
এখন সবার চোখ রিও অলিম্পিকের দিকে। এই তো গত রোববার রাতে টিভিতে সরাসরি সাঁতার প্রতিযোগিতা দেখার সময় অনেকেই চমকে উঠলেন। সাঁতারের সময়ই মাইকেল ফেল্প্সের গায়ে লালচে রঙের গোল ছোপ ছোপ দাগ দেখা গেল। কোনো আঘাত নয় তো? নাকি সুইমিংপুলের পানিতে কোনো রাসায়নিক পদার্থের জন্য অ্যালার্জি? না, এসব কিছুই না। এগুলো সাঁতারে বেশি গতি লাভের জন্য ‘কাপিং’ নামের এক বিশেষ ধরনের প্রক্রিয়ার ছাপ। দ্রুত সাঁতারের জন্য শুধু কাপিং নয়, আরও অনেক কৌশল রয়েছে। আসুন জেনে নিই সেই চমকপ্রদ পদ্ধতিগুলো।
১.কাপিং হলো শরীরের রক্ত সঞ্চালনে আরও বেশি গতি সৃষ্টি ও নিস্তেজ পেশিগুলোকে উজ্জীবিত করে তোলার একটি প্রক্রিয়া। প্রথমে বিশেষ ধরনের একটি কাপ বা জারের ভেতরের বাতাস উত্তপ্ত করে বায়ুশূন্য করে দ্রুত তা উপুড় করে ত্বকের ওপর চেপে ধরা হয়। এর ফলে সেটা চামড়ার ওপর একধরনের চুষিকাঠির মতো কাজ করে। ত্বকের নিচের রক্তনালিগুলো প্রশস্ত হয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এতে শরীর অতিরিক্ত শক্তি পায়। কিছুক্ষণ পর কাপ উঠিয়ে নিলে ত্বকে অনেক সময় লাল গোল দাগ পড়ে। এই দাগ দু-চার দিন থাকে। ফেল্প্স সাঁতারের আগে কাপিং করে নিয়েছিলেন বলে তাঁর ত্বকে সেই দাগ দেখা যায়। শরীরে অতিরিক্ত শক্তি সঞ্চারের জন্য কাপিং অনেক প্রাচীন একটি পদ্ধতি। আজকাল কাপের ভেতরের বাতাস বের করার জন্য ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয়। কাপিং প্রক্রিয়া মনোবলও বাড়িয়ে দেয়। ফলে সাঁতারে জয়লাভের সম্ভাবনা বাড়ে।
২. আরেকটি পুরোনো কৌশল হলো গায়ের পশম চেঁছে ফেলা (শেভিং)। এতে সাঁতারের সময় পানির বাধা কমে. গতি বাড়ে। সাধারণত প্রতিযোগিতার ঠিক আগের দিন শেভ করা হয়। শেভিংয়ের আরেকটি সুবিধা আছে। পানি সরাসরি ত্বকের সংস্পর্শে এলে শরীরে নব উদ্দীপনা সৃষ্টি হয়। দেহে সৃষ্টি হয় শক্তির নতুন তরঙ্গ।
৩. মাছেরাও পানিতে দ্রুত ছুটে চলার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করে। সামুদ্রিক মাছ সোর্ড ফিশের (তলোয়ার মাছ) মাথায় বিশেষ ধরনের তেল তৈরির একটি অঙ্গ রয়েছে। গত ৬ জুলাই ২০১৬, জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজিতে এ বিষয়ে লেখা হয়েছে। বিজ্ঞানীরা দেখেছেন মাছের ওই অঙ্গ থেকে নির্গত তেল তার শরীরকে মসৃণ ও পিচ্ছিল করে তোলে। ফলে তার চলার পথে পানির বাধা কমে যায়। গতি বাড়ে।
সূত্র: ইউএসএ টুডে, ৯ আগস্ট ২০১৬, হাউ স্টাফ ওয়ার্কস ও সায়েন্স নিউজ, আগস্ট ২০১৬