অসময়ে কালভার্ট নির্মাণে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস আগেই জরাজীর্ণ চারটি কালভার্ট ভেঙে নতুনভাবে নির্মাণের জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৪১ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা শুষ্ক মৌসুমে কাজ শুরু করেননি। সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ার পর ওই সব বক্সকালভার্ট নির্মাণ শুরু করেন ঠিকাদারেরা। অসময়ে কালভার্ট নির্মাণ করায় জনগণ যাতায়াত করতে গিয়ে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর সড়কের চারটি বক্সকালভার্ট নির্মাণকাজ ধীর গতিতে চলছে। কার্যাদেশ মতে, এসব বক্সকালভার্ট নির্মাণের মেয়াদ গত ২ মে শেষ হলেও এখনো অর্ধেক কাজও শেষ হয়নি। এ কারণে গোরকঘাটা-শাপলাপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর সড়কের ঝুঁকিপূর্ণ চারটি কালভার্ট নির্মাণের জন্য গত বছরের শেষের দিকে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৪১ লাখ টাকা বরাদ্দ দেয়। এসব নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমহক, মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স, মেসার্স কায়সার এন্টারপ্রাইজ ও মেসার্স শিমুল এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী, চলতি বছরের ২ জানুয়ারি কাজ শুরু করে গত ২ মে নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারেরা যথাসময়ে কাজ শুরু করেননি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাপের মুখে গত মাসে বক্সকালভার্টের নির্মাণকাজ শুরু হলেও এখনো অর্ধেক কাজ শেষ হয়নি। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় তিনটি বক্সকালভার্টের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। এতে চলতি মাসেই কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনেশপুর এলাকার বাসিন্দা নুরুল আলম ও কামাল হোসেন বলেন, কালভার্টগুলো নির্মাণ করার জন্য অনেক আগে বরাদ্দ দিলেও সেই সময়ে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেননি। এখন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেছেন। এতে জনগণ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।এ বিষয়ে প্রশ্ন করা হলে দায়িত্বপ্রাপ্ত মেসার্স শিমুল এন্টারপ্রাইজের ঠিকাদার আব্দুর রশিদ বলেন, নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসের মধ্যেই কালভার্টের নির্মাণকাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।উপজেলা সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বক্সকালভার্ট নির্মাণের দায়িত্ব পেয়েছিল তারা অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কাজ বিক্রি করে দিয়েছিল। পরে চাপের মুখে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরাই কাজ শুরু করেন। এই কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, কার্যাদেশ অনুযায়ী কাজের মেয়াদ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে। ৩০ জুনের মধ্যে কালভার্টের নির্মাণকাজ শেষ না হলে বরাদ্দকৃত টাকা বাজেয়াপ্ত করা হবে।