অশ্রুভেজা জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প, সুনামি ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লোকজনের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী। দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মিয়াগির পুলিশপ্রধান আভাস দিয়েছেন, এ হিসাব ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। জাপানের সংবাদমাধ্যমের অবশ্য ধারণা, ওই হিসাব শেষ পর্যন্ত মিয়াগি জেলার পুলিশপ্রধানের অনুমানের চেয়ে আরও অনেক বেশি হবে। উত্তর-পূর্বাঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছোট অনেক শহর থেকে পাওয়া ক্ষয়ক্ষতি ও নিখোঁজ লোকজনের পরিসংখ্যানও অবশ্য সে রকম আভাস দেয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবনের সংখ্যা কম করে হলেও ২০ হাজার। সেই সঙ্গে সুনামির ঢেউয়ে তলিয়ে যাওয়া বাড়িঘরের আনুমানিক সংখ্যা তালিকায় যোগ করা হলে মোট হিসাব কয়েক গুণ বেড়ে যাওয়ার কথা। এসব বাড়িঘরের ধ্বংসাবশেষে মৃতদেহ খুঁজে বের করার কাজ সবে শুরু হয়েছে। শহরের পাঁচ হাজার বাড়িঘর ভূমিকম্প-পরবর্তী সুনামিতে তলিয়ে গিয়েছিল এবং শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২৩ হাজার জনসংখ্যার মধ্যে মাত্র ছয় হাজার নিরাপদ আশ্রয়কেন্দ্রে উঠেছে। অবশিষ্ট লোকজনের অনেকের খোঁজ কর্তৃপক্ষ এখনো পায়নি।ভূমিকম্পের প্রথম শক্তিশালী আঘাতের ঠিক পরপর চলে আসা সুনামি ও জলোচ্ছ্বাস জাপানের উত্তর-পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে শহরের পর শহর তলিয়ে দিয়েছিল। ঢেউ ফিরে যাওয়ার পর যে ছবি ওই সব এলাকায় এখন দৃশ্যমান তা হলো, মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ভাঙা বাড়িঘর, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি, ছোট আকারের জাহাজ, কংক্রিটের বিশাল সব ভাঙা টুকরো, জাহাজে মালামাল পরিবহনের কনটেইনার।এর নিচে চাপা পড়ে প্রায় সম্পূর্ণভাবেই হারিয়ে গেছে ছোট কয়েকটি শহর আর গ্রাম, যাত্রী নিয়ে যাতায়াত করা চারটি ট্রেন আর সে রকম লোকজন, যাদের দৈনন্দিন বাদানুবাদ আর ব্যস্ত চলাফেরায় মাত্র কদিন আগেও সজীব ছিল ওই সব জনপদ। এখন এর সবটাই দাঁড়িয়ে আছে প্রকৃতির বিধ্বংসী শক্তির সাক্ষী হয়ে।ভূমিকম্পের পর উপর্যুপরি পরবর্তী কম্পন এখন অনেকটা থেমে গেলেও সেন্দাই, ফুকুশিমা ও ইওয়াতে জেলার অনেক মানুষের জন্য বাড়ি ফেরার পথ এখন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে, উপকূলীয় এলাকাগুলোতে অনেক বাড়িঘরের চিহ্নও এখন আর খুঁজে পাওয়া সম্ভব নয়। সুনামির ঢেউয়ের প্রচণ্ড তোড় ভাসিয়ে নিয়ে গেছে সেসব বাড়িঘর আর সেখানে বসবাসকারী লোকজনের সাজানো সংসার। এখন এদের আশ্রয় হচ্ছে তড়িঘড়ি তৈরি করে নেওয়া বিভিন্ন আশ্রয়কেন্দ্র। ভূমিকম্প আর সুনামির আঘাত সামাল দিতে জাপানের ছয়টি জেলায় তিন লাখ ৭০ হাজার মানুষ এখন দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে উঠে এসেছে। এর বাইরে আরও আছে সেসব আশ্রয়গ্রহণকারী, ফুকুশিমা জেলার দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চারদিকের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। এদের সবার জন্য খাদ্য, গরম কাপড় আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করা কঠিন এক সমস্যা, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সরকারকেও যে সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নিয়ে ভাবতে হচ্ছে।ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় ভূমিকম্পের পর থেকে টেলিফোন সংযোগ পুনঃস্থাপন সম্ভব না হওয়ায় জাপানের অন্যান্য এলাকায় বসবাসকারীদের পক্ষে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের খোঁজখবর করাও সম্ভব হচ্ছে না। নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কোম্পানির ভাষ্য অনুযায়ী, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ১০ হাজারের বেশি বেইস স্টেশন এখনো অকেজো হয়ে আছে।প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর নানা রকম মর্মান্তিক ঘটনাবলি জনগণ এখন নিয়মিতভাবে জানতে পারছে। জাপানের সব কটি টেলিভিশন চ্যানেলে বিরতিহীনভাবে প্রচারিত হওয়া দুর্যোগসংক্রান্ত খবরের অনেকটা জুড়েই এখন দেখা যায় নানা বয়সের অসহায় নারী-পুরুষের উপস্থিতি। দুর্যোগের সংবাদ কোনো রকম বিরতি না দিয়ে প্রচার করার জন্য বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপনের প্রচার বন্ধ করে দিয়েছে। বিয়োগান্তক এ জীবননাট্যের মাঝে জাপানের নৌবাহিনী ব্যতিক্রমী এক সাফল্যের মধ্য দিয়ে কিছুটা হলেও সান্ত্বনার বাণী জাপানের লোকজনকে আজ শোনাতে পেরেছে। সুনামির ঢেউয়ে ভেসে যাওয়ার তিন দিন পর ফুকুশিমা জেলার মিনামি সোমা শহরের অধিবাসী হিরোমিৎসু শিনকাওয়াকে (৬০) সমুদ্র থেকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার। ভেসে যাওয়া ভাঙা ছাদে আশ্রয় নেওয়া সেই ব্যক্তি দূর থেকে জাহাজটি দেখতে পেয়ে সমানে হাত নাড়ছিলেন এবং তাঁর ডাকে সাড়া দিয়ে নৌবাহিনীর জাহাজ উপকূলের প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। প্রাণে বেঁচে গিয়ে তীরে ফিরে আসার পর সেই বৃদ্ধকেও দেখা গেছে চোখের জলে ভাসতে। তবে শোকের অশ্রু সেটা ছিল না, বরং তা ছিল অভাবনীয়ভাবে জীবন ফিরে পাওয়ার আনন্দাশ্রু।