অসময়ে চলে যাওয়া
অনীক আমার ছোট বোনের একমাত্র ছেলে। যে বোনটা আমার হাসলে ফুল ফুটত, আর রাগলে ঝড় উঠত। সেই উচ্ছল, হাসিখুশি, চঞ্চল বোনটার হাসি, আনন্দ, সুখ, উচ্ছলতা সব নিয়ে মহান প্রভুর ইচ্ছায় অনীক চলে গেছে না-ফেরার দেশে। রেখে গেছে তার প্রিয় আব্বু, আম্মু, তার প্রিয় গাড়ি, প্রিয় টম আর তার প্রিয় ঘর। এখনো আম্মু অপেক্ষায় থাকে ছেলে আসবে। বলবে, ‘আম্মু, খিদা লেগেছে, খাইয়ে দাও।’ আব্বুর কত কথা ছেলেকে নিয়ে। মা-বাবার রাতের ঘুম নিয়ে ছেলে চলে গেছে, চির ঘুমের দেশে। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ছেলের প্রতীক্ষায় থাকে মা-বাবা। কিন্তু যে একবার কবরের মাটিতে শুয়ে যায়, সে কি আর আসে? ছোট্ট অনীক, কী যে মিষ্টি ছিল দেখতে। পরিষ্কার, টলটলে চেহারা। ছোট বোনটি আমার, অল্প বয়সে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর রোজই যেত মায়ের বাড়ি, কাজেই ওই এলাকায় মায়ের বাসার প্রতিবেশীদের সঙ্গেও খুব ভালো চেনাজানা ছিল। ছোট অনীককে নিয়ে যখন মা-বাবা আসত নানুবাড়িতে, তখন অনেক প্রতিবেশী নানুই তাকে খুব আর করত। যখন প্রায় একই বয়সী খালাতো ভাইয়েরা একসঙ্গে নানুর বাসায় একত্র হতো, তখন বাসাজুড়ে তাণ্ডব হতো। বিছানা, বালিশ, ঘরদোর, সোফা—কোনো কিছুই প্রকৃত চেহারায় থাকত না। ছোটাছুটি, খেলা আর ছিল অনীকের হাসি। আরম্ভ হলে আর থামত না। আব্বা ঘুমিয়ে থাকলে বলা হতো, ‘অনীক থাম, নানু ঘুমায়’। চেপে হাসতে গিয়ে আরও হাসি বেড়ে যেত তার। কত বলি, ‘অনীক, কেমন করে চলে গেলি। আর আসলি না। তোর মা-বাবাকে কী করে বুঝ দিই।’ ২২ বছরের তাজা টগবগে একমাত্র ছেলেকে হারিয়ে তারা দুজন আজ নিঃসন্তান। কত রাতের পর রাত নিজের ঘর ছেড়ে বাবা-মায়ের মাঝে শুয়ে গল্প করত। কখনো বেশি রেগে গেলে, মাকে পরে বলত, ‘মা, তুমি তো জানো, তোমার ছেলের তার ছেঁড়া, যখন আমার বেশি রাগ হয়, তখন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে।’ মা বলে আর কাঁদে। অ্যাপার্টমেন্টের দারোয়ান, রাস্তার হকার—সবাইকে সে সাহায্য করেছে। অনেককে শীতের সময় তার সোয়েটার, কোর্ট ইত্যাদি দিয়েছে। গরিব হকারকে বাসার সামনে বসার ব্যবস্থা করে দিয়েছে। অনেক সময় নিচে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলে নিজের একটা কিনত, ওদের জন্য আরেকটা কিনত। মারা যাওয়ার আগে সবার কাছে মাফ চেয়েছে, কেন? মাকে এ কথাও বলেছিল, ‘মা, তুমি আমার সম্পত্তির অংশটা নিয়ো।’ মা এখন বলে, ‘আহা! কেন, কিছু বুঝতে পারলাম না, ছেলে কেন এ কথাগুলো বলল।’ কেউ কি ভাবতে পারে হঠাৎ করে এ বয়সের একটা ছেলে মরে যাবে? এত গোছানো ছিল। ওর ব্যাংকের কাগজপত্র, গাড়ির কাগজপত্র কোনো কিছু পেতে বাবার কোনো অসুবিধা হয়নি। বাবা একদিন ভোটার আইডি কার্ড নিয়ে এল, কাঁদল। ছেলে নেই। কেউ বিশ্বাস করতে পারছিল না অনীক নেই, অনীক মরে গেছে। ২২ ফেব্রুয়ারি আমার অনীকের দ্বিতীয় মৃত্যুদিন।ফওজিয়া শারমীনধানমন্ডি, ঢাকা।