অলির উক্তিতে মাঠ গরম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের একটি বক্তব্যের জের ধরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অলিকে প্রতিহত করতে মাঠে নেমেছেন। অপরদিকে, বৈরিতা ভুলে অলির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। উল্লেখ্য, আওয়ামী লীগের এক নারী সাংসদকে উদ্দেশ করে অলি এই কটূক্তি করেন বলে আওয়ামী লীগের অভিযোগ। চন্দনাইশে এক সমাবেশে দেওয়া সাংসদ অলি আহমদের এই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা। গত বৃহস্পতিবার এই মামলায় জামিন নিতে গেলে আদালত চত্বরে উত্তেজিত আওয়ামী লীগের কর্মীরা অলির ওপর হামলা করেন। দুই পক্ষের মধ্যে এ নিয়ে তখন সংঘর্ষও হয়। এরপর চলতে থাকে পাল্টাপাল্টি বিবৃতিদান, সংবাদ সম্মেলন। সর্বশেষ চন্দনাইশে এলডিপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অলি আহমদকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছেন। অন্যদিকে, নির্বাচনের পর থেকে রাজনীতিতে অনেকটা নীরব থাকা এলডিপিও দক্ষিণ চট্টগ্রামে নিজেদের অবস্থান সুসংহত করতে মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাও সাংসদ অলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।প্রসঙ্গত, ১৮ নভেম্বর চন্দনাইশের একটি জনসভায় অলি আহমদ বক্তব্য দেন। তাঁর উদ্ধৃতি দিয়ে পরদিন ১৯ নভেম্বর দৈনিক পূর্বকোণ-এর শেষ পৃষ্ঠায় জনসভার প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনের একটি অংশে উল্লেখ করা হয়, ‘...তিনি (কর্নেল অলি) বলেন, চন্দনাইশের একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান করা যাবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের চন্দনাইশে এনে দিলে যুবসমাজের কল্যাণ হবে।...’ অলি আহমদের এই বক্তব্যের প্রতিবাদে চন্দনাইশের যুবক ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সদস্য আফতাব মাহমুদ মহানগর হাকিম আদালতে মামলা করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার জামিন নিতে গিয়ে অলি আহমদ হামলার শিকার হন। পরদিন শুক্রবার চন্দনাইশে যুবলীগ ও এলডিপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এদিকে, গত বৃহস্পতিবার হামলার শিকার হওয়ার পর অলি আহমদের লালদীঘি ময়দানসংলগ্ন বাসভবনে স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মী ছুটে যান। তাঁরা অলি আহমদকে সান্ত্বনা দিয়ে তাঁর পাশে আছেন বলে জানান। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংসদ অলির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা তো রীতিমতো রাষ্ট্রীয় সন্ত্রাস। পুলিশের সহযোগিতা নিয়ে একজন প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে এটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। আসলে আওয়ামী লীগের রাজনীতি দুর্বৃত্তদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দুর্বৃত্তায়নের মাধ্যমে ওরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বাংলাদেশের মানুষ এ ধরনের রাজনীতি কখনো গ্রহণ করবে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’এদিকে, অলির ওপর হামলার ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিএনপির নাসিমন ভবনের কার্যালয়ে সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি নেতারা অলির ওপর হামলা ও তাঁকে মামলায় জড়ানোর তীব্র নিন্দা করে বক্তব্য দেন।