অল্প-স্বল্প কাজের গল্প
এ যেন এক স্বপ্নরাজ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা চিকেন ফ্রাই করছেন; বার্গার, স্যান্ডুইচ থেকে শুরু করে সবকিছুই তাঁরা তৈরি করছেন। আরেক দল ছেলেমেয়ে সেগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশনে সহায়তা করছেন। কেএফসি ধানমন্ডি শাখায় ঢুকতেই সুন্দর হেসে অভ্যর্থনা জানান দুজন তরুণ। পুরো কেএফসি ঘুরে দেখা গেল, প্রতিটি বিভাগেই একই রকম পোশাক পরে আছেন কিছু তরুণ-তরুণী। ক্রেতাদের সঙ্গে সুন্দর করে কথা বলা, স্বেচ্ছায় সেবা দেওয়ার সদিচ্ছা—সব মিলিয়ে পুরো কেএফসির পরিবেশ অত্যন্ত মনোরম। কথা হয় কেএফসির ধানমন্ডি শাখার ইউনিট ম্যানেজার এনামুল কবিরের সঙ্গে। তিনি জানান, কেএফসিতে যারা কাজ করেন, তাঁদের ৯০ শতাংশই শিক্ষার্থী। বিক্রয়-সহযোগী হিসেবে ছাত্রছাত্রীদের উপস্থিতি আমরা আঁচ করতে পারি, কিন্তু কোনো প্রতিষ্ঠানের রাঁধুনিও ছাত্রছাত্রী! সত্যিই অবাক হওয়ার মতো বিষয় বটে।ক্যাশ কাউন্টারে কাজ করছেন যে পাঁচজন, তাঁরা প্রত্যেকেই শিক্ষার্থী। কথা বলি ইডেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিমার সঙ্গে। রিমা জানান, ‘আমি দেড় বছর ধরে কেএফসিতে চাকরি করছি। কখনো ক্যাশ কাউন্টার, আবার কখনো খাবার সরবরাহের কাজ করি। কেএফসি বিশ্বের অনেক জায়গায় আছে। আর এখানে ছাত্রাবস্থায় কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে পরে চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে।’ কেএফসিতে চাকরি করছেন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি কেএফসিতে কাজ করছেন অভিজ্ঞতা অর্জন আর সেলসের কাজ শেখার জন্য। কেএফসির ধানমন্ডি শাখায় কাজ করছেন মোট ৮২ জন। এর মধ্যে ছাত্র আছেন ৭২ জন। কেএফসির যেকোনো বিভাগে কাজ করতে হলে ন্যূনতম এইচএসসি পাস হতে হয়। শুদ্ধ ভাষায় কথা বলতে হবে এবং চৌকস হতে হবে। বিদেশ থেকেও অনেক লোকজন আসে কেএফসিতে খেতে। তাই ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবাইকে।কেএফসির মতো পিৎজা হাটেও দেখা যায় শিক্ষার্থীদের সদর্প উপস্থিতি। বাংলাদেশে সুপার শপের প্রচলন বেশি দিনের নয়। আর এ সময়ের মধ্যে প্রতিষ্ঠিত সুপার শপ হিসেবে ঢাকা শহরে জায়গা করে নিয়েছে মীনা বাজার। ঢাকা শহরে মীনা বাজারের সাতটি শাখায় মোট কর্মচারীর সংখ্যা ৫৩১। তাঁদের ৭৫ ভাগই শিক্ষার্থী। মীনা বাজারে বিক্রয়-সহযোগী নেওয়া হয় এইচএসসি পাস শিক্ষার্থীদের। এখানে সবাই দুই শিফটে কাজ করেন। ছাত্রছাত্রীরা তাঁদের ক্লাসের সিডিউল অনুযায়ী কাজের সময় বেছে নিতে পারেন। চাকরির শুরুতেই তাঁদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর বিভিন্ন শাখায় তাঁদের কাজ শুরু হয়।মীনা বাজারের মোহাম্মদপুর শাখায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন দুই বান্ধবী জান্নাতুল ও কনা। তাঁরা দুজনই ভাঙ্গুরা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি বেছে নিয়েছেন, যাতে পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারেন। জান্নাতুল শিক্ষিকা এবং কনা প্রকৌশলী হতে চান। তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়াসিম মীনা বাজার মগবাজার শাখায় কাজে করেন। জানতে চাই, কেন চাকরি করছেন? ঝটপট উত্তর, তাঁর চাকরি করার আসল উদ্দেশ্য হলো আর্থিক সমস্যার সমাধান করা। ওয়াসিমের সঙ্গে সুর মেলালেন মুকুল, তিনি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র। ঢাকা শহরে পড়াশোনা চালানোর খরচ জোগাড় করা এবং চাকরি করলে অভিজ্ঞতা বাড়বে—এ কারণেই তিনি মীনা বাজারে চাকরি করছেন।দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য বা চাকরি করার উদ্দেশ্যে গিয়ে বেশির ভাগ ছেলেমেয়ে বিভিন্ন সুপার শপে কাজ করছেন। আর এটা মাথায় রেখে মীনা বাজারেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানালেন মীনা বাজারের হেড অব অপারেশন শাহিন খান। তিনি বলেন, ‘এ ধরনের কাজের ক্ষেত্রে তরুণেরাই বেশি পারদর্শী হয়ে থাকেন। এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে আরও প্রতিষ্ঠান হবে এবং বড় কর্মসংস্থানের সৃষ্টি হবে। মীনা বাজারে কাজের পরিবেশ অত্যন্ত ভালো। এখন সময় এসেছে এগুলোকে পেশা হিসেবে নেওয়ার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনা করালে ছেলেমেয়েরা আরও ভালো করতে পারবে।’দেশীয় পণ্য উৎপাদনে অনন্য প্রতিষ্ঠান আড়ং। এখানে খণ্ডকালীন চাকরি করছেন অনেক ছেলেমেয়ে। ঘুরে দেখা হয় আড়ংয়ের ধানমন্ডি শাখা। এখানে মোট কর্মচারী ১৬৪ জন। তাঁদের ৮০ শতাংশই ছাত্র। রাজধানীতে আড়ংয়ের পাঁচটি শাখায় প্রায় একই সংখ্যক ছেলেমেয়ে কাজ করছেন, যাঁদের বেশির ভাগই শিক্ষার্থী। ধানমন্ডি শাখার প্রতিটি তলায় নির্দিষ্ট পণ্যভিত্তিক জোন সাজানো রয়েছে এবং তিনজন করে সেখানে দায়িত্ব পালন করছেন। আড়ংয়ে চাকরির জন্য আবেদন করতে এইচএসসি পাস হতে হবে। দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে কথা বলার জন্য প্রত্যেককেই দুই মাসের ইংরেজি শিক্ষার ক্লাস করানো হয়। আড়ংয়ে কাজ করার কারণ কী জানতে চাইলে ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী চার্লি চাকমা বলেন, ‘আড়ংয়ে ভালো পরিবেশ দেখেই চার বছর ধরে কাজ করছি। নিজের হাতখরচের টাকাটা উঠে আসে। অনেকেই এ ধরনের কাজকে ছোট মনে করেন। আমি মনে করি, সেলসের কাজ করা অনেক সম্মানের।’আগোরা শপিংয়ে খণ্ডখালীন চাকরি করা শিক্ষার্থীর সংখ্যা অনেক। আগোরায় প্রতিটি শাখায় বিক্রয়-সহযোগী ও ক্যাশ কাউন্টারে কর্মী নেওয়ার ক্ষেত্রে ছাত্রদের অগ্রাধিকার। রাইফেলস স্কায়ারে আগোরার শাখায় মোট কর্মী ৮২ জন। তাঁদের মধ্যে ৭২ জনই ছাত্র। আগোরা শপিংয়ের সব ধরনের কাজের সঙ্গে জড়িত শিক্ষার্থী ঊর্মি বদরুন্নেসা মহিলা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি আগোরায় দুই বছরের কিছু বেশি সময় ধরে কাজ করছেন। তিনি ক্লাস অনুযায়ী শিফটভিত্তিক কাজ করেন। তবে বেশির ভাগ বিকেলের শিফটে কাজ করেন। ‘ক্রেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং তাঁদের ম্যানেজ করা শিখছি। ক্যাশ কাউন্টারে কাজ করায় এখানে প্রযুক্তির সঙ্গে আমার পরিচয় ঘটেছে। ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরে কাজ করার ইচ্ছা আছে। সেখানে কাস্টমার বিহেবিয়ারটা অনেক কাজে লাগবে।’ জানালেন ঊর্মি।আগোরায় খণ্ডকালীন চাকরি করেন মশিউর। তিনি পড়াশোনা করছেন তেজগাঁও কলেজে বিএ দ্বিতীয় বর্ষে। তিনি জানালেন আগোরায় তাঁর কাজ করার উদ্দেশ্য, ‘মূলত পড়াশোনার বাইরে বাজে সময় নষ্ট না করে কাজের মধ্যে থাকা। আর নিজের হাতখরচ খুব ভালোভাবে চলে যায়। নিজে উপার্জন করার আলাদা একটা আনন্দ আছে। সকালে ক্লাস করে এসে বিকেলের শিফটে কাজ করি আমি। মাঝে ক্লাস না থাকলে সকালের শিফটেও কাজ করি।’আগোরার অপারেশন ম্যানেজার এনামুল কবির বলেন, আগোরায় বিক্রয়-সহযোগী নেওয়ার ক্ষেত্রে ছাত্রদের বেশি প্রাধান্য দেওয়া হয়। কেননা এ বয়সের হাস্যোজ্জ্বল চেহারা, সুন্দর ব্যবহার ও পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি থাকে। এখানে স্মার্টনেসটা দেখা হয়। চাকরিতে যোগদানের পরপরই প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া পড়াশোনা শেষ করে আগোরায় উচ্চপর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।শুধু কেএফসি, আড়ং, পিৎজা হাট, মীনা বাজার আর আগোরাই বা কেন, রাজধানীতে প্রতিদিনই গড়ে উঠছে নিত্যনতুন চেইন শপ কিংবা আধুনিক বিপণিবিতান। সবখানেই তৈরি হচ্ছে নতুন করে কাজের সুযোগ। যেকোনো শিক্ষার্থীই নিজের সুবিধামতো অবসরে যোগ দিতে পারেন সেখানে।