অল্প জমিতে চা চাষ করে বেশি মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৫০০-৭০০ একর জমি না হলে চা-বাগান করা যাবে না—এ ধারণা ঠিক নয়। অল্প জমিতেও ইচ্ছা করলে যে কেউ চা-বাগান করে বেশি মুনাফা পেতে পারেন। আর বাগান করার জন্য কেউ আগ্রহী হলে তাঁকে বাংলাদেশ চা বোর্ড থেকে সহযোগিতা করা হবে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন এসব কথা বলেছেন। তিনি সমপ্রতি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা চা-বাগান পরিদর্শনে আসেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপ কালে মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘একসময় সবার ধারণা ছিল শত শত একর জমি না থাকলে চা-বাগান করা যায় না। আর বড় বাগানের মালিক মুনাফাও বেশি পাবেন। বর্তমান প্রেক্ষাপটে চা-বাগান করার পরিধি এবং ধারণা বদলে গেছে। এখন বড় আয়তনের জমিতে চা-বাগান না করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়। কারণ বর্তমানে বিশাল আকারের জমিতে গড়ে ওঠা বাগানে শ্রমিক পাওয়া যায় না। বড় জমিতে পানিসেচ দেওয়াও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ছোট জমিতে চা-বাগান করার আরেকটি সুবিধা হলো, যখন তখন পুরো বাগান পরিদর্শন করা যায়, পরিবারের যে কেউ বাগানের পরিচর্যা করতে পারেন। সাধারণত বাড়তি শ্রমিকও নিয়োগ করতে হয় না।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি এক একর বা তার চেয়ে কম জমির মালিক হন তিনিও অনায়াসে চা-বাগান করতে পারবেন। ছোট পরিসরে চা-বাগান করতে আগ্রহীদের চা বোর্ডের পক্ষ থেকে আর্থিক ঋণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এ ছাড়া প্রয়োজনীয় চায়ের চারা, সার, বাগান করার প্রশিক্ষণ ও পরামর্শসহ সম্ভাব্য সব রকম সহায়তা চা বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান চা বোর্ড চেয়ারম্যান।এ প্রসঙ্গে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছোট ছোট জমিতে যে চা-বাগান করা যায় এর খুব বেশি প্রচার নেই। প্রচারণা থাকলে পার্বত্য চট্টগ্রামে বিপুলসংখ্যক ছোট ছোট পাহাড়ি জমির মালিক অনেক আগে থেকেই চা-বাগান করতে উদ্বুদ্ধ হতেন।’ ওয়াগ্গা চা-বাগানের পরিচালক আমিনুর রশীদ কাদেরী বলেন, ‘আমরা প্রায় চার দশক আগে থেকে এখানে বাগান শুরু করেছি। তখন চা-বাগান করার জন্য বিশাল আকারের জমিকেই বেছে নেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বড় জমির চেয়ে ছোট জমিতে চা-বাগান করলে বেশি সুবিধা পাওয়া যাবে।’ ছোট জমিতে চা-বাগান করতে আগ্রহীদের তিনি প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশ্বাস দেন।ওয়াগ্গা চা-বাগান পরিদর্শনের সময় অন্যদের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের সচিব মো. জাফর আলম, সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ আবুল কাশেম, ৪ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) অধিনায়ক মেজর মোল্লা মুস্তাক রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।