অল্পের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়ার ঘটনা রয়েছে অনেক বিখ্যাত মানুষের জীবনে। এই দলে রয়েছেন রাষ্ট্রপ্রধান, খেলোয়াড়, অভিনয়শিল্পীসহ অনেকেই।

লিওনেল জিনসু
লিওনেল জিনসু

লিওনেল জিনসু
বেনিনের সাবেক প্রধানমন্ত্রী
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জিনসু খুব কাছ থেকেই যেন মৃত্যুকে দেখেছেন। গত বছরের ঘটনা। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি তখন দেশটির উত্তর-পূর্বাঞ্চলের আকাশে। হঠাৎ করেই দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। বেনিনের দোজোগুর একটি স্টেডিয়ামে জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। তবে শেষ রক্ষা হয়নি, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ভাগ্যজোরে সে যাত্রায়
বেঁচে যান লিওনেল জিনসু।

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

মার্কিন গায়িকা ও অভিনেত্রী

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর। মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ ডেমি লোভেটোর কনসার্ট দেখে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তাঁদের যমজ সন্তান। আর চালকের আসনে তাঁরই বন্ধু মার্কিন অভিনেত্রী লিয়া রেমিনি। গাড়িটি তখন ক্যালিফোর্নিয়ার মালিবুর প্যাসিফিক কোস্ট মহাসড়কে। তখনই ঘটে দুর্ঘটনাটি। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাঁদের গাড়িকে ধাক্কা মারেন। এতে অল্পের জন্য বেঁচে যায় জনপ্রিয় এই তারকাসহ চার-চারটি প্রাণ।

 

রোনালদিনহো
রোনালদিনহো

রোনালদিনহো
ব্রাজিলের ফুটবল তারকা
এ বছরের গোড়ার দিকে ভারতের কেরালায় নাগজি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেছিলেন ফুটবলার রোনালদিনহো। বিশ্ব ফুটবলের এই তারকা শুধু যে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন, এমন নয়। তিনি গিয়েছিলেন কেরালার দ্বিতীয় বৃহত্তম শহর কোজিকোড়ের একটি সরকারি স্কুলের অনুষ্ঠানে। আর সেখান থেকে ফেরার পথেই বাধে বিপত্তি। একটি পুরোনো, মরচে পড়া ট্রাফিক সিগন্যাল রোনালদিনহোর গাড়ির ওপর ভেঙে পড়তে যাচ্ছিল। তবে চালকের তৎপরতায় কোনো রকমে বেঁচে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

 

হৃতিক রোশন
হৃতিক রোশন

হৃতিক রোশন
|বলিউড তারকা
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শোক এখনো কাটেনি। সেদিন সংযোগকারী ফ্লাইট ধরতে না পারায় বিমানবন্দরে আটকে গিয়েছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। সঙ্গে ছিল তাঁর দুই শিশুসন্তান। একসময় বিমানবন্দরের ঝুটঝামেলা সেরে তাঁরা ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যান। আর এতেই যেন আত্মঘাতী বোমা হামলা থেকে বেঁচে যান দুই সন্তানসহ এই অভিনেতা। কারণ, তিনি বিমানবন্দর ছাড়ার ঘণ্টা খানেক পরেই ঘটে সেই আত্মঘাতী বোমা, যাতে বিমানবন্দরে অবস্থান করা ৩৬ জনের প্রাণহানি ঘটে।

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী
গত জুলাই মাসের ঘটনা। নতুন সিনেমার শুটিংয়ে অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম তখন নেপালে। সেখানেই চলছিল শুটিং পর্ব। একদিন কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিলেন। পাহাড়ের ফাঁক গলে এঁকেবেঁকে যেতে যেতেই হঠাৎ তাঁদের গাড়ির সামনেই ধসে পড়তে শুরু করে পাহাড়। ভয়াবহ সেই পাহাড়ধস থেকে একটুর জন্য রক্ষা পান মিম এবং শুটিং দলের সদস্যরা। সে সময় তাঁদের কোনো ক্ষতি না হলেও প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আজকে একটুর জন্য বেঁচে গেছি। কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার সময় হঠাৎ করে আমাদের গাড়ির সামনে পাহাড় ধসে পড়তে শুরু করে। ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম। মনে হলো আমাদের গাড়ির ওপর এসে পড়বে। এই প্রথম চোখের সামনে এমনটা হতে দেখলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাদের রক্ষা করার জন্য। এখনো হাত-পা কাঁপছে।’
গ্রন্থনা: সজীব মিয়া, সূত্র: ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া, প্রথম আলো