
প্রতিবছর আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় অনেকে। আহত হয় তার কয়েকগুণ বেশি মানুষ। এসব দুর্ঘটনার বেশির ভাগই ঘটে চালকের অসতর্কতা বা ঘুমিয়ে পড়ার কারণে। চালকের মনোযোগ ফেরাতে এবার তাই বিশেষ এক প্রযুক্তি উদ্ভাবন করলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা গবেষক প্রিয়ম চৌধুরী। এই প্রযুক্তির কাজ হবে চালক মুঠোফোনে আলাপে ব্যস্ত থাকলে কিংবা ঘুমিয়ে পড়লে সতর্কতা সংকেত বাজানো।
চুয়েটে স্নাতক শেষ বর্ষের সব শিক্ষার্থীকে নিয়ম অনুযায়ী গবেষণা প্রকল্প জমা দিতে হয়। কম্পিউটার কৌশল বিভাগের ছাত্র প্রিয়ম এই প্রযুক্তি তৈরি করেছিলেন সেই প্রকল্পের জন্যই। তার গবেষণাকাজ তত্ত্বাবধান করেন চুয়েটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মশিউল হক। গবেষণা প্রকল্পটি ইতিমধ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথমে চট্টগ্রাম জেলা পর্যায়ে ও তারপর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। বর্তমানে তাঁর উদ্ভাবিত প্রযুক্তিটি সম্প্রসারণের কাজও চলছে চুয়েটে।
প্রিয়ম জানান, প্রকল্পটিতে তিনি ব্যবহার করেছেন মাইক্রোসফটের গেমিং কনসোল এক্স-বক্সের ত্রিমাত্রিক গতিবিধি অনুধাবন যন্ত্র কানেক্ট এবং তাঁর নিজের তৈরি একটি সফটওয়্যার। চলন্ত গাড়িতে চালকের মুখের দিকে তাক করা থাকবে কানেক্ট। এটি গাড়ি চালানোর সময় চালকের মুখমণ্ডল ও ঠোঁটের গতিবিধির ওপর লক্ষ রাখবে। রাস্তা থেকে চালকের মুখ সরে গেলে কিংবা চালক কথা বললে কানেক্ট তা পরিমাপ করে সফটওয়্যারকে তথ্য পাঠাতে থাকবে। এসব তথ্য থেকে চালকের মনোযোগের স্তর নির্ধারণ করবে সফটওয়্যার। মনোযোগের স্তর ২০ শতাংশের নিচে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে চালককে সতর্ক করে দেওয়ার জন্য অ্যালার্ম বেজে উঠবে। অ্যালার্মটি শুনে চালক সতর্ক হলেই আবার তা বন্ধ হয়ে যাবে।
প্রিয়ম জানান, যেকোনো যানবাহনে খুব সহজেই এ যন্ত্রটি বসানো যাবে। সম্পূর্ণ প্রকল্পটি তৈরি করতে তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তাঁর প্রকল্পটি চট্টগ্রাম বিভাগে সেরা নির্বাচিত হওয়ার পর এখন জাতীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অন্য সেরা প্রকল্পগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রকল্পটিতে চোখের গতিবিধি নির্ণয়ের সুবিধাও যুক্ত করার জন্য কাজ করবেন বলে জানান তিনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তথ্যবিজ্ঞান, তড়িৎ ও দৃষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিআইইভি) উপলক্ষে প্রকাশিত একটি গবেষণাপত্রেও স্থান পেয়েছে এই প্রযুক্তিটি।
প্রিয়ম চৌধুরী আশা করেন প্রযুক্তিটি বাস্তবে প্রয়োগ করা হলে চালকের অসতর্কতাজনিত সড়ক দুর্ঘটনার হার কিছুটা হলেও কমবে। চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন তিনি। প্রকল্পে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তিনি তঁার প্রকল্প পরিদর্শক অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ মশিউল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর গবেষণা করার ইচ্ছা আছে তাঁর।
অধ্যাপক মোহাম্মদ মশিউল হক বলেন, গবেষণায় দেখা যায় যে প্রায় ৯৮ শতাংশ দুর্ঘটনাই ঘটে থাকে চালকের অসতর্কতার কারণে। চালকের মনোযোগ পরিমাপ ও নিয়ন্ত্রণের বিষয়ে প্রকল্পটির সম্প্রসারণ নিয়ে চুয়েটে আরও কাজ চলছে। সঠিকভাবে প্রয়োগ করা গেলে এটি ব্যবহার করে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।