অলিম্পিকের অদম্য নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক গেমসে মেয়েদের খেলা যোগ হয় দ্বিতীয় আসরেই। ১৯০০ অ্যাথেন্সের সেই আসরে পাঁচটি খেলার মধ্যে টেনিস ও গলফ ছিল মেয়েদের। আর মেয়ে প্রতিযোগী ছিলেন ৯৯৭ জনের মধ্যে মাত্র ২২ জন। সংখ্যাটা বাড়তে বাড়তে ২০১২ লন্ডন অলিম্পিকে মোট প্রতিযোগীর ৪৪ ভাগ হয়ে যায়। এই নারী খেলোয়াড়ের মধ্যে সংগ্রামী গল্প আছে অনেকেরই। এবারের রিও অলিম্পিকে নজরকাড়া তেমনই কয়েকজনের কথা জানাচ্ছেন মাসুদ আলম
.
.

অবশ দুই পা নিয়েই জাহারা নেমাতির অনবদ্য যাত্রা
২০০৩ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত জাহারা নেমাতি হারিয়ে ফেললেন স্বাভাবিক চলাচলের ক্ষমতা। কিন্তু অবশ হয়ে যাওয়া পা দুটি নিয়ে ঘরের চার দেয়ালে আটকে থাকেননি এই ইরানি খেলোয়াড়। দুর্ঘটনার আগে তায়কোয়ান্দো করতেন, ছিলেন ব্ল্যাক বেল্টধারী। পরে হুইলচেয়ারে বসে হাতে তুলে নেন তির-ধনুক। যোগ্যতা মান অর্জন করেন ২০১৬ রিও অলিম্পিক আর প্যারা অলিম্পিকের আর্চারিতে।

সেই ভ্রমণে রিও অলিম্পিকে ইরানের আর্চার দলের অন্যতম সদস্য হয়ে তির ছুড়লেন নিশানায়। মেয়েদের রিকার্ভ বো ইভেন্টে র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনে হয়েছেন ৪৯তম। আমাদের শ্যামলী রায় ৫৩তম। শ্যামলীর চেয়ে ৯ স্কোর বেশি করেছেন জাহারা (৬০৯)। ৬৪ থেকে সেরা ৩২-এ যাওয়ার লড়াইয়ে শ্যামলী ৬-০ ব্যবধানে হেরেছেন মেক্সিকোর গ্যাব্রিয়েলার কাছে, জাহারা রাশিয়ার আনা স্টেফেনানোর সঙ্গে কিছুটা হলেও লড়াই করে বিদায় নিয়েছেন (৬-২)।

এখন সার্বক্ষণিক হুইলচেয়ারের বাসিন্দা জাহারার জীবনের গল্পটা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। ২০১২ প্যারা অলিম্পিকের আর্চারিতে গলায় তুলেছেন দুটি পদক, যার একটি ব্যক্তিগত সোনা। অন্যটি দলীয় ব্রোঞ্জ। রিওতে পদক হয়তো জেতেননি। তবে শারীরিক সক্ষম ক্রীড়াবিদদের সঙ্গে অলিম্পিকের মঞ্চে লড়াই করে ৩১ বছরের জাহারা চোখ খুলে দিলেন। দুই পা অচল হলেও মনের শক্তি অটুট। তারই পুরস্কার হিসেবে রিও অলিম্পিকে ইরানের পতাকা ছিল তাঁরই হাতে! ইরানের ইতিহাসে অলিম্পিকে আগে কখনো উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করার সৌভাগ্য হয়নি কোনো নারীর। এখানেই জাহরা ব্যতিক্রম। অনন্য, অসাধারণ।

.
.
.
.

মন জিতলেন পাশের বাড়ির দীপা
আমাদের পাশের বাড়ির মেয়ে বলা যায় তাঁকে। আর সেই ২৩ বছরের মেয়েটির দিকে রোববার সন্ধ্যা পর্যন্ত তাকিয়ে ছিল ১২৫ কোটি জনতা। রিও অলিম্পিকে একের পর দুঃসংবাদের মধ্যে ভারতীয় দলকে প্রথম পদক এনে দেওয়ার কাছাকাছি চলে যান দীপা কর্মকার। জিমন্যাস্টিকসের প্রদুনোভা ভল্ট ইভেন্টে ফাইনালে উঠে আশার তরী ভাসান।
কিন্তু শেষ পর্যন্ত ত্রিপুরার আগরতলার অভয়নগরের মেয়ের গলায় ওঠেনি কোনো পদক। চতুর্থ হয়ে আশাভঙ্গের বেদনায় পুড়েছেন। তবে পদক না জিতলেও মন জিতেছেন সবার। দরিদ্র পরিবার থেকে উঠে আসার সংগ্রামে একা লড়তে হয়েছে। নিরন্তর বঞ্চনা সয়েছেন, কণ্টকাকীর্ণ রাস্তা পেরিয়েছেন সন্তর্পণে। সামাজিক বাধা দূরে ঠেলে নিজেকে নিয়ে গেছেন অলিম্পিকের মতো বিশাল মঞ্চে।
তাঁর আগে ভারতের ১১ জন জিমন্যাস্ট খেলেছেন অলিম্পিকে, কিন্তু ফাইনাল রাউন্ডে উঠেছেন শুধুই দীপা। ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে যিনি প্রাদপ্রদ্বীপের আলোয় আসেন। ৪ ফুট ১১ ইঞ্চি উচ্চতার মেয়েটির হয়তো অলিম্পিক পদক জেতা হয়নি, কিন্তু বিশ্বমঞ্চে আগমনী বার্তা ঘোষণা করলেন ঠিকই।

.
.
.
.

