অসহায়ের সহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঙ্গু ও দুস্থ শিশু বলে সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে, তাদেরই সুস্থ ও সুন্দর জীবনে নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছেন নাসরিন বাকী। তাঁর উদ্যোগে ১৯৯৪ সালে চট্টগ্রামের হালিশহরে গড়ে ওঠে ‘নার্চার সেন্টার ফর ডিজঅ্যাবল অ্যান্ড প্যারালাইজড’। শুধু তা-ই নয়, দুস্থ শিশুদের জন্যও গড়ে তুলেছেন ‘আমাদের পাঠশালা’ নামের একটি স্কুল। সেই স্কুল ও পঙ্গু-প্রতিবন্ধী মানুষের আশ্রয়স্থল ঘুরে এসে এবারের মূল রচনা হাসপাতাল থেকে ফোন এসেছে। রাঙামাটির শ্যামল চাকমা নামের এক যুবকের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। বাবার সঙ্গে মাছ বিক্রি করার সময় চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা। সেদিন প্রতিবাদ করেছিলেন শ্যামল। এতেই ক্ষিপ্ত হয়ে শ্যামলের হাড়গোড় ভেঙে পঙ্গু করে ফেলে গেছে ওরা। চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় তিন মাস ধরে চিকিৎসাধীন তিনি। শ্যামলকে সুস্থ জীবনে নিয়ে আসার আর কোনো উপায় নেই চিকিৎসকদের। তত দিনে পঙ্গুত্বের কথা শুনে স্বজনেরাও অনেক দূরে চলে গেছেন শ্যামলের কাছ থেকে। হাসপাতালও শ্যামলের পঙ্গুত্বের ভার বইতে অপারগ। ফোন পেয়েই হাসপাতালে ছুটে গেলেন নাসরিন বাকী। সব দেখেশুনে শ্যামলকে নিয়ে এলেন নিজের কাছে। নিজের প্রতিষ্ঠিত নার্চারে রেখে শ্যামলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি। নাসরিন বাকীর মমতা আর সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন শ্যামল। শ্যামল খুঁজে পেলেন তাঁর নতুন জীবন, নতুন স্বজন নাসরিন বাকীকে। যে শ্যামল একদিন নিজের জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই শ্যামল এখন হুইলচেয়ারে ভর করেই নার্চারের ভেতর দিনমান ছোট ছোট বাচ্চাদের পড়ানোর পাশাপাশি হইহুল্লোড়ে মেতে থাকেন। এখনো নিজের স্বজনেরা তেমন একটা খোঁজখবর নেন না শ্যামলের। কোনো আক্ষেপ নেই তাঁর। আগের মতোই হাসছেন, খেলছেন। ভালোই আছেন তিনি। শুধু শ্যামল নন, এমন অসংখ্য পঙ্গু মানুষের মুখে হাসি ফোটাতে সেই ১৭ বছর আগে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন মমতাময়ী নাসরিন বাকী।২.নাসরিন বাকী চট্টগ্রামের মেয়ে। সেন্ট স্কলাস্টিকা স্কুল আর চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকে পড়াশোনা শুরু করেন তিনি। এরই মধ্যে বিয়ে, তারপর যমজ দুই সন্তান। তাই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা আর বেশি দূর নিয়ে যাওয়া হয়নি তাঁর। পড়ালেখা ছেড়ে ব্যস্ত হয়ে পড়লেন সন্তানদের যত্ন-আত্তি আর ঘরকন্নার কাজে। দিন যায়, মাস যায়, ঘুরে আসে বছর। এভাবে চলতে চলতে একসময় আশপাশের পঙ্গু ও দুস্থ মানুষের জীবনযাত্রা বেশ ভাবিয়ে তোলে তাঁকে। তার ওপর ‘মানুষ যেখানেই থাকুক না কেন, এটা তাঁর কর্তব্য যে তিনি কেবল নিজের অধিকারের কথা ভাববেন না, তাঁর পাশের লোকটির, তাঁর বাড়ির পাশের পরিবারের কথাও ভাববেন। আমাদের বুঝতে হবে, এই দেশের মাটিতে আমার যে অধিকার, ওই ফুটপাতে শুয়ে থাকা লোকটিরও যে তেমনি অধিকার।’ বাবা ব্যারিস্টার সলিমুল হক খান মিলকির এ কথাগুলো ছোটবেলা থেকেই মনে গেঁথে গিয়েছিল তাঁর। সেই থেকে পঙ্গু ও অসহায়দের পাশে নিজের মতো করে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু মনের ভেতর পুষে রাখা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তো অনেক টাকার দরকার! এই টাকা আসবে কোত্থেকে? এমন সব আশা-নিরাশায় দোল খেতে থাকে নাসরিন বাকীর মন। অনেকেই আবার এ কথা শুনে বাধাও দিতে থাকেন তাঁকে। কিন্তু দমে যাননি তিনি। সংগ্রাম আর চেষ্টার বলে তিনি দাঁড় করাতে পেরেছেন পঙ্গু, অসহায় আর দুস্থদের নিরাপদ আশ্রয় ‘নার্চার’। ৩.যে করেই হোক দুস্থদের পাশে নিজের মতো করে দাঁড়াতেই হবে—এমন একটা জেদ চেপে বসেছিল নাসরিন বাকীর মনে। তাই অর্থের কোনো উৎস না পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদে ‘ডিজাইন ফোরাম’ নামে মেয়েদের একটি বিউটি পারলার খুললেন তিনি। একটাই আশা, বিউটি পারলার থেকে অর্জিত সব টাকাই তিনি ব্যয় করবেন পঙ্গু ও দুস্থদের সেবার কাজে। কিন্তু তাতেও খুব একটা সুবিধা হলো না। তাই বিউটি পারলারের আরেকটু পসার বাড়াতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ১৯৯৬ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে। ফিরে এসে আবারও দ্বিগুণ উৎসাহে চলতে থাকল বিউটি পারলারের কাজ। আরও কিছুদিন পর, জমানো টাকা দিয়ে হালিশহরের চৌধুরীপাড়ায় দুস্থদের জন্য আট কাঠা জমি কিনে নেন তিনি। তারপর শুরু হলো স্বপ্নপূরণের নতুন সব অধ্যায়।৪.১৯৯৪ সালের ১ এপ্রিল। ছোট্ট একটা টিনের ঘর দিয়ে যাত্রা শুরু করল নাসরিন বাকীর স্বপ্নের সেবালয় ‘নার্চার’। শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অসহায় স্বজনহীন পঙ্গু ব্যক্তিদের নিয়ে এসে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি। সুস্থ হলেন অনেকেই। একসময় পঙ্গু রোগীতে ভরে গেল একমাত্র টিনের ঘরটি। রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশেই ভাড়া নেওয়া হলো ছোট্ট একটি ঘর। কিন্তু রোগীদের ওষুধপথ্য, খাবার আর চিকিৎসকদের টাকা দিতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। তাই কুলোতে না পেরে বাধ্য হয়েই ছেড়ে দিতে হলো ভাড়াবাড়িটি। রোগীদের নিয়ে আবারও আগের সেই টিনের ঘরেই ফিরে আসতে হলো তাঁকে। এর মধ্যে ঢাকা সিআরপির ভ্যালেরি টেইলরের সঙ্গে দেখা; বেশ কিছু পরামর্শও নিলেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জন জিল্লুর রহমানও বিভিন্নভাবে সহায়তা করতে থাকলেন তাঁর প্রতিষ্ঠানকে— কখনো পরামর্শ দিয়ে, কখনো বা হাসপাতালের রোগী দিয়ে। এভাবেই চলতে লাগল নাসরিন বাকীর নার্চার।