অশান্ত ধরিত্রী, বিপন্ন মানুষ
উত্তর গোলার্ধের বড় অংশজুড়ে এবারের গ্রীষ্মে চলছে প্রলয়ংকরী প্রাকৃতিক বিপর্যয়। রাশিয়ার ঝলসানো গরম আর দাবানলের আগুন থেকে চীন ও পাকিস্তানের বিধ্বংসী অতিবর্ষণজনিত বন্যা কোটি কোটি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কিছুসংখ্যক আবহাওয়াবিদ বলছেন, আবহমণ্ডলের একটি বিরল ঘটনা এই তিনটি দেশের এ দুরবস্থার কারণ। তাঁরা বলছেন, এশিয়ার মৌসুমি বৃষ্টিপাত উত্তর দিকে গরম বাতাস ঠেলে পাঠানোতেই এ বিপত্তি। ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে ভবিষ্যতে এ রকম চরম আবহাওয়ার নজির আরও দেখা যাবে বলে সতর্ক করে দিয়েছেন তাঁরা। ২০০০ থেকে ২০০৯ সাল ছিল রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উত্তপ্ত দশক। আবহমণ্ডল আরও বেশি উত্তপ্ত হলে আরও বেশি পানি জলীয় বাষ্প হয়ে ওপরে উঠে যাবে। সেটাই আবার বৃষ্টি হয়ে ঝরে পড়বে। অর্থাৎ বড় ঢলের পরিমাণ বাড়বে।পশ্চিম রাশিয়ায় এখন এক শতাব্দীর মধ্যে সবচেয়ে গরম গ্রীষ্মকাল চলছে। শীতকালে ভয়ানক ঠান্ডার জন্য পরিচিত মস্কোতে এবারের গ্রীষ্মে ব্যারোমিটারের পারদ বেশ কয়েকবারই নগরের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। ওই রেকর্ড ছিল ১৯২০ সালের। গরমের পাশপাশি দাবানলের ধোঁয়ায় মস্কোবাসীর অবস্থা হয়ে দাঁড়ায় করুণ। মস্কোতে গরমের কারণে শিশু, বৃদ্ধ বা অসুস্থদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। দেশব্যাপী তাপপ্রবাহে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ।এদিকে উত্তর-পূর্ব চীনে প্রবল বর্ষণ চালিয়ে যাচ্ছে ধ্বংসলীলা। ভয়াবহ কর্দমধসে চাপা পড়ে এ পর্যন্ত ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে এক হাজার। গানসু প্রদেশে নদীর পানি বেড়ে বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ভেসে যায়। সবচেয়ে মারাত্মক কাদার ধস নামে ঝাউকুতে। সেখানে কাদার তোড়ে আস্ত ঘরবাড়ি গুঁড়িয়ে যায়। রাস্তায় সাত ফুট পর্যন্ত কাদা জমে যায়। কাদার নিচে চাপা পড়া মানুষকে খুঁজে বের করতে সাত হাজার সেনা পাঠানো হয় সেখানে।তথ্য ও ছবি : টাইম