁর বাবা-মা পোলিশ। তবে এখন তাঁরা গর্বিত অস্ট্রেলিয়ান। রিও অলিম্পিক তাঁদের সেই গর্বটা আবার উসকে দিয়ে গেল।