বার্মা অয়েল কোম্পানিতে চাকরি করতেন আগ্রাবাদের পানওয়ালাপাড়ার আবদুল হাই সরদার। কর্মস্থল থেকে ফেরার সময় একটি সাইক্লোস্টাইল মুদ্রণযন্ত্র নিয়ে এসেছিলেন তিনি। গোপনে লিফলেট তৈরি ও সংবাদপত্র প্রকাশে সেই মুদ্রণযন্ত্রই বড় ভরসা হয়ে উঠল মুক্তিযোদ্ধাদের কাছে। আবদুল হাই সরদারের সবুজবাগের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। তৎ কালীন শহর ছাত্রলীগের সভাপতি ও জয় বাংলা বাহিনীর প্রধান মৌলভি সৈয়দ আহমদের অন্যতম প্রধান দপ্তর ছিল বাড়িটি। আবদুল হাই সরদারের সেই মুদ্রণযন্ত্র দিয়ে একটি সংবাদপত্র প্রকাশের উদ্যোগ নিলেন মুক্তিযোদ্ধারা। মৌলভি সৈয়দ গংয়ের পক্ষে পত্রিকা প্রকাশের দায়িত্ব পড়ল মঈনুদ্দীন খান বাদল (বর্তমানে সাংসদ ও জাসদের নেতা) এবং আবদুল হাই সরদারের ছেলে আবু সাইদ সরদারের ওপর।পত্রিকাটির নাম ঠিক করা হলোআগুন। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্তমানে জাপানের অনারারি কনসাল নুরুল ইসলামদের বাড়ি ওসমান গণি ম্যানশন থেকে সেই পত্রিকা ছাপা হতো। এ প্রসঙ্গে আবু সাইদ সরদার বলেন, ‘আমি ছিলাম গেরিলা যোদ্ধা। মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। ট্যাবলয়েড আকারের পত্রিকা আগুন-এর প্রথম সংখ্যাটি সম্ভবত মে মাসে ছাপা হয়, শেষ সংখ্যাটি নভেম্বরের শেষ দিকে। ওই পত্রিকা প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুনও।মুক্তিযুদ্ধের নয় মাসে শুধু অস্ত্র হাতে নয়, কলমযুদ্ধও করেছেন মুক্তিযোদ্ধারা। আগুন ছাড়াও ওই সময়ে প্রকাশিত উল্লেখযোগ্য পত্রিকা হলো—জয়বাংলা ও স্বাধীনতা। অধ্যক্ষ হারুনুর রশিদের গ্রন্থনায় মুক্তিযুদ্ধের পক্ষে বুলেটিন বের হতো। আর মাঝেমধ্যে ভারত থেকে আসত দেশবাংলা।সাহিত্যিক আবুল ফজলের ছেলে আবুল মনসুর ও আবুল মোমেন মুক্তি নামের একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। সেপ্টেম্বর-অক্টোবরে প্রথম সংখ্যা প্রকাশের সময় পুলিশ হানা দেয় ছাপাখানায়। ফলে ওই সময় আর পত্রিকা প্রকাশ সম্ভব হয়নি। তবে দেশ স্বাধীন হলে তাঁরা পত্রিকাটি প্রকাশ করেন।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর এভাবেই স্মৃতিচারণা করেন: ‘আসলে পত্রিকা প্রকাশ করা তখন খুব ঝুঁকিপূর্ণ ছিল। তাই এটা গোপন রাখা হতো। আমার সঙ্গে এ ব্যাপারে কারও কারও যোগাযোগ ছিল, তেমনি মোমেনের। সেই পত্রিকার একটি কপি আমার কাছে আছে। কিন্তু কাগজের পাহাড় থেকে এটা বের করা খুব সহজ নয় এখন।’উল্লেখ্য, প্রকাশনার সঙ্গে জড়িত লোকজনের কাছ থেকে ওই সব পত্রিকার কোনো কপি পাওয়া যায়নি। অনেকে জানান, ১৯৭৫-এ রাজনৈতিক পটপরিবর্তনের পর পত্রিকার কপি রাখার সাহস করেননি তাঁরা। অনেকে কপি পুড়িয়ে ফেলেছেন।অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতা বের হতো মাদারবাড়ি থেকে। এর সঙ্গে জড়িত ছিলেন ডা. আলী আহমদ মোল্লা, ডা. বিশ্বনাথ, আফছারুল আমীন (বর্তমানে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা), হুমায়ুন কবির, এমদাদ প্রমুখ। বিএলএফের (বাংলাদেশ লিবারেশন ফোর্স) কর্ণফুলী কন্টিনজেন্ট (কেসি)-৩-এর তত্ত্বাবধানে এটি প্রকাশিত হতো।জানা যায়, জয়বাংলা পত্রিকা বের করতেন রবিউল হোসেন কচি ও দেওয়ান মাকসুদ আহমদ। শহর কমান্ডের প্রচার সেলে কাজ করতেন কাজী আরিফ, শাহ আলম নিপু ও সাথী দাশ। পরে স্বাধীনতা পত্রিকা বের করার সময় তাতে জড়িত হন কেউ কেউ। জেএম সেন হলের বিপরীতে একটি ছাপাখানা ও পাথরঘাটার একটি বাড়ি থেকে পত্রিকাটি প্রকাশ করা হতো।দেওয়ান মাকসুদ জানান, ‘সাইক্লোস্টাইল মুদ্রণযন্ত্রে ছাপা পত্রিকাটির মোট চারটি কপি বের হয়। প্রথম সংখ্যাটি সম্ভবত আগস্টে বের হয়েছিল।’পত্রিকায় কারা লিখতেন, বিলি হতো কীভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রলীগের কর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমেই পত্রিকাটি বিলি করা হতো। চারজন রিকশাচালকও বিলি করতেন গোপনে।’মঈনুদ্দীন খান বাদল বলেন, ‘আগুন পত্রিকার প্রিন্টার্স লাইনে লেখা থাকত “মুক্তিযুদ্ধের গোপন ঘাঁটি হইতে মুদ্রিত, প্রচারিত”। লেখক হিসেবে কারও নাম দেওয়া হতো না, যদিও বেশির ভাগ লেখা আমি, আবু সাইদ সরদার লিখতাম। লিখতেন অধ্যক্ষ হারুনুর রশিদও।’জানা যায়, হঠাৎ সিদ্ধান্তে আগুন প্রকাশ করা হতো। বিশেষ করে, জনগণ ও মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য বড় অপারেশনের পরপর পত্রিকা প্রকাশ করা হতো। ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর আদালত ভবনে টাইমবোমা হামলা, ১ নভেম্বর আইস ফ্যাক্টরি সড়কে রক্তক্ষয়ী অভিযান ও বিশ্বজুড়ে সাড়া জাগানো অপারেশন জ্যাকপটের পরদিন আগুন বের হয়েছে। মুক্তিযোদ্ধাদের আগুনঝরা, রক্তঝরা অভিযানের পর প্রায়ই এটি প্রকাশ করা হতো। সেখানে থাকত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এবং পাকিস্তানি হানাদার, রাজাকার ও আলবদরদের বিধ্বস্ত হওয়া ও লেজ গুটিয়ে পালানোর সরস বয়ান। সেই সব পত্রিকা রিকশাচালক, ফেরিওয়ালা, মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মীরা গোপনে বিলি করতেন। অফিস-আদালতে গিয়ে ঝড়ের গতিতে সেই পত্রিকা ফেলে আসতেন তাঁরা। সেই সব পত্রিকায় মুক্তিযোদ্ধাদের অশ্রু আর ভালোবাসার বর্ণমালায় মূর্ত হয়ে উঠত একটি শব্দ—স্বাধীনতা, বাংলাদেশ। (তথ্যসূত্র: বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম — ডা. মাহফুজুর রহমান, একাত্তরের রণাঙ্গন—শামছুল হুদা চৌধুরী)