করোনাকালে অনেক ব্যক্তি-সংগঠনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সহায়তা করেছেন নানাভাবে। বান্দরবান শহরের বাসিন্দা শিমুল দাস পথে থাকা মানুষের খাবারের ব্যবস্থা করেন। এক দিন নয়, দুদিন নয়—১৩১ দিন তিনি ভবঘুরে, ভারসাম্যহীন দুস্থদের খাবার খাইয়েছেন। শোনা যাক সেই কাহিনি।
বড় ভাইয়ের কথায় শুরু
শিমুল দাসের বড় ভাই রাজেশ দাস। একদিন বাড়ি ফিরেই শিমুলকে ডাকলেন। তারপর তাঁর হাতে এক হাজার টাকা ধরিয়ে দিয়ে বললেন, ‘তাড়াতাড়ি যা, রাস্তায় অনেক লোক অভুক্ত, ওদের খাবার ব্যবস্থা কর।’ এটা গত বছরের ২৮ মার্চের ঘটনা। ২৯ বছর বয়সী শিমুল দাস এক বন্ধুকে বললেন তাঁর বাইক নিয়ে আসতে। বন্ধু এলেন। বাইকে ছুটে গিয়ে ভবঘুরেদের মধ্যে ২০ প্যাকেট খাবার বিতরণ করলেন। শিমুল বলেন, ‘ক্ষুধা যে কত ভয়ংকর, আমি দেখলাম। কয়েক দিন ধরে বান্দরবান শহরে এই মানুষগুলোর খাবার জুটছিল না।’
জীবনে একটা নতুন ঘটনা ঘটল। ক্ষুধার যন্ত্রণা প্রত্যক্ষ করে তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন তাদের খাবারের ব্যবস্থা করবেন। কিন্তু কীভাবে? তাঁদের পারিবারিক অবস্থা তেমন ভালো নয়। শিমুল ফেসবুকে স্ট্যাটাস দিলেন, ‘আপনার আশপাশে যারা না খেয়ে আছে, তাদের পাশে দাঁড়ান।’ সঙ্গে ভবঘুরেদের ছবিও দিলেন। কেউ করোনার ভয়ে এগিয়ে এলেন না। তবে শিমুলকে অর্থ সাহায্য করতে চাইলেন। তিনি তাঁদের সহায়তায় নিয়মিত কাজ শুরু করলেন। শিমুল দ্বিতীয় দিনও খাবারের প্যাকেট নিয়ে ছুটলেন অভুক্তদের কাছে।
প্রথম প্রথম এক বেলা করে খাবার বিলি করতেন শিমুল। কিন্তু এক বেলা খাবারে কি চলে! ‘শুরু হলো ৩০ জনের জন্য দুই বেলা করে খাবার বিতরণ। মা-বউদির কাজও বেড়ে গেল। প্রতিদিন কারও না কারও মোটরসাইকেল ধার নিতে হয়। মোটরসাইকেল চাই বলে কেউ কেউ আমার ফোন ধরাও বন্ধ করে দিলেন।’ বললেন শিমুল।
কিন্তু শিমুল তো দমবার পাত্র নন। রাস্তার কোনো মানুষকেই তিনি না খাইয়ে রাখতে চান না। ভিক্ষুকদেরও না। মানুষের সহযোগিতাও অব্যাহত থাকল। প্রায় দিনই মানুষের আর্থিক সহযোগিতা পান। ফেসবুকের স্ট্যাটাস কাজে দিল।
অসহায়, দুস্থ ও ভারসাম্যহীন লোকদের খাবার বিতরণ তাঁর অভ্যাসে পরিণত হলো। শিমুল বলেন, ‘এমন ভালো কাজ আমি জীবনেও করিনি। এটা যেন আমার সৌভাগ্য। অভুক্ত মানুষকে আমি খাওয়াতে পারছি। রাতে ঘুম হয় না। কখন সকাল হবে। কখন বাজার করব। কখন তাদের পাশে গিয়ে দাঁড়াব। ওরা যে আমার জন্য অপেক্ষা করবে। মা ঝর্ণা দাস ও বউদি লুনা বোস প্রথম প্রথম বিরক্ত হলেও তাঁরা আমার মতো ছটফট করতেন কখন রান্না করে হাতে খাবার তুলে দেবেন।’ শিমুলকে এ কাজে সাহায্য করেছেন তাঁর তিন বন্ধু মো. আইয়ুব, জাহিদুল ইসলাম ও রিফাত মীর্জা।
সন্ধান পেলেন স্বজনেরা
প্রতিদিনের খাবার বিতরণের ছবি-ভিডিও করে শিমুল ফেসবুকে দিতেন। তাতে বড় একটা লাভ হলো। ভারসাম্যহীন তিনজনের স্বজনেরা ছুটে এলেন। দীর্ঘদিন থেকে তাঁরা ছিলেন নিখোঁজ। তিনজনকে তাঁদের স্বজনেরা বাড়িতে নিয়ে গেলেন। এতে শিমুলের বাড়তি আনন্দ হলো, তাঁর কারণেই স্বজনেরা তাঁদের খুঁজে পেয়েছেন। এখন আর তাঁদের খাওয়ার কষ্ট হবে না। রোদ-বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকতে হবে না।
১৩১ দিন
দিন যায়। মাস যায়। শিমুলের কর্মসূচি অব্যাহত থাকল। তবে একসময় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করলে তাঁর কর্মসূচি বন্ধও হলো। তত দিনে গুনে গুনে ১৩১ দিন পথে থাকা মানুষের খাবার ব্যবস্থা করেছেন শিমুল। তিনি বলেন, ‘পুণ্য করলেই হয়তো এমন কাজের সুযোগ পাওয়া যায়। যাঁরা আর্থিক সহায়তা দিয়েছেন, তাঁদের প্রণাম জানাই। তাঁরা আমার পাশে না থাকলে এমন কাজ সম্ভব হতো না।’