অসম্ভবকে সম্ভব করাই তোমার কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

টানা চারবার পরীক্ষায় অংশ নিয়ে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ–প্লাসসহ কৃতিত্বের সঙ্গে পাস করেছেন এপলাস চৌধুরী। জীবন মানেই পরীক্ষা। শিগগিরই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ ছাড়া অন্যান্য পরীক্ষা থাকছে সারা জীবনই। রস+আলোর এই বিভাগে পরীক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে লেখাটি লিখলেন এপলাস চৌধুরী।
আমরা অনেকেই ভাবি—হায়, সাফল্য যদি সহজে পাওয়া যেত! দুঃখের বিষয়, সাফল্য ছেলের হাতের মোয়া নয়। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পরিশ্রমের পর আসে চূড়ান্ত সাফল্য। বন্ধুরা, আমরা জানি, পরীক্ষা হয় প্রশ্নের মাধ্যমে। এর সঙ্গে পাঠ্যবইয়ের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। তার ওপর সৃজনশীল পদ্ধতি প্রণীত হওয়ায় পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা এখন শূন্যের কোঠায়। সাধারণত সব পরীক্ষার জন্যই কয়েক সেট প্রশ্ন তৈরি হয়। তবে ভয়ের কিছু নেই, যথাযথ পরিশ্রম করলে সবগুলো সেটই সংগ্রহ করা সম্ভব। মনে রাখবে, সাফল্যের কোনো শর্টকাট নেই। প্রশ্ন হাতে পাওয়ার পর সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো এর সমাধান সংগ্রহ করা। সাধারণত প্রশ্নপত্রের সঙ্গেই সমাধান থাকে। তবে এগুলো থাকে ভুলে ভরা। সবচেয়ে ভালো হয় যদি কোনো মেধাবী বড় ভাই বা সহপাঠীর কাছ থেকে সমাধান করে নিতে পারো। ফটোকপির দোকানেও এখন সমাধান পাওয়া যায়। এত পরিশ্রমের পর সমাধান মনে না থাকাটাও অসম্ভব কিছু নয়। তাই লজ্জার কিছু নেই। মনে না থাকলে ছোট কোনো কাগজে লিখে নিয়ে যেতে পারো।
সব সময় নিজের ওপর বিশ্বাস রাখবে। গুজবে কান দেবে না। অনেকে অনেক কথাই বলবে, পিছুটান আসবেই। একদল অসাধু চক্র ভ্রান্ত প্রশ্নপত্রে বাজার সয়লাব করার চেষ্টায় লিপ্ত আছে। এ ক্ষেত্রে তোমাকে চিন্তা, বিচার–বিবেচনার মাধ্যমে দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এসব গুণ থাকলেই তুমি কেবল সঠিক প্রশ্নটি পাবে। 

মনে রাখবে, প্রতিযোগিতার এই যুগে তুমি উদ্যমী না হলে অন্য কেউ এসে তোমাকে ডিঙিয়ে চলে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সাধারণত শেষের দিকে ফাঁস হওয়া প্রশ্নপত্র কমন পড়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এ ক্ষেত্রে তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। পরীক্ষার আগে শিক্ষামন্ত্রী বলতে পারেন—এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সেটা শুনে হতাশ হবে না। মনে রাখবে, আকাশে মেঘ থাকলেও সূর্য উঠবে, প্রশ্নও ফাঁস হবে।
তোমরা জানো, এ যুগ প্রযুক্তির যুগ, ফেসবুকে হালনাগাদ থাকো। বিশ্বস্ত কোনো গ্রুপের সদস্য হয়ে যাও। দেখবে সাফল্য তোমার পায়ে লুটাবে। আগে ধারণা করা হতো, পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু এখন সময় পাল্টেছে। আমি কোনো রকম পাঠ্যবই ছাড়াই সফল হয়েছি, তুমি কেন পারবে না?
বিখ্যাত নোটবই প্রকাশনা প্রতিষ্ঠান ঠক ব্রাদার্সের মালিকের বিখ্যাত একটা উক্তি আছে, ‘ইমপসিবল ইজ নাথিং!’ অর্থাৎ ‘অসম্ভবকে সম্ভব করাই তোমার কাজ!’ সুতরাং এগিয়ে যাও। নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো, সাফল্য আসবেই। মনে রাখবে, সততা বলতে কিছু নেই। এ দেশে ফলাফলই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ; কীভাবে—সেটা বড় কথা নয়।