অসম ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই নিশো, আমার একটা কাজ করে দিবি? আমার প্র্যাকটিক্যাল খাতার ছবিগুলো একটু এঁকে দে না দাদা। সামনে আমার পরীক্ষা, সময় বেশি নেই। দিবি?’ শুক্লাদির অনুরোধ। আগেই বলে নিই, কেন যেন খোদা আমাকে এই একটি গুণ দিয়েছিলেন, আমি মোটামুটি ভালো আঁকতে পারি। স্কুলের দেয়ালিকা, টুকটাক স্টেজ সাজানো—এসব কাজে আমার আগ্রহের কমতি ছিল না কখনো। পাশাপাশি ভালো ফলের কারণে কেউ কখনো এ বাড়তি কাজগুলোতে বাধা দিত না। আমি পড়ি দশম শ্রেণীতে, আর শুক্লাদি কলেজে। শুক্লাদি আমাদের বাড়িওয়ালার মেয়ে।নিচতলায়ই ছিল দিদিদের বাসা। অসাধারণ সুন্দরী আর ভালো ছাত্রী। বললাম, ‘হ্যাঁ, দেব।’ দুদিনের মধ্যে পুরো খাতা এঁকে দিলাম। দিদি প্রচণ্ড খুশি হলেন। একদিন বললেন, ‘জানিস, স্যার আমার খাতা দেখে অনেক প্রশংসা করলেন। আমার ভালো লাগল শুনে।’ এভাবেই এক, দুই করে কথা হতো দিদির সঙ্গে। আমিও মাঝেমধ্যে দু-একটি পড়ালেখার সমস্যা নিয়ে কথা বলতাম, দিদির বাসায় যেতাম। ধীরে ধীরে শুক্লাদির জন্য আমার কাজের পরিধি বাড়তে থাকে। মাঝেমধ্যে তাঁকে প্রাইভেট টিউটরের বাসায় পৌঁছে দেওয়া, মার্কেটে সঙ্গ দেওয়া, বান্ধবীর বাসায় নিয়ে যাওয়া, আবার কখনো মন্দিরে আনা-নেওয়া—আমার অতিরিক্ত কাজের মধ্যে পড়ে গেল। দিদির পরীক্ষার সময় চলে এল। প্রথম পরীক্ষার দিন আমি সিঁড়ি বেয়ে নিচে নামছি আর দিদি পরীক্ষার জন্য ঘর থেকে বেরোচ্ছেন, ‘এই, পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য আশীর্বাদ করিস।’ আমি হাসলাম। বিকেলে দেখা হলে জিজ্ঞেস করলাম, ‘দিদি, পরীক্ষা কেমন হয়েছে?’ ‘খু-উ-ব ভালো রে, তোকে দেখে গিয়েছিলাম না! হা হা হা। তুই না অনেক পয়া আমার জন্য।’ এরপর কোনো পরীক্ষায় আমার সঙ্গে দেখা না করে যেতেন না। মাঝেমধ্যে দোরঘণ্টি বাজিয়ে সিঁড়িতেই জোরে জোরে বলতেন, ‘কই, আমার পয়া মুখখানি কই?’ আমার খুব অস্বস্তি আর লজ্জা লাগত।লিখিত পরীক্ষা শেষ। এখন ব্যবহারিক শুরু হবে। দিদির আবদার, সব কটি পরীক্ষায় তাঁর সঙ্গে কলেজে যেতে হবে। কী জ্বালা! আমার মা-বাবাও দেখি দিদির পক্ষে। বলেন, ‘যা না, মেয়েটা যখন এ রকম ভাগ্যে বিশ্বাস করে!’ এভাবেই দিদির সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে। আর পরীক্ষা শেষ হওয়ার পর তো দিদি একেবারে মাস্টার বনে গেলেন। এভাবে পড়তে হবে, এটা করা যাবে না, ওটা করতে হবে, এই অসময়ে কোথায় যাচ্ছিস, আড্ডা কমিয়ে দে—ইত্যাদি। কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম, যখন দিদি ভার্সিটি কোচিংয়ে ভর্তি হলেন। এখন তাঁর নতুন ঝোঁক পেয়ে বসল, মাঝেমধ্যে ঘণ্টা হিসাবে রিকশা ভাড়া করে ঘুরে বেড়ানো; আর যথারীতি তাঁকে সঙ্গ দিতে হবে আমাকে। প্রথম দিকে বিরক্ত লাগলেও এখন আর দিদির সঙ্গ খারাপ লাগে না। কেমন যেন অন্তর থেকে টান অনুভব করি। মাঝেমধ্যে দিদির অভাব মনকে নাড়া দেয়।ফল বেরোল। দিদি স্টার মার্কস নিয়ে পাস করলেন। বাসার সবাই খুব খুশি। দিদি একগাদা মিষ্টি নিয়ে হাজির। ‘তোকে আজ মিষ্টি খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলব! নে খা, হাঁ কর’—বলে আমার মুখে জোর করে পুরতে থাকেন। বাসার সবাই খুব মজা পায় তাঁর এ পাগলামোতে। পরে দিদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সময় গড়িয়ে চলে। আমিও একসময় পাস করে মেডিকেলে ভর্তি হই। ভার্সিটিতে দিদির প্রায় শেষ দিক। একদিন শুনি দিদির বিয়ের কথাবার্তা চলছে। কেমন জানি ভীষণ মন-খারাপ-লাগা শুরু হলো। আরে জ্বালা, দিদির বিয়ে তো আমার মন কেন খারাপ হচ্ছে! দিদিও এখন কেমন গম্ভীর হয়ে থাকেন। বিয়ের দিনক্ষণ ঠিক হয়। পাত্র প্রবাসী। বিয়ের পর সপরিবারে চলে যাবেন। বিয়ের দুদিন আগে দিদি আমাকে ডেকে বললেন, ‘নিশো, তুই আমার শেষ একটা কাজ করে দিবি?’ বলো। ‘আমার বিয়ের ঘর সাজানোর কাজটা তুই করে দিবি?’ ‘দেব।’ পরদিন বিয়ে। আমি কয়েকজন বন্ধুসহ রাত জেগে ঘর সাজাচ্ছি। শুক্লাদি গম্ভীর মুখে এদিক-ওদিক ঘুরছেন। আমারও কেন যেন অজানা কষ্ট হচ্ছে। একসময় দিদি আমাকে ডেকে বললেন, ‘তোর সঙ্গে আমার কথা আছে।’ বললাম, ‘বলো।’ দিদির চোখ বেয়ে পানি ঝরছে। ‘কাঁদছ কেন?’ বললেন, ‘তুই বুঝবি না। আর শোন, কালকে তুই আমার অনুষ্ঠানে থাকবি না। কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করবি না। আমার সামনে আসবি না।’ তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন। একটু ধাতস্থ হয়ে বললেন, ‘আমার কথা কি মনে থাকবে তোর?’দিদি, আমি কিন্তু তোমার কথা রেখেছি। তোমার বিয়েতে থাকিনি (তুমি বললেও আমি থাকতে পারতাম না)। কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করিনি। কোনো দিন সাহস করে বলিনি, আমিও তোমাকে ভালোবাসতাম। তুমি কোথায় কেমন আছ?নিশো, সিলেট।