অলিম্পিকের তারকারা যেভাবে গড়েন নিজেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
চার বছর পর আবারও উৎসবে মেতেছে পুরো ক্রীড়াঙ্গন। ব্রাজিলের রিওতে শুরু হয়েছে অলিম্পিকের ৩১তম আসর। সে উপলক্ষেই বিভিন্ন খেলার সেরা সব তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন সবাই। ফেল্প্স, বোল্ট, নেইমার—তাঁদের যেকোনো এক তারকাকে সামনে পেলেই তো চোখ কপালে উঠে যায় ভক্তদের। শুধু দৃঢ় চিত্ত, প্রতিজ্ঞা ও কঠোর অনুশীলন দিয়েই নিজেদের আলাদা করেছেন খেলাধুলার এই মহাতারকারা। বিশ্বখ্যাত ক্রীড়াবিদেরা কীভাবে অনুশীলন করেন, নিজেকে কীভাবে প্রস্তুত করেন, তা জানা যাক একঝলক।

মাইকেল ফেল্প্স

জলদানব! ব্যস, এতটুকু বললেই হলো, সবাই বুঝে যান মাইকেল ফেল্প্সের কথা বলা হচ্ছে। যা কেউ কখনো ভাবতে পারেনি, সেটিই করেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। তিনটি অলিম্পিকে রেকর্ড ১৮টি সোনাসহ পেয়েছেন ২২টি পদক। এই অলিম্পিকেও এরই মধ্যে (৮ আগস্ট পর্যন্ত) একটি সোনা পেয়ে গেছেন। ভুলেও ভাববেন না এমন সাফল্য এমনিতেই ধরা দিয়েছে তাঁর কাছে। তাঁর অনুশীলনের সূচিটাই শুনুন। সপ্তাহের ছয় দিন ছয় ঘণ্টা করে সাঁতরান তিনি। সব মিলিয়ে সপ্তাহে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব! জন্মদিন হোক কিংবা বড় দিনের ছুটি, রুটিনে কখনো হেরফের হয় না ফেল্প্সের। এ ছাড়া সপ্তাহের তিন দিন দুই ঘণ্টা করে বাড়তি শারীরিক কসরত তো আছেই। পুলে নিজের সেরাটা দেওয়ার জন্য এভাবেই নিজেকে নিংড়ে দেন ফেল্প্স, সেটির ফলও তো পাচ্ছেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকের পর মাত্র ২৭ বছর বয়সেই ফেল্প্স হয়ে গেছেন সর্বকালের সেরা এক অলিম্পিয়ান।

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

কেটি লেডেকি
লন্ডন অলিম্পিকেই চমকে দিয়েছিলেন কেটি লেডেকি। ১৫ বছর ৪ মাস বয়সে অলিম্পিকে এসেছিলেন। সেটি ‘শিক্ষাসফর’ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে ৮০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সোনা জিতে নিয়েছিলেন এই বালিকা। একটুর জন্য বিশ্ব রেকর্ডটি হাতছাড়া হয়েছিল তাঁর। এবারও দুর্দান্তভাবে শুরু করেছেন অলিম্পিক-যাত্রা। ১০০ মিটার রিলেতে রুপা জিতেছেন। ৪০০ মিটারে বাছাইয়ে একবার অলিম্পিক রেকর্ড ভেঙেছেন, ফাইনালে বিশ্ব রেকর্ড গড়েই জিতেছেন সোনা। এ সবই হয়েছে নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফল হিসেবে। ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে অনুশীলন করেন কেটি। ভোর চারটায় ঘুম ভাঙে তাঁর। সকাল পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে সকালের অনুশীলন চলে। এর মধ্যেই প্রায় ছয় কিলোমিটার দূরত্ব পার করেন তিনি। এরপর শারীরিক ব্যায়াম সেরে দুপুরে আবার তিন ঘণ্টাব্যাপী সাঁতার অনুশীলন, এবার অন্তত সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। রাত নয়টা বাজলে লক্ষ্মীমেয়ের মতো ঘুমিয়ে পড়েন ১৯ বছর বয়সী কেটি!
মো ফারাহ
মো ফারাহর দুর্ভাগ্যই বলতে হবে, উসাইন বোল্টের সময়ে জন্মেছেন তিনি। কারণ, স্বল্পদৈর্ঘ্যের দৌড়ে উসাইন বোল্টের কীর্তিগুলো মাঝারি পাল্লার দৌড়ে করে দেখাচ্ছেন এই ব্রিটিশ দৌড়বিদ। লন্ডন অলিম্পিকে ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটারের ডাবল জিতেছেন তিনি। এরপর দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এই দুই ইভেন্টের ডাবল বগলদাবা করেছেন তিনি। এ সাফল্য এমনিতে ধরা দেয়নি। প্রতিদিন সকালে উঠেই ১৫ থেকে ১৯ কিলোমিটার দৌড়ান এই তারকা। দুপুরে এক ঘণ্টা ব্যায়াম করে বিকেলে আবারও ছয় কিলোমিটার দৌড়। এভাবে প্রতি সপ্তাহে ১৩৫ কিলোমিটার বা তারও বেশি অনুশীলন করেন সোমালিয়ান বংশোদ্ভূত ফারাহ।
সিমোনে বাইলস
রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্র অলিম্পিক দলকে কার্যত নেতৃত্ব দিচ্ছেন ১৯ বছর বয়সী সিমোনে বাইলস। অথচ এবারই প্রথম অলিম্পিকে খেলতে এসেছেন তিনি। গত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসামান্য সাফল্যই তাঁকে রিওতে ফেবারিট বানিয়ে দিয়েছে। অথচ একটু দেরিতেই জিমন্যাস্টিকসে এসেছেন বাইলস। ১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু করলেও সে ঘাটতি পুষিয়ে নিতেই সপ্তাহে ২০ ঘণ্টা অনুশীলন শুরু করেন তিনি। এক বছর পরই সেই সময়টা বেড়ে দাঁড়াল ৩২ ঘণ্টায়! চার বছর ধরে চালিয়ে যাওয়া সে পরিশ্রমের ফল পেতেও শুরু করেছেন এই জিমন্যাস্ট। রিওতে তাঁর নেতৃত্বেই অল-অ্যারাউন্ডের ফাইনালে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

উসাইন বোল্ট
ট্রেবল জয়ের হ্যাটট্রিকের আশায় রিওতে এসেছেন উসাইন বোল্ট। অবশ্য আগের দুই অলিম্পিকে যা করেছেন, তাতেই তো অমরত্ব পেয়ে গেছেন তিনি! ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মি., ২০০ মি. ও ১০০ মি. রিলেতে দুটি অলিম্পিকে সোনা জিতেছেন তিনি। তুলনামূলকভাবে লম্বা বলে অনেকেই বোল্টের কৃতিত্বকে ঐশ্বরিক উপহার ভেবে গুলিয়ে ফেলেন। কিন্তু ট্র্যাকের রাজা শুধু দৈহিক গড়ন দিয়েই নিজেকে সবার নাগালের বাইরে নিয়ে যাননি। প্রতিদিন ঘুম থেকে উঠেই দেড় ঘণ্টা ব্যায়াম করেন বোল্ট। ১৬টি ধাপের সেই গা-গরম পর্ব শেষে প্রাতরাশ সেরে আবারও অনুশীলন। দুপুরে একটি বিরতি দিয়ে বিকেলেও চলে সে অনুশীলন।
গ্রন্থনা: ফেরদৌস রহমান