সময়টা ঠিক উৎসবের মতো। অস্ট্রেলিয়ার নানা শহর থেকে লোকজন জড়ো হয় সিডনি কিংবা মেলবোর্নে। আয়োজন করা হয় জমজমাট এক দৌড় প্রতিযোগিতার। প্রতিযোগীদের পাড়ি দিতে হয় সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত ৮৭৫ কিলোমিটার দূরত্ব। দৌড় শেষ করতে লেগে যায় ছয় থেকে সাত দিন। এমন দীর্ঘ পরিশ্রম করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। তা ছাড়া প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের। প্রতিযোগীদের বয়স হয় ৩০ বছরের নিচে। কিন্তু ১৯৮৩ সালের প্রতিযোগিতায় ঘটল এক দারুণ ব্যতিক্রম। দৌড় শুরু হওয়ার ঠিক আগে-আগে প্রতিযোগীদের কাতারে এসে দাঁড়ালেন ৬১ বছর বয়সের এক বৃদ্ধ। দৌড়াবেন তিনিও। প্রথমে অবাক হলেও একটু পরই সবার মধ্যে পড়ে গেল হাসির রোল। এমন কাণ্ড যে দেখা যায়নি আগে কখনো। রেফারি সংকেত দিতেই শুরু হলো দৌড়। ধীরগতিতে দৌড়ানো শুরু করলেন জেদি পাগলাটে এক বৃদ্ধ। তখনো কেউ জানত না, এ মানুষটিই জন্ম দেবেন নতুন এক ইতিহাসের। মনের জোরে মাইলের পর মাইল পাড়ি দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এ বৃদ্ধের গল্পই শুনব আজ আমরা।কঠিন প্রশিক্ষণক্লিফ ইয়ং পেশায় একজন আলুচাষি। শৈশবটা কেটেছে অভাব-অনটনে। তাঁদের নিজস্ব কোনো ঘোড়া ছিল না। প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার কাজে নিজের পা দুটিকেই ব্যবহার করতেন ক্লিফ। যে জমিতে ভাড়ায় কাজ করতেন, সেটির আকার ছিল দুই হাজার একর। মেষ চরানোর জন্য পুরো জায়গাটা কিছুদিন পর পরই চক্কর দিতে হতো তাঁকে। প্রথম দিকে ক্লান্তি তাঁকে কাবু করলেও ধীরে ধীরে সহ্য হয়ে গিয়েছিল সব। মনের জোর ভীষণ। ভয় পেতেন না কোনো কাজে। খুব ইচ্ছা ছিল, অংশ নেবেন সিডনি-মেলবোর্ন ম্যারাথন দৌড়ে। কিন্তু জীবনের কঠিন সময়ে পাননি একটুও অবসর। দিনভর কাজ করে যেতে হয়েছে পরিবারের জন্য। সুযোগ তাঁর মিলল ঠিকই, তবে অনেকটা দেরি করে। বয়স এসে ততক্ষণে ঠেকেছে ৬১তে। শরীরে শক্তি নেই আর আগের মতো। আছে শুধু সাহস। তবু এই বয়সে এমন পাগলামি করার মানে হয় না। মায়ের কাছে গিয়েই নিজের মনোবাসনার কথা জানালেন ক্লিফ। ছেলে যেমন, মাও তেমন। কেউই কারও চেয়ে কম যান না। তাই তো মা হয়ে গেলেন বৃদ্ধ ক্লিফের একমাত্র প্রশিক্ষক। অর্থের ঘাটতির কারণে ক্লিফ কিনতে পারলেন না দামি জুতা। পুরোনো জুতা পায়ে গলিয়েই মায়ের কাছ থেকে নিতে থাকলেন একটানা দীর্ঘ পরিশ্রম করার মন্ত্রণা। ‘বয়স নিয়ে কথা বলতে চাই না, আমার ছিল মনের জোর আর দুঃসাহস। তার জোরেই এগিয়ে যেতাম আমি।’ বলছিলেন ক্লিফ। দৌড়ের সময় কোনো ঘড়িও ব্যবহার করতেন না তিনি। সূর্যের চেহারা দেখেই ঠাওর করে নিতেন সময়টা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। প্রথমবারের মতো দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন ক্লিফ। সবার হাসি-ঠাট্টাকে উপেক্ষা করে এমন কাজ করা সত্যিই দুঃসাহসের শামিল।কচ্ছপের গতিসিডনি-মেলবোর্ন ম্যারাথন দৌড় শেষ করতে সময় লেগে যায় সাত দিন। প্রতিযোগীরা দিনের ১৮ ঘণ্টা দৌড়ান আর বাকি সময়টা ঘুমান। দৌড়াতে-দৌড়াতে পথের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ পরিশ্রমের ক্ষমতা না থাকলে এমন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিপজ্জনক। ক্লিফ ইয়ংয়ের মতো বুড়োকে দৌড়াতে দেখে বিস্ময়ের সীমা ছিল না অনেকের। কৌতূহল নিয়ে হামলে পড়েছিল পত্রিকা আর টিভি চ্যানেলের লোকজন। শুরুতেই সবার পেছনে পড়ে যান তিনি। কচ্ছপের গতিতে ধীরে ধীরে এগোতে থাকেন ক্লিফ। প্রথম দিনেই পিছিয়ে পড়েন অনেকটা, তবে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার জন্য বেছে নিলেন নতুন এক কৌশল। ছয় ঘণ্টা ঘুমিয়ে অযথা ব্যয় করলেন না সময়টা। সারা রাত ধরে টানা দৌড়াতে লাগলেন। পর পর পাঁচ দিন কাটালেন নির্ঘুম রাত। দৌড়ে একে একে পেছনে ফেললেন সবাইকে। ক্লান্তি ঘিরে ধরলেই সামান্য সময়ের জন্য বিশ্রাম নিয়ে শুরু করেন দৌড়। ক্লিফ শুধু দৌড়টা শেষ করতে চাইছিলেন। অন্য কোনো ভাবনায় নিজেকে জড়িয়ে সময় নষ্ট করার ইচ্ছা ছিল না তাঁর। পাঁচ দিন ১৫ ঘণ্টা চার মিনিট পর সফল হলেন ক্লিফ। শেষ করলেন দৌড়। অবাক হয়ে মানুষ দেখল এমন আশ্চর্য কাণ্ডটি। মায়ের প্রশিক্ষণ বৃথা যায়নি। তাঁকে নিয়ে যারা ঠাট্টা করছিল, তাদের বুড়ো আঙুল দেখিয়ে প্রথম স্থান অধিকার করলেন ক্লিফ। শরীরজুড়ে ক্লান্তি তখন তাঁর। একটানা ঘুম দরকার। সফল হওয়ার আনন্দে তবু মুখে লেগে আছে হাসি।রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন ক্লিফ ইয়ং। পরিণত হয়েছেন জাতীয় বীরে। পত্রিকার লোকজন বড্ড বিরক্ত করেন তাঁকে। শুনতে চান সফল হওয়ার পেছনের কাহিনি। এসব করে অবশ্য সময় অপচয় করেননি ক্লিফ। ৭৬ বছর বয়স পর্যন্ত অংশ নিয়েছেন নানা দৌড় প্রতিযোগিতায়। ক্লিফকে দেখে বলতেই হয়, মনের জোর, সাহস আর প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকলে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই। বয়সের ব্যবধান তো এসব ক্ষেত্রে অতি তুচ্ছ।— ওয়েবসাইট অবলম্বনে