২০০৪ সাল। চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলে নেদারল্যান্ডস থেকে এক দম্পতি বেড়াতে এলেন। ওই স্কুলেরই এক শিক্ষিকার কাছে নার্চারের কথা শুনে দেখতেও এলেন প্রতিষ্ঠানটি। নার্চারের কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাঁরা নাসরিন বাকীকে আশ্বাস দিলেন, দেশে গিয়ে যদি কোনো ফিজিওথেরাপিস্ট এখানে সাহায্য করার জন্য আসতে রাজি হয়, তাহলে তাঁরা তাঁকে পাঠিয়ে দেবেন। পরে ওই ডাচ্ দম্পতি দেশে গিয়ে একটি বিজ্ঞপ্তি দিলেন, যদি কোনো ফিজিওথেরাপিস্ট বাংলাদেশে গিয়ে বিনা মূল্যে অসহায় পঙ্গু রোগীদের সাহায্য করতে চান, তাহলে যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এর ঠিক এক বছর পর ডাচ্ নাগরিক হ্যান্স ক্যাসপার হোস্ট নামের এক ফিজিওথেরাপিস্ট রাজি হয়ে গেলেন বাংলাদেশের নার্চারে এসে অসহায় পঙ্গু রোগীদের বিনা মূল্যে সাহায্য করতে। সে বছরই তিনি চলে এলেন নার্চারে। নিরলস কাজ করে যেতে লাগলেন পঙ্গু রোগীদের জন্য। কিন্তু ছোট্ট টিনের ঘরটা তিনি ঠিক মেনে নিতে পারছিলেন না। তাই নাসরিন বাকীকে প্রস্তাব দিলেন, এখানে ছোট্ট একটি ভবন গড়ে দিতে চান তিনি। এক কথাতেই রাজি হলেন নাসরিন বাকীও। অতঃপর শুরু হলো টিনের ঘর ভেঙে দালান বানানোর কাজ। দোতলা ভবন বানানো শেষ হওয়ার পর বিদায় নিলেন ওই ডাচ্ ভদ্রলোক আবারও ঘুরে যাওয়ার আশ্বাস দিয়ে ।দোতলা ভবন পেয়েও কেন যেন স্থির হতে পারলেন না নাসরিন বাকী। কারণ, দোতলা ভবন মানে আরও বেশি রোগী, আরও বেশি খরচ, আরও বেশি চিকিৎসকের বিল, কর্মীদের বিল। টাকা আসবে কোত্থেকে? এবার যেন একটু ভেঙে পড়লেন তিনি। বাধ্য হয়ে সাহায্যের আবেদন জানালেন সবার কাছে। ‘লজ্জা ভুলে সবার কাছেই কিছু না কিছু চাইতে লাগলাম। কেউ একটা পুরোনো ফ্যান দিল, কেউ বাসায় ব্যবহূত ভাঙাচোরা ফ্রিজ দিল। আমি ওগুলো খুশিমনে নিয়ে ঠিকঠাক করে নার্চারে ব্যবহার করতে লাগলাম। একটা মাস শেষ হয়ে গেলেই টাকার চিন্তায় আমি পাগল হয়ে যাই। কান্না থামাতে পারি না। কোনো উপায়ও খুঁজে পাই না। কিন্তু তার পরও কেমন কেমন করে যেন মাসগুলো চলে যায়। এভাবেই তো ১৭টি বছর পার করলাম।’ বলছিলেন নার্চারের প্রতিষ্ঠাতা নাসরিন বাকী।নার্চারের দোতলা ভবনটি এখন বাড়তে বাড়তে ছয়তলায় গিয়ে দাঁড়িয়েছে। স্বজনহীন যে অসহায় পঙ্গু রোগীরা নার্চারের সেবায় সুস্থ হয়েছেন, তাঁদের অনেকেই আর ফিরে যাননি। নার্চারকেই নিজের বাড়ি মনে করে থিতু হয়ে আছেন এখানে। তাঁরাই এখন দেখভাল করেন নার্চারের, রোগীদের। মোট ৮০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। এখন রোগীদের অপারেশনের জন্য আর হাসপাতালে যেতে হয় না। আধুনিক মানসম্মত দুটি অপারেশন থিয়েটারও আছে এখানে। আছে অর্থোপেডিক ওয়ার্ড। অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। চট্টগ্রাম লেডিস ক্লাব, গ্রামার স্কুল, এলিট পেইন্ট, ডাচ্-বাংলা ব্যাংক, লিটল জুয়েল স্কুলