অসহনীয় যন্ত্রণায় ভুগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা

আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল ইশরাত। সৃষ্টিকর্তা ওকে কিছু গুণ দিয়েছিল। তবে আমাকে আকর্ষণ করত ওর চিন্তাভাবনা ও ইতিবাচক মনোভাব। কথা বলার ধরন দেখেই ও বুঝে ফেলত আমার মনের অবস্থা। আমরা সব সময় খোঁজ নিতাম একে অপরের। এক দিন ক্লাসে না গেলে ও সোজা আমাদের বাসায় চলে আসত। আমার লেখা কবিতায় ও ছন্দ মেলাতে সহযোগিতা করত। শত অন্যায় করলেও থাকত আমার পক্ষে। এসব ঘটনা ২০১১-১২ সালের। ২০১৩ সালের এপ্রিলে ও আমাদের ছেড়ে চলে যায়। ওর মৃত্যুর পর থেকে আজ অবধি শুধুই মনে হয়, ও আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাকে বিভিন্ন উপদেশ দিচ্ছে। ওর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী এলে আমি অসহনীয় যন্ত্রণায় ভুগি। আমি কী করব বুঝতে পারি না।

নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

তুমি চার বছর ধরেই তীব্র মানসিক পীড়ায় ভুগছ বোঝা যাচ্ছে। মেয়েটি তোমার প্রতি খুব যত্নশীল ছিল, প্রতিদিন তোমাদের দেখা হতো, অনেক কথাও হতো। বিশেষ করে মেয়েটি তোমাকে খুব ভালোভাবে বুঝত বলে ওর প্রতি তুমি আবেগীয়ভাবে অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিলে। হয়তো বা তোমার মনে হয়েছে, এমন করে কেউ তোমাকে কখনো বোঝেনি। ওর কাছে একেবারে নিঃশর্ত গ্রহণযোগ্যতাও পেয়েছিলে। মনে হচ্ছে, তুমি নিজেকে যতটা সম্মান করো ও ভালোবাসো, মেয়েটি তোমাকে তার চেয়েও বেশি ভালোবেসেছিল। যে কারণে কোনো অন্যায় করলেও সে তোমাকে সব সময় সমর্থন করত। তবে এত বছর ধরেও যে তুমি প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট মোকাবিলা করতে পারছ না, সেটি দুশ্চিন্তার বিষয়।

মেয়েটির মৃত্যু স্বাভাবিক ছিল কি না, তা জানাওনি। সেই তথ্য পেলে হয়তো কিছুটা বোঝা যেত, ওর এই অকালমৃত্যু তোমাকে বাড়তি কোনো কষ্ট দিচ্ছে কি না। আমরা যখন খুব আপন কাউকে একেবারে অপ্রত্যাশিতভাবে হারিয়ে ফেলি, তখন সেটির সঙ্গে মানসিক যুদ্ধটি অনেক বড় আকারে হয়। তবে এই শোকানুভূতির প্রক্রিয়াটি এত দীর্ঘদিন ধরে চলার কথা নয়। কেউ এভাবে হঠাৎ হারিয়ে যাওয়ার পর আমরা মানসিকভাবে কিছু ধাপ অতিক্রম করি, যা একটি চক্রের মতো ঘুরতে থাকে। প্রথম ধাপটি হচ্ছে অস্বীকৃতি, অর্থাৎ আমাদের মন বিশ্বাসই করতে চায় না যে ঘটনাটি সত্যিই ঘটেছে। এরপরের পর্যায়টি হচ্ছে রাগ। তখন যে চলে গেছে তার প্রতি, নিজের প্রতি, সমাজ ও পরিবারের প্রতি অথবা কখনো সৃষ্টিকর্তার ওপরেও আমরা প্রচণ্ড রাগ অনুভব করতে থাকি। এরপর যা হয় তা হচ্ছে, নিজের মনের ভেতর নানা রকম দর–কষাকষি চলতে থাকে। নিজের ভুলগুলোর নানা রকম পর্যালোচনা ও বিশ্লেষণ চলতে থাকে সেই সময়ে। এরপর আমরা গভীর বিষণ্নতায় ডুবে যাই এবং মনের ভেতরে প্রচণ্ড শূন্যতা অনুভব করি। সবশেষে আমরা বুঝতে পারি ঘটনাটি আমার জীবনের একটি বাস্তবতা এবং আমাকে এটি গ্রহণ করে নিয়েই জীবনের বাকি পথটি পাড়ি দিতে হবে। এই সময়ে আমরা ধীরে ধীরে স্বাভাবিকভাবে সবকিছুতে মনঃসংযোগ করতে সমর্থ হই।

তোমার চিঠিটি পড়ে মনে হচ্ছে, তুমি বারবার ‘অস্বীকৃতি’র পর্যায়টিতে ফিরে যাচ্ছ। বিষয়টি সাধারণত এত দিন ধরে চলার কথা নয়। বেশির ভাগ মানুষ এক থেকে তিন মাসের মধ্যে এ ধরনের শোকগুলো বেশ খানিকটা কাটিয়ে ওঠে। তোমার ক্ষেত্রে যেহেতু তা ঘটছে না, তাতে বোঝা যাচ্ছে তুমি যৌক্তিকভাবে বাস্তবতাকে গ্রহণ করে নিয়ে মেয়েটিকে বিদায় জানাতে পারোনি। এ অবস্থা চলতে থাকলে আমার অনুরোধ থাকবে তুমি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী মনোবিদের কাছ থেকে সাইকোথেরাপির সহায়তা নাও। সেই সঙ্গে মেয়েটির আত্মা যেন শান্তি পায়, সে জন্য প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে দোয়া চাও।