অসহায়দের সহায় শিক্ষকেরাই বেতন পান না

কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ পুটিবিলা গ্রামের বাসিন্দা নেজাম করিমের মেয়ে কফি আক্তার জন্মের পর থেকেই এক চোখে একেবারেই দেখে না। স্বাভাবিক শিশুদের মতো লেখাপড়া করতে পারবে এমন আশা ছেড়ে দিয়েছিলেন তার মা–বাবা। কিন্তু সেটা সম্ভব করলেন ওই গ্রামেরই প্রতিবন্ধী বিদ্যালয়ের একদল নিবেদিতপ্রাণ শিক্ষক। তবে কফির মতো বহু শিক্ষার্থীর সহায় এই শিক্ষকেরাই অসহায়। গত তিন বছর ধরে বেতন পাচ্ছেন না তাঁরা।
মহেশখালী দক্ষিণ পুটিবিলা গ্রামের ওই বিদ্যালয়ের নাম মহেশখালী প্রতিবন্ধী প্রদীপালয় অটিজম বিদ্যালয়। প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুদের পাশাপাশি ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টিতে স্বাভাবিক-সুস্থ শিশুরাও পড়ছে। বিদ্যালয়ে ৪৫৭জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন সাতজন, যাদের সবাই নারী। আর কফির মতো শারীরিক প্রতিবন্ধিতার শিকার শিক্ষার্থী আছে ১৩জন।
সম্প্রতি বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের ১০টি শ্রেণিকক্ষে চলছে পাঠদান। কিন্তু শিশু থেকে পঞ্চম এই ছয়টি শ্রেণির জন্য পর্যাপ্ত টুল-বেঞ্চ নেই। প্রায় শ্রেণিতেই মেঝেতে শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে। শিক্ষকদের প্রশ্ন করে জানা গেছে, বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা উপকরণও নেই। শিক্ষকদেরও কেউ এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়নি। তবে প্রতিবন্ধী শিশুদের দিকে বাড়তি মনোযোগ ও সময় দেন তাঁরা।
কী করে চলে বিদ্যালয়টি? এ প্রশ্নের উত্তর জানা নেই অধিকাংশ শিক্ষকেরই। তিন বছর ধরে বেতন না পেলেও পাঠদান বন্ধ করেননি। শিক্ষকদের কথা, সন্তানতুল্য শিশুদের ফেলে যাওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে। মনের কষ্ট চেপেই কাজ করছেন কচি মুখগুলোর দিকে তাকিয়ে।
যাত্রা শুরুর পর প্রথম চার বছর স্থানীয় বাসিন্দাদের অনুদান ও সাহায্যে চলেছে বিদ্যালয়টি। ২০০৯ সালে এসআরপিভি নামের একটি বেসরকারি সংস্থা শিক্ষকদের বেতন–ভাতার দায়িত্ব নেয়। কিন্তু তিন বছর পর সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে শিক্ষকদের বেতন–ভাতাও বন্ধ হয়ে যায়। এরপর ২০১২ সালে এককালীন ৩৬ হাজার টাকা অনুদান দিয়েছিল মহেশখালী পৌরসভা।
প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১১ সালে বিদ্যালয়টির ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়। সমাজকল্যাণ অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কমিটির সভাপতি। আর প্রতিষ্ঠাতা আবুল বশর কমিটিতে আছেন সদস্য হিসেবে। যোগাযোগ করলে তিনি বিদ্যালয়ের করুণ অবস্থা তুলে ধরে জানান, এখন বিদ্যালয়ের তহবিলে আছে মাত্র তিন হাজার টাকা। বিদ্যালয়ের সভাপতি ইউএনও আবুল কালাম বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি।
গত ২৮ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পাঠ দিচ্ছিলেন িশক্ষক খুরশিদা বেগম। শিশুদের কাছে গিয়ে গিয়ে হাতে ধরে বর্ণ শেখাচ্ছিলেন তিনি। বললেন, এরা গ্রামের সুবিধা বঞ্চিত ছেলে-মেয়ে। তাই একটু বেশি যত্নের প্রয়োজন হয়। একই দৃশ্য দেখা গেল, প্রায় সব শ্রেণিকক্ষে। কোনো শিক্ষককেই বসে থাকতে দেখা গেল না। শিক্ষকেরা মুখের হাসিটুকুও ধরে রেখেছেন। বললেন, আশা করছি এই দুর্দিন থাকবে না। সরকার ঠিকই সুনজর দেবে।
তবে এ পর্যন্ত সরকারের সহায়তা মেলেনি। কেবল সমাজসেবা অধিদপ্তর পাঁচ শিক্ষার্থীকে মাসে তিন শ টাকা করে প্রতিবন্ধী ভাতা দিয়েই দায় সারছে। বিদ্যালয়টির নিজস্ব জায়গা না থাকায় জাতীয়করণও করা হয়নি।
এত সমস্যা সত্ত্বেও সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করছে বলে জানান সহকারী শিক্ষক সেলিনা আক্তার। এবার এ বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বেতন-ভাতা বন্ধ থাকলেও শিক্ষকেরা এই শিক্ষার্থীদের আলাদাভাবে পড়াচ্ছেন।
প্রধান শিক্ষক খুরশিদা বেগম বলেন, তিন বছর ধরে বিনা বেতনে বিদ্যালয়ে পাঠদান করছেন শিক্ষকেরা। বিদ্যালয়ের দরজা–জানালা ভাঙা। ১৫০ জোড়া টুল-বেঞ্চের জায়গায় আছে মাত্র ২৩ জোড়া। তবু শুধু প্রতিবন্ধীদের আলাদা ২০ মিনিট বেশি সময় ধরে পাঠদান করা হয়। এ বিষয়ে প্রশিক্ষণ না থাকলেও নিজেদের অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে পড়ান তাঁরা।
মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিস চিরান বলেন, নিজস্ব জায়গা না থাকায় বিদ্যালয়টি জাতীয়করণ করা সম্ভব হয়নি।