
মাস ছয়েক আগের কথা। সবে তৃতীয় বর্ষ ফাইনাল দিয়েছি। আমি আর আমার কয়েকজন সহপাঠী একটা কোর্সসংক্রান্ত কাজে ক্যাম্পাসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম।
হঠাৎই মাঝারি গড়নের, মধ্যবয়স্ক এক লোককে দেখলাম আমাদের দিকে এগিয়ে আসতে। স্বভাবতই আমরা চুপ হয়ে গেলাম। লোকটির চোখে-মুখে বিষণ্নতা যেন পড়া যাচ্ছিল। বললেন, তিনি এক সাহায্যপ্রার্থী পিতা। তাঁর মেয়ে সন্তানসম্ভবা, হাসপাতালে আছে। রক্তের খুব প্রয়োজন। তিনি যে রক্তের গ্রুপের কথা বলছেন, আমি সেই গ্রুপের ধারক নই। খোঁজ নিয়ে জানলাম, আমারই এক সহপাঠীর রক্তের গ্রুপ তাঁর কাঙ্ক্ষিত গ্রুপটির সঙ্গে মিলে যায়। সহপাঠীর সঙ্গে যোগাযোগ করলাম। কিন্তু সে বলল, পরিবারের কাউকে না জানিয়ে সে রক্ত দিতে পারবে না। ছোট্ট শহরের রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যেমনটা হয় আর কি। পরিবারের মত না নিয়ে কারও জীবন বাঁচানোও দায়! বাধ্য হয়েই সেই বাবাকে আমার অপারগতা জানালাম। আমার জানামতে আর যেসব জায়গায় রক্ত পাওয়া যেতে পারে, তাকে সেসবের খোঁজ দিলাম।
ক্যাম্পাস থেকে ফেরার পথে লোকটির সঙ্গে আবার দেখা। তখনো কোনো ব্যবস্থা হয়নি। তাঁকে শান্ত করতেই তাঁর ফোন নম্বরটা টুকে নিলাম। বললাম, যদি কোনো ব্যবস্থা করতে পারি আমি জানাব। বাসায় ফিরে খুব অস্থির লাগছিল, রাতে ঠিকমতো ঘুমোতেও পারিনি। সকালে উঠেই ওই নাম্বারে ফোন করলাম। লোকটি আমার কণ্ঠ শুনেই চিনতে পারলেন। বললেন, ‘মায়া গো, অহনো কোনো ব্যবস্তা অইসে না।’ আমি বললাম, ‘চাচা মন ভাইঙ্গেন না, দেখছি কিছু করা যায় কি না।’
ফোন রেখেই ওই সহপাঠীকে আবার ফোন করলাম। সবকিছু খুলে বললাম। কিন্তু পারিবারিক কারণে এবারও সে রক্তদানে অসম্মতি জানাল। খুব খারাপ লাগছিল সেদিন। ফেসবুকে বিভিন্ন পেজে সাহায্য চেয়ে পোস্ট করলাম। লোকটার ফোন নম্বর দিয়ে দিলাম। আদৌ তাতে ফল হয়েছিল কি না, জানতে পারিনি।
গর্ভযন্ত্রণা কাতর এক মা আর সেই যন্ত্রণার ভাগ নেওয়ার চেষ্টায় ব্যাকুল এক বাবার কথা বারবার মনে পড়ছিল। বহুবার একটা খোঁজ নেব বলে কল লগে ঢুকেছি। কিন্তু অজানা শঙ্কায় প্রতিবারই আড়ষ্ট হয়েছি। আজও জানি না, কেমন আছেন সেদিনের ওই নারী, তাঁর সন্তান। সেই বাবার নম্বরটাও যে আমি হারিয়ে বসে আছি।
লেখক: চতুর্থ বর্ষ, ইংরেজি বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