অসহায় শিশুদের পুষ্টিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের ঊর্মি। প্রায় কঙ্কালসার। বয়সের সঙ্গে শরীরের গঠন মেলানো যায় না। মা সাহেদা বেগম জানান, মেয়ের কফের সমস্যা। নগরের পাথরঘাটা গির্জা এলাকা থেকে এসেছেন। বাবা জয়েদুল হোসেন রিকশাচালক। সাত মাস বয়সী পুষ্পিতার পাশেই বসে আছেন মা লাকি বেগম। ওর বাবার নাম রতন দে। পটিয়া থেকে এসেছেন তাঁরা। পুষ্পিতার গায়ে জ্বর, বমি করছে। শিশুর এ রকম বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এসেছেন মা-বাবারা। তবে সবারই মূল সমস্যা পুষ্টি। এদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পুষ্টি ব্লকে। এখানে ১৪টি শয্যা আছে। রোগী আছে সব শয্যায়। সবাইকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানা যায়। এর আওতায় রোগীদেরও প্রয়োজনীয় ওষুধ, খাবার, শয্যায় (বেডে) থাকার ব্যবস্থা রয়েছে।সকাল, বিকেল দুবেলা পুষ্টিকর খিচুড়ি দেওয়া হয়। পাশাপাশি ওজন অনুযায়ী প্রতিটি শিশুকে চারটি উপাদানের একটি খাবারও দেওয়া হয় প্রতিদিন। এর মধ্যে রয়েছে চিনি, সয়াবিন, দুধ ও ফিলওয়েল গোল্ড ট্যাবলেট। পুষ্টি ব্লকের তত্ত্বাবধায়ক, শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মাহমুদ এ চৌধুরী জানান, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এসব পুষ্টিকর খাবার তৈরি করে শিশুদের খাওয়াচ্ছি।’ ২০০৪ সালে গড়ে তোলা হয় পুষ্টি ব্লক। সেই থেকে এখানে গরিব ও অসহায় শিশুদের বিনা মূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা, কর্মচারীদের আর্থিক সহযোগিতায় চলছে এর কার্যক্রম। জানালেন অধ্যাপক মাহমুদ এ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা এসব অপুষ্ট শিশুকে যাতে দুবেলার পরিবর্তে আরও বেশি পরিমাণে খাওয়ানো যায় সে বিষয়েও ভাবছি। একই সঙ্গে আগামী দিনে এখানে একজন পুষ্টিবিদ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।’ হাসপাতালের কল্যাণ ও জাকাত তহবিল থেকে এসব রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়। আর্থিক অসংগতি যাচাই করে সম্পূর্ণ বিনা মূল্যে রোগীদের শয্যায় থাকার সুযোগ দেওয়া হয় বলে জানান হাসপাতালের উপপরিচালক নুরুল হক। তিনি বলেন, ‘এমনিতেও আমরা এসব রোগীদের কাছ থেকে শয্যার ভাড়া বাবদ একেবারে সামান্য পরিমাণ টাকা নিয়ে থাকি।’ রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে রোগী অনুপাতে শিশু ব্লকের শয্যাসংখ্যা পর্যাপ্ত নয়। বাড়তি চাপ থাকে। হাসপাতালের উপপরিচালক নুরুল হক বিষয়টি স্বীকার করে বলেন, ‘এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা পারতপক্ষে কোনো শিশুকে কখনো ফিরিয়ে দিতে চাই না। প্রয়োজনে তাদের স্বল্প সময়ের জন্য অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়।’ এ ছাড়া আগামী দিনে হাসপাতালের মহাপরিকল্পনায় (মাস্টারপ্ল্যান) শিশু ব্লক সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে বলে জানান উপপরিচালক।