সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাহায্যে তহবিল গঠনের জন্য আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শান্তনু বিশ্বাসের গান ও শুভ্রা বিশ্বাসের পাঠ অভিনয় উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে। ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন (বিএফইউডব্লিউ) চট্টগ্রাম শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। শুভ্রার পাঠ অভিনয়ের বিষয় ছিল কাজী নজরুল ইসলামের গল্প ‘রাক্ষুসী’। যুগে যুগে নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক ও সহিংস আচরণের চিত্রটি ফুটে উঠেছে তাঁর অভিনয়ে। গল্পের ধারাবাহিকতায় দেখা যায়, একজন নারী তাঁর স্বামীকে সৎ পথে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয়ে আপন অধিকার প্রতিষ্ঠায় হত্যা করেন তাঁর স্বামীকে। তাঁর কারাদণ্ড হয়। দীর্ঘদিন কারাভোগের পর আবার শুরু হয় তাঁর নিগ্রহের জীবন। নানাবিধ দুরাচারে সমাজ তাঁকে করে তোলে মানসিক বিকারগ্রস্ত। তাঁর নাম হয় রাক্ষুসী। পাঠ অভিনয় শেষে নাট্যজগতে অসামান্য অবদান রাখায় শুভ্রা বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপিকা রীতা দত্ত।এরপর সুরের ডালি নিয়ে মঞ্চে আসেন শান্তনু বিশ্বাস। ‘নও কাছে নও দূরে’ শিরোনামের গান গেয়ে তিনি শুরু করেন তাঁর পরিবেশনা। নিজের লেখা ও সুর করা গান এবং হারানো দিনের গানে গানে মাতিয়ে রাখেন সবাইকে। শান্তনু বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিএফইউডব্লিউ ঢাকা শাখার সভাপতি নাজমা সিদ্দিকি। সবশেষে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের পরিবেশনায় অ্যাপল শিরোনামের কৌতুক নাটিকাটি মুগ্ধ করে দর্শকদের।অনুষ্ঠানের শুরুতে আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি করে শ্রেণীতে শ্রেণীতে চলমান বিভেদ ঘোচাতে হবে। নতুবা আমরা সুন্দর স্বদেশ গড়তে পারব না।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএফইউডব্লিউ ঢাকা শাখার সভাপতি নাজমা সিদ্দিকি ও চট্টগ্রাম শাখার সভাপতি রুসেলি রহমান মাহমুদ।