অশ্রু মুছে দেওয়া হামাদোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোলনা-বিছানা ও রকিং চেয়ারের সম্মিলনে তৈরি বিশেষ আসবাব লা হামাদোরা
দোলনা-বিছানা ও রকিং চেয়ারের সম্মিলনে তৈরি বিশেষ আসবাব লা হামাদোরা

নাম লা হামাদোরা। নিলসন অলিভেরোস ও তাঁর সহকর্মীরা এটিকে প্রায় নতুন উদ্ভাবন বলেই মনে করেন। দোলনা-বিছানা আর রকিং চেয়ারের এক সম্মিলনে তৈরি বিশেষ ধরনের এক আসবাব এটি। 
৩৮ বছর বয়সী অলিভেরোস বলেন, ‘হামাদোরা শব্দটির সঙ্গে আমাদোরার বেশ মিল (স্প্যানিশে আমাদোরা মানে ‘প্রেমময়ী নারী’)। প্রথম কেউ নামটা শুনলে ভাববেন, এটি এমন কোনো জিনিস, যার সঙ্গে প্রেম বা ভালোবাসার যোগ রয়েছে। আমিও মনে করি, আমাদের উদ্ভাবিত এই বস্তুর সঙ্গে প্রেম-ভালোবাসার কিছুটা সম্পর্ক আছে।’

চলছে হামাদোরা বানানোর কাজ
চলছে হামাদোরা বানানোর কাজ

কলম্বিয়ার কারতাজেনা শহরের এল সালাদো এলাকার বাসিন্দা অলিভেরোস যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর চোখমুখ থেকে বেরিয়ে আসছিল খুশির আভা। মনে হচ্ছিল, তাঁর শরীর ও মনের সমস্ত ক্ষতে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে কেউ।
অলিভেরোসের শরীর ও মনে ক্ষতের সৃষ্টি হয়েছে ২০০০ সালের এক বেদনাময় ঘটনায়। সে বছর ফেব্রুয়ারি মাসে কলম্বিয়ার আধা সামরিক বাহিনী ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়ার (এইউসি) প্রায় ৫০ জন সদস্য এল সালাদো এলাকায় হামলা চালায়। পাঁচ দিন ধরে চালানো ওই নৃশংস হামলায় মোট ৬৬ জন নিহত হয়। হত্যার পর আধা সামরিক বাহিনীর সদস্যরা নিহত ব্যক্তিদের মাথা নিয়ে ফুটবলও খেলে। ভয়াবহ সেই দৃশ্য দেখার পর ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর বহু বছর তারা সেখানে ফেরেনি। অনেকে কখনোই ফেরেনি। ওই গণহত্যাকাণ্ডে অলিভেরোস হারিয়েছেন তাঁর ২৪ বছরের ভাইপোকে। ঘটনার পর অলিভেরোসও এলাকা ছেড়ে পালিয়ে যান। ফিরে আসেন ছয় বছর পর।
এখন ওই গণহত্যাস্থল থেকে মাত্র তিন ব্লক দূরে একটি কারখানায় অলিভেরোস ও তাঁর সহকর্মীরা হামাদোরা বানিয়ে যাচ্ছেন। অলিভেরোস বলেন, ‘অনেক মানুষ আমাদের দেখতে আসেন। তাঁরা আমাদের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু কাঁদতে কাঁদতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়।’
অলিভেরোসের সঙ্গে কাজ করছেন নাইরো কাতালান, আলবার্ত পাদিয়া, হাভিয়ের মেনা, মানুয়েল গাররিদো ও ব্লাস রোমেরো। ২০০০ সালের সেই হামলার ঘটনার দুঃসহ স্মৃতি ভুলতে তাঁরা মনপ্রাণ লাগিয়ে হামাদোরা তৈরি করে যাচ্ছেন। স্প্যানিশ ভাষায় দোলনা-বিছানাকে বলা হয় হামাকা; রকিং চেয়ারকে মেসেদোরা। হামাকার ‘হামা’ আর মেসেদোরার ‘দোরা’ নিয়ে এর নাম হয় ‘হামাদোরা’।

প্যাকেট করা হচ্ছে হামাদোরা
প্যাকেট করা হচ্ছে হামাদোরা

হামাদোরা প্রথম তৈরি হয় ২০১০ সালে। এর পেছনে মূল উদ্যোগ যাঁর, তাঁর নাম সিমন হসিয়ে। কলম্বিয়ার খ্যাতনামা এই স্থপতি গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজনের জন্য এল সালাদো এলাকায় নির্মিত একটি সাংস্কৃতিক কেন্দ্রের নকশা করেন।
সিমন হসিয়ে এলাকার লোকজনের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জানতে চান। বাড়ি বাড়ি গিয়ে সবার অবস্থা বোঝার চেষ্টা করেন। হঠাৎ তিনি আবিষ্কার করেন, প্রতিটি বাড়িতে রকিং চেয়ার ও দোলনা-বিছানা আছে। এরপরই তাঁর মাথায় হামাদোরা তৈরির ধারণা আসে। এরপর তিনি বেশ কয়েকজনকে তাঁর প্রকল্পে কাজ করার আহ্বান জানান। শুরুতে অনেকে যোগ দিলেও বেশ কয়েকজন কেটে পড়েন। থেকে যান ১১ জন। তাঁদের মধ্যে নিলসন অলিভেরোসসহ ছয়জন সরাসরি হামাদোরা তৈরির সঙ্গে সম্পৃক্ত হন।
প্রথম হামাদোরার দাম রাখা হয় তিন লাখ ৬০ হাজার কলম্বিয়ান পেসো (প্রায় ১৮০ মার্কিন ডলার)। এরপর রাজধানী বোগোতার এক শিল্পমেলায় মোট ৮০টি হামাদোরা বিক্রি হয়। ফরমাশ আসে আরও ২০টির। সম্প্রতি কারতাহেনা প্লাসা হোটেল ১৬টি হামাদোরা কেনে এবং এক্সিটো ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ৩০টির ফরমাশ দেয়। কলম্বিয়ার প্রখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা কার্লোস ভাইভস কিনেছেন একটি। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসও কিনেছেন তিনটি হামাদোরা।
অলিভেরোস বলেন, ‘আমরা মনে করি, ভবিষ্যতে আমাদের সন্তানেরাও হামাদোরা তৈরি করে জীবিকা নির্বাহ করতে পারবে। হামাদোরা কীভাবে তৈরি হয়, তা শিখতে তরুণ-তরুণীরা বেশ আগ্রহ দেখাচ্ছেন। হামাদোরাই এই এলাকার ভবিষ্যৎ গড়ে দেবে।’