শরণার্থী থেকে রিওর পুলে মৃতুঞ্জয়ী ইউসরা মারদিনি
সিরিয়ার গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেল তাঁর বাড়ি। দিশেহারা হয়ে উঠলেন, খুঁজতে থাকেন জীবনের নতুন কোনো পথ। বোন সারাহকে নিয়ে গত বছরের আগস্টে সিদ্ধান্ত নিলেন দেশ ছাড়বেন। প্রথমে লেবানন গেলেন ইউসরা মারদিনি। তারপর তুরস্ক। কিন্তু উদ্বাস্তু জীবনে ঠিকানা গড়া হলো না কোথাও। একদিন গ্রিসের উদ্দেশে পাড়ি জমান নীল সমুদ্রে। ১৮ জন শরণার্থীর এক নৌকায় উঠে পড়লেন বোনসহ। সাঁতার কাটতে জানতেন শুধু মারদিনি, তাঁর বোন এবং আরও এক নারী। সাগরে ঝড় উঠল, একপর্যায়ে নৌকা ডুবে যাচ্ছিল। জীবনমরণের মাঝখানে দাঁড়িয়ে মারদিনি শুরু করলেন লড়াই। সবার জীবন বাঁচাতে ঝাঁপালেন সাগরে। তিনিসহ সাঁতার জানা তিনজন ঝড়ে টালমাটাল সেই নৌকাটাকে নিয়ে যান তীরে। যাত্রীরা বেঁচে ফিরলেন। মারদিনি পেছনে তাকিয়ে তৃপ্তি খোঁজেন, ‘এটা লজ্জার হতো যদি আমি পানির নিচে তলিয়ে যেতাম। কারণ, আমি একজন সাঁতারু।’
তাঁর এগিয়ে চলার পথে পরের গল্পটা আরও রোমাঞ্চকর। গত বছরের সেপ্টেম্বরে ঘাঁটি গাড়লেন জার্মানির বার্লিনে। পরিবারও এসে গেল সেখানে। এবার অন্য লড়াই। ১৮ বছরের মারদিনি সাঁতারু হওয়ায় বুকের মধ্যে লালন করতে থাকলেন অলিম্পিকে খেলার স্বপ্ন। সাঁতারে অনুশীলন চলতে থাকল তাঁর। অলিম্পিকের দরজাও খুলল, এই প্রথম অলিম্পিকে খেলা শরণার্থী দলে জায়গা পেলেন। ১০০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে নামেন রিওর পুলে। ১০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে প্রথম হয়েছেন (১; ০৯.২১ সেকেন্ড)। ৪৫ জনে ৪১তম।
পারফরম্যান্স এখানে বড় নয়। মারদিনি করতালি দাবি করছেন তাঁর অদম্য ইচ্ছার জন্য। যুদ্ধের ভয়াল দুঃস্মৃতি যাঁকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়, এমন মৃত্যুঞ্জয়ী একজন অলিম্পিকে মঞ্চে নিজেকে আবিষ্কার করলেন, এই তো বড় বিস্ময়।

.
.

বর্ণবাদী গাল উপেক্ষা করে বিজয় মঞ্চে রাফায়েলা
‘তুই একটা বানর! তুই দূর হয়ে যা!’ এমন গালি জীবনে কখনোই ভুলবেন না রাফায়েলা সিলভা। তাঁর দোষ কী? গত লন্ডন অলিম্পিকে প্রতিপক্ষকে নক আউট করতে গিয়ে সীমানার বাইরে আঁচড়ে ফেলেন। নিজেও ডিসকোয়ালিফাইড। জুডোকা হিসেবে এমনটা হতেই পারে। কিন্তু রাফায়েলা যেন মহা অন্যায় করলেন। তাঁকে বিদ্রূপ করা হলো সর্বত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটল তিরস্কারের বাণ। ‘আমাকে বানর ডাকা হয়েছিল, বলা হয়েছিল আমার জায়গা নাকি খাঁচায়’ রাফায়েলা তাঁর ওই অপমানকে শক্তিতে পরিণত করেছেন। এবার ঘরের অলিম্পিকে নিজেকে তুলে নিয়েছেন সর্বোচ্চ উচ্চতায়। জিতে নিয়েছেন মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণির সোনা। অথচ অবজ্ঞার কাঁটায় বিদ্ধ হয়ে একসময় জুডো খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন!
রিও ডি জেনিরোর ভয়ানক অপরাধপ্রবণ এলাকা ফাভেলা থেকে তাঁর উঠে আসা। অলিম্পিক উপলক্ষে শহরটা এখন অপরূপ সাজে সেজেছে। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো ওই ফাভেলার কুখ্যাতিও কম নয়। সিটি অব গড চলচ্চিত্রে উঠে এসেছে ওই এলাকায় দিনের আলোয় অস্ত্র আর মাদকের বিকিকিনি আসল ছবিটা। এমন ‘বিষাক্ত’ পরিবেশেও রাফায়েলা দমে যাননি। সাফল্যের বীজ গড়ে রিও অলিম্পিকে ব্রাজিলকে এনে দিয়েছেন প্রথম সোনাটি। টিভি পর্দায় তাঁর কান্না দেখেছে গোটা বিশ্ব। নিজেকে সামলে নিয়ে রাফায়েলা তৃপ্তমনে বলেন, ‘আমাকে দেখে আগামী প্রজন্ম কিছু শিখলে সেটিই হবে আমার সার্থকতা।’
বাড়িয়ে বলেননি। ঘরে-বাইরে এই খেলোয়াড়দের বাধা পেরিয়ে এগিয়ে চলার গল্প উদ্বুদ্ধ করবে কোটি কোটি নারীকে।