অলিম্পিকের সঙ্গী ইমরান
সুপার ভলান্টিয়ার—লন্ডন অলিম্পিকের অন্যতম আলোকিত, আলোচিত স্বেচ্ছাসেবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ ইমরান হোসেন (২৪)। লন্ডন ইম্পেরিয়াল কলেজে চিকিৎসাবিজ্ঞানে পিএইচডি গবেষণারত ইমরান লন্ডন অলিম্পিকের নানা আয়োজনে সবচেয়ে বেশি সম্পৃক্ত থেকে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লন্ডন অলিম্পিক ও প্যারালিম্পিকে হাজার ঘণ্টার বেশি সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি।কেন অলিম্পিক নিয়ে এত পাগলপারা এই তরুণ? সম্প্রতি এ প্রতিবেদককে ইমরান শুনিয়েছেন অলিম্পিকের সঙ্গে তাঁর সখ্যের গল্প।‘পূর্ব লন্ডনে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি রয়েছে আমার আকর্ষণ। এর বাইরে স্কুলের নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। একদিন জানলাম, ২০১২ সালের অলিম্পিক আয়োজক হিসেবে লন্ডন চূড়ান্ত লড়াইয়ের দিকে এগোচ্ছে। সেই থেকে আমার সংকল্প ছিল, যদি সুযোগ আসে, অলিম্পিক ক্রীড়া আসরে কোনো না কোনোভাবে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা রাখব।শুরু হলো দিন গোনা। লন্ডন অলিম্পিক ২০১২ উপলক্ষে শহরকে সাজিয়ে তোলার পালা। ইমরান জানালেন, হ্যাকনি ভিক্টোরিয়া পার্কে পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে অলিম্পিকের উদ্বোধনী ও প্যারালিম্পিকের উদ্বোধনীতে যুক্ত ছিলাম আমি। কাজ করেছি গেইম মেকার হিসেবে। মশাল র্যা লিসহ অলিম্পিকের কয়েকটা প্রকল্পের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাহরাইন প্যারালিম্পিক টিমের সহযোগী হিসেবে কাজ করেছি। টিম লন্ডন অ্যাম্বাসেডরস প্রকল্পের একজন সমন্বয়ক হিসেবে অলিম্পিকে আসা নানা দেশের ক্রীড়াবিদদের লন্ডনে স্বাগত জানানোর দায়িত্বও ছিল।যুক্তরাজ্যে শিক্ষার্থীদের অন্যতম বড় সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের অলিম্পিক চ্যাম্পিয়ন ও অলিম্পিক লোকাল লিডার হিসেবে ইমরান ছোট-বড় অনেকগুলো আয়োজনে নেতৃত্ব দিয়েছেন।ক্রীড়া আসর শেষ হলেও অলিম্পিককে ছাড়েননি ইমরান। অলিম্পিকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন এমন কজন বন্ধু মিলে শুরু করেছেন ‘লন্ডন ২০১২ ফেলোশিপ’ নামের দাতব্য সংস্থা। যাঁদের লক্ষ্য সব সময় ভালো কাজের স্বেচ্ছাসেবী হওয়া।লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগাতে ২০১৪ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে যাচ্ছেন ইমরান। স্বেচ্ছাসেবী হিসেবে ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকেও তাঁর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ব্রাজিল অলিম্পিক অ্যাসোসিয়েশন এরই মধ্যে তার আগ্রহ প্রসঙ্গে বলেছে, ইমরানের মতো অলিম্পিক তথা ক্রীড়া-অন্তঃপ্রাণ তরুণ হাজারো ব্রাজিলিয়ান তরুণকে প্রেরণা জোগাবে।ইমরানের পূর্ব প্রজন্মের ভিটা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রামে। আবু লেইস ও জাহানারা খানমের আট সন্তানের মধ্যে সপ্তম ইমরান। তাঁকে প্রশ্ন করি, দেশে যাওয়া হয়নি কত দিন? যেতে কি ইচ্ছে করে না? ইমরান একটু সময় নিয়ে বললেন, ‘বেশ ক বছর যাওয়া হয়নি। আমার শিকড় বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে কোনো বিষয়েই হাল ছাড়ার পাত্র নই। মনে-প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবেই।’