অশ্রুসিক্ত ঈদের সকাল
আমরা সবাই জানি ঈদ মানে, খুশি ঈদ মানে আনন্দ। শহর কিংবা গ্রাম, ধনী কিংবা গরিব প্রতিটি পরিবারের বছরের অন্য দিনগুলো যেমনি কাটুক ঈদের দিনটি হয় স্পেশাল। নতুন পাঞ্জাবি, পায়জামা, জুতা ছাড়া যেন ঈদই হবে না। বিশেষ করে, শিশুদের জন্য আরও স্পেশাল। বাবা তার জন্য নতুন কিছু কিনুক বা না কিনুক তাঁর ছেলেময়েদের জন্য নতুন কিছু যেন চাইই–চাই। আমার জীবনের একটি বেদনাদায়ক ও স্মৃতিময় একটি ঈদের কথা বলছি, আজ থেকে ১৫ বছর আগে তখন ৫ম শ্রেণিতে পড়তাম। প্রতিটি ঈদের মতো সেবারও বাবা আমার জন্য নতুন পাঞ্জাবি, পায়জামা, টুপি কিনে দিয়েছিলেন। কিন্তু জুতা ছিল পুরোনো। বাবা বলছিল, জুতা পরের ঈদে কিনে দেবে। আমি বললাম ঈদের নামাজও পরের ঈদে পড়ব। বাবা বাধ্য হয়ে চাঁদ রাতে আমার জন্য একটি সাদা কেডস নিয়ে এল। সেই খুশি সবকিছু রাতে যেন ঘুমই আসছিল না। কখন সকাল হবে আার সবাইকে সবকিছু দেখাব ঈদগাহে যাব আরও কত কি। যা হোক, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম গোসল করে নতুন পাঞ্জাবি, পায়জামা, জুতা, টুপি পরে বাবার হাত ধরে হেঁটে হেঁটে ঈদগাহের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে অনেকের সঙ্গে দেখা হলো কুশল বিনিময় করলাম, অনেক মজা করলাম। বুজতে হবে নতুন পোশাক বলে কথা মজাই আলাদা সবকিছু নতুন। যাই হোক ঈদগাহে পৌঁছালাম জুতা খুলে ঈদগাহের ভেতরে প্রবেশ করলাম নামাজ আদায় করলাম, মোনাজাত শেষে ঈদগাহের গেটে আসলাম। কিন্তু কষ্টদায়ক হলেও সত্যি, যেখানে আমার শখের সাদা জুতাটি রেখেছিলাম সেখানে আর নেই। অনেক কান্না করেছিলাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো, ঈদগাহ থেকে ১ কিলোমিটার পথ জুতা ছাড়া খালি পায়ে হেঁটে এসেছিলাম বাসায়...আজও মনে পড়ে সেই অশ্রুসিক্ত ঈদের সকালের কথা।