অলির জনপ্রিয়তায় এলডিপি প্রার্থীর জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ পৌর নির্বাচনে এলডিপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ আইয়ুব (আনারস প্রতীক) সাত হাজার ২১৩ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আনোয়ার। তিনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৩৯ ভোট।গত পাঁচ বছর মেয়র থাকাকালে এলাকার উন্নয়নে অবদান রাখায় এবং নিজের বিনয়ী ব্যবহারই মোহাম্মদ আইয়ুবের পুনরায় মেয়র নির্বাচিত হওয়ার প্রধান কারণ বলে এলাকার সাধারণ ভোটাররা মনে করেন। তা ছাড়া কর্নেল (অব.) অলি আহমদের নিজবাড়ি পৌর এলাকায় এবং তাঁর ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। মেয়র পদে তাঁর আপন ভাতিজাকেই প্রার্থী পছন্দ করেছেন বলে অনেকেই মনে করছেন। এলডিপি চন্দনাইশ থানা শাখার সাধারণ সম্পাদক আখতারুল আলম প্রথম আলোকে জানান, কর্নেল অলির সঙ্গে কারও তুলনা হয় না। তিনি একজন বড় মাপের নেতা। তিনি যোগাযোগমন্ত্রী থাকাকালে এলাকা তথা চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। যা এলাকার লোকজন কর্নেল অলির অবদানের কথা আজও স্মরণ করেন। এ ছাড়া গত পৌর মেয়র নির্বাচনে তাঁরই ভাতিজা মোহাম্মদ আইয়ুব বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। পৌর মেয়র থাকাকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন পৌরবাসীর সুখে দুঃখে সবসময় কাছে থাকার কারণে এবার ভোটাররা বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। নির্বাচিত মেয়র আলহাজ মোহাম্মদ আইয়ুব প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, ‘আমি সবসময় জনগণের কাছে থেকেছি। তাঁদের সুখে-দুঃখে পাশে ছিলাম। তাই তাঁরা আবার আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি ভবিষ্যতেও তাঁদের আস্থার প্রতি সম্মান দেখানোর চেষ্টা করব।’