অশান্ত ফটিকছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা আবার অশান্ত হয়ে উঠেছে। দলীয় কোন্দল, ঈদ সামনে রেখে চাঁদাবাজি, হুমকি, প্রতিপক্ষের ওপর হামলা ও হত্যাসহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে। কিন্তু ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউ। ফটিকছড়ি ও ভূজপুর থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দুই থানায় ১৯টি নিয়মিত মামলা, ৩৫টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৬৭টি অভিযোগ নথিভভুক্ত করা হয়েছে। নিয়মিত মামলাগুলোর বেশির ভাগই হত্যাকাণ্ড-সম্পর্কিত। অন্যদিকে অভিযোগগুলোর বেশির ভাগ সন্ত্রাসী হামলা বা চাঁদাবাজি-সম্পর্কিত। জানা যায়, ১১ জুলাই উপজেলার ধর্মপুর গ্রামের এক ইটভাটার মালিক মো. পেয়ারুল ইসলামের কাছ থেকে চাঁদা না পেয়ে তাঁকে গুলি করে সন্ত্রাসী মো. জিয়াউদ্দিন ওরফে রগকাটা জিয়া। ১৭ জুলাই ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজন আহত হন। ২০ জুলাই পশ্চিম সুন্দরপুর গ্রামে মামার হাতে খুন হন ভাগনি বিবি জুলেখা। ১০ আগস্ট খিরাম লম্বাটিলা এলাকায় এক বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধির ৫০ হাজার টাকা ছিনতাইকালে বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন ব্যক্তি আহত হন। একই দিন হারুয়াছড়ি ইউনিয়নের গৃহবধূ শীলা ত্রিপুরাকে গলাটিপে হত্যা করেন তাঁর স্বামী। ১১ আগস্ট হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর গাড়ি লক্ষ করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সর্বশেষ ১২ আগস্ট দাঁতমারা বাজারে সন্ত্রাসী হামলায় তিন ব্যক্তি আহত হন।এর আগে গত ৪ জুলাই দক্ষিণ নিচিন্তাপুর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলমের বাড়ির সীমানাপ্রাচীরের প্রধান ফটকে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দেয়। ফটকে ১০ লাখ টাকা চাঁদা দাবিসংবলিত একটি চিরকুট ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সন্ত্রাসী খোরশেদ হোসেন ওরফে মিল্লাতকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়। এতে অভিযুক্ত অপর সন্ত্রাসী মো. মামুন গ্রেপ্তার হলেও মিল্লাত এখনো এলাকায় দাপটের সঙ্গে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ১৩ আগস্ট একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সন্ত্রাসীদের অংশগ্রহণ দেখে অনেকে বিস্মিত হন। চিহ্নিত ব্যক্তিরা শতাধিক মোটরবাইক নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত উপজেলা আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে চিহ্নিত ব্যক্তিদের সরব উপস্থিতি দলের জন্য অমঙ্গল ডেকে আনবে।’এদিকে জুলাই মাসে ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। সভায় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূইয়া হুমকি, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যেকোনো অপকর্মের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। তবে পুলিশকে তথ্য দেওয়ার পরিণতি সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন। কিন্তু প্রাণহানির ভয়ে কেউ এ ব্যাপারে তথ্য দিয়ে এগিয়ে আসতে চান না।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘একসময়ের দাগি সন্ত্রাসীরা আবার ফিরে এসে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে। তারা বিভিন্ন সভা-সমাবেশে বড় গলায় বক্তৃতা দিচ্ছে। এতে সাধারণ লোকজন ভীত হয়ে পড়েছে।’উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাইদ বলেন, ‘বিভিন্ন দলে বিভক্তি ও সংঘাতের কারণে ইদানীং বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে। কিছু ছিঁচকে চোর ও ডাকাত জেল থেকে ছাড়া পেয়ে আবারও চুরি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে।’ফটিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর বলেন, ‘অপরাধীদের কাছে জিম্মি না থেকে তাদের রুখতে হবে। পুলিশ অবশ্যই জনগণের সঙ্গে থাকবে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে তথ্য না দিলে তারা প্রশ্রয় পাবে। তার পরিণতি এলাকাবাসীকেই ভুগতে হবে।’