অশান্ত দার্জিলিং
উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও তরাই। আন্দোলনের জন্য এখানকার নেতারা গঠন করেছেন নতুন একটি মোর্চা। নাম ‘ডুয়ার্স-তরাই জয়েন্ট অ্যাকশন কমিটি’। ২৫ মার্চ ডুয়ার্সের নাগরাকাটা অগ্রসেন ভবনে এক বৈঠকে ১৮টি দল মিলে এ মোর্চা গঠনের সিদ্ধান্ত হয়। নতুন জোট ঘোষণা দিয়েছে, ডুয়ার্স ও তরাইকে জিটিএতে অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না। এই দাবিতে ১০ ও ১১ এপ্রিল ৪৮ ঘণ্টার বনেধর ডাকও দিয়েছে তারা। নবগঠিত এই জোটে রয়েছে আদিবাসী বিকাশ পরিষদ, কামতাপুরি পিপলস পার্টি, বোড়ো পিপলস ফোরাম, সিপিআইএম-এল, বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, পিপিপি, আমরা বাঙালি, জনজাগরণ মঞ্চ, জনচেতনা, ডুয়ার্স-তরাই নাগরিক মঞ্চ, রিপাবলিক পার্টি ইত্যাদি দল। স্বাধীন গোর্খাল্যান্ডের দাবি ঠেকাতে গত বছর ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুক্তি মোর্চার সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে ত্রিপক্ষীয় এক চুক্তি করেছিলেন। ওই চুক্তিবলে দার্জিলিংকে নিয়ে পৃথক একটি স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হয়। জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং পরে দাবি তোলেন, প্রস্তাবিত জিটিএতে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এবং শিলিগুড়ির তরাই অঞ্চলকেও অন্তর্ভুক্ত করতে হবে। এ দাবি নিয়েই বেধেছে গোল।আশির দশকে ছোট্ট পাহাড়ি দার্জিলিং জেলাকে নিয়ে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফোর্স। এর নেতৃত্ব দেন সুভাষ ঘিসিং। সেই থেকে নানা মাত্রায় এ আন্দোলন চলে। রাজ্য বা কেন্দ্রীয় সরকার কিছুতেই সে দাবি মানতে রাজি হয়নি। একপর্যায়ে দার্জিলিংকে একধরনের স্বশাসন দেওয়ার ব্যাপারে মতৈক্য হয়। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আলোচনা প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু ২০০৮ সালের দিকে বদলে যায় দার্জিলিংয়ের পরিস্থিতি। এ সময় জিএনএলএফের এক নেতা বিমল গুরুং দল থেকে বেরিয়ে গিয়ে ফের শুরু করেন পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলন। গোর্খা জনমুক্তি মোর্চা গঠন করে বিদ্রোহ ঘোষণা করেন সুভাষ ঘিসিংয়ের বিরুদ্ধে। গত বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণায় মমতা ঘোষণা দেন তাঁর দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে অচিরেই দার্জিলিং সমস্যার সমাধান করা হবে।নির্বাচনে মমতার দল জয়ী হলে উদ্যোগও নেওয়া হয়। কিন্ত বিমল গুরুংয়ের নতুন দাবি নিয়ে ফের শুরু হয় দ্বন্দ্ব। ডুয়ার্সে আদিবাসীদের বাস। তারা কোনোক্রমেই চায় না জিটিএর অন্তর্ভুক্ত হতে। একই সঙ্গে বাঙালি অধ্যুষিত শিলিগুড়ির তরাই অঞ্চলের মানুষজনও তা চায় না। ফলে জিটিএর বিরুদ্ধে ডুয়ার্স ও তরাই অঞ্চলে শুরু হয় আন্দোলন। জনমুক্তি মোর্চার নেতারা ঘোষণা দিয়েছিলেন, তাঁরা পৃথক পার্বত্য পরিষদ জিটিএতে ডুয়ার্স ও তরাইকে যুক্ত না করে নির্বাচনে যাবেন না। অন্যদিকে ডুয়ার্স ও তরাই থেকে পাল্টা ঘোষণা দেওয়া হয় তারাও জিটিএতে যাবে না। এ পরিস্থিতিতে ২৪ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বৈঠক করেন জনমুক্তি মোর্চার সঙ্গে। সেখানে ঠিক হয় ডুয়ার্স ও তরাই অঞ্চলের নির্বাচন পরে হবে। তবে জিটিএর নির্বাচন হবে জুলাইয়ে। পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা হিমালয়ের পাদদেশে দার্জিলিং। কিন্তু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এ অঞ্চলটিকে অশান্তি ছাড়ছে না। পৃথক রাজ্যের দাবিতে বহুবার বন্ধ, ধর্মঘটে জেরবার হয়েছে দার্জিলিং। ফলে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলনে পশ্চিমবঙ্গের কোনো বড় রাজনৈতিক দলই সমর্থন দেয়নি । ১৯৮৮ সালের ২২ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে দার্জিলিংকে স্বশাসিত অঞ্চলে রূপ দেওয়ার জন্য গঠন করা হয়েছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জিএনএলএফের নেতা সুভাষ ঘিসিংয়ের এক ত্রিপক্ষীয় চুক্তি হয়। পার্বত্য পরিষদের প্রধান হন সুভাষ ঘিসিং। পার্বত্য পরিষদ গড়ার পর স্তিমিত হয়ে যায় পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার আন্দোলন। কিন্তু স্বায়ত্তশাসনের খুঁটিনাটি নিয়ে সমস্যা মিটছেই না। সর্বশেষ সংকটটি মাথা চাড়া দিল এর আওতা বাড়ানোর দাবি নিয়ে। অমর সাহা, কলকাতা