অল্প দিনেই গোছানোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনেই বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ (ডোর টু ডোর) শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রাথমিকভাবে ৭টি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

তবে নতুন এ ব্যবস্থাপনা এখনো গুছিয়ে উঠতে পারেনি করপোরেশন। সাত ওয়ার্ডের কয়েকটি এলাকার সরেজমিন ঘুরে এই চিত্র পাওয়া যায়। করপোরেশনের কর্মকর্তাদের আশা, অল্প দিনের মধ্যেই তাঁরা গুছিয়ে উঠবেন।

কার্যক্রম চলা সাত ওয়ার্ড হচ্ছে পশ্চিম ষোলশহর, শুলকবহর, বাগমনিরাম, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলি, আলকরণ ও গোসাইলডাঙা। বাকি ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু হবে। এসব ওয়ার্ডে বিন (ময়লা রাখার পাত্র) বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

করপোরেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিটি করপোরেশনের কর্মীরা সরাসরি বর্জ্য সংগ্রহ করবেন। এ সময়ের বাইরে যত্রতত্র ময়লা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখা যায়, বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়, ব্যাটারি গলি, এনায়েত বাজারের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামের সামনে, আলকরণের রিয়াজুদ্দিন বাজার, শুলকবহরের প্রবর্তক মোড় ও নাসিরাবাদ হাউজিং সোসাইটির মুখে আবর্জনা পড়ে আছে। স্থানীয় লোকজনও আগের নিয়মে ডাস্টবিনে আবর্জনা ফেলছেন। অথচ সকাল-সন্ধ্যা মাইকিং করে নগরবাসীকে নতুন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে।

এদিকে এনায়েত বাজারের নন্দনকানন ও শুলকবহরের আল-ফালাহ গলি এলাকায় এখনো বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। নন্দনকাননের পুলিশ ফাঁড়ি–সংলগ্ন এলাকার বাসিন্দা এক গৃহবধূ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগ নেওয়ায় আগের লোকদের বিদায় করে দিয়েছি। কিন্তু তিন দিনেও সিটি করপোরেশনের লোকজন আসেনি।’ একই কথা জানান আল-ফালাহ গলি হাউজিং সোসাইটির সহসম্পাদক আইয়ুব পাশাও।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘প্রথম বলে শুরুতে একটু সমস্যা হচ্ছে। আশা রাখছি অল্প দিনের মধ্যেই গুছিয়ে উঠতে পারব।’

তিনি আরও জানান, সাতটি ওয়ার্ডের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিসে ১ লাখ ৭৪ হাজার ৫০০টি বিন বিতরণ করা হয়েছে। সরাসরি বর্জ্য সংগ্রহের জন্য অতিরিক্ত ১৭৩ জন শ্রমিক নিয়োজিত আছেন। এ ছাড়া ভ্যানগাড়ি রয়েছে ১৭টি। এসব গাড়িতে করে সিটি করপোরেশনের কর্মীরা ময়লা সংগ্রহ শুরু করেছেন।

এদিকে নির্দিষ্ট সময়ের আগে ও পরে ময়লা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। প্রথম দিকে জনগণকে সতর্ক ও সচেতন করা হচ্ছে। এরপর থেকে জরিমানা করা হবে বলে জানা গেছে।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার প্রথম আলোকে বলেন, কিছু কিছু এলাকায় দিনের বেলায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কারা ফেলছে তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয় ভবনমালিক, দারোয়ান ও ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে তাঁদের চিহ্নিত করার জন্য।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, সরাসরি বর্জ্য সংগ্রহের পর তা নির্দিষ্ট স্থানে এনে রাখা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে সর্বনিম্ন দুটি ও সর্বোচ্চ চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। এরপর সেখান থেকে তা ডাম্প ট্রাকে করে সিটি করপোরেশনের নির্ধারিত বর্জ্যাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ১ আগস্ট নগরের গোসাইলডাঙার বারিক মিঞা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি দুই নারীর হাতে একটি করে বিন তুলে দিয়েছিলেন।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, মার্চের মধ্যে সব ওয়ার্ডেই সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে। পুরো কার্যক্রম বাস্তবায়ন করতে প্রায় ১০ লাখ বিন প্রয়োজন আছে। ইতিমধ্যে সাড়ে ছয় লাখ বিন বিতরণ সম্পন্ন হয়েছে। এ জন্য ভ্যান লাগবে দুই হাজার। প্রায় ১ হাজার ২০০ ভ্যান সিটি করপোরেশনের কাছে মজুত আছে। ময়লা সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য দুই হাজার শ্রমিকের প্রয়োজন রয়েছে। বর্তমানে এক হাজার শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের রাইফেল ক্লাব এলাকায় দেখা যায়, স্থানীয় বিপণিবিতানের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহ করছেন সিটি করপোরেশনের এক কর্মী। বিপণিবিতানের বাইরে ভ্যান নিয়ে অপেক্ষা করছেন আরেকজন। এক বিপণিবিতান থেকে বর্জ্য সংগ্রহ শেষে যাচ্ছেন আরেকটিতে। বাঁশি দিয়ে জানান দেন তাঁদের উপস্থিতি।

ওই এলাকার লায়লা কমপ্লেক্সের ব্যবসায়ী এস এম মহিউদ্দিন বলেন, সরাসরি বর্জ্য সংগ্রহের উদ্যোগ খুব ভালো। তিন দিন ধরে সিটি করপোরেশনের লোকজন এসে ময়লা নিয়ে যাচ্ছেন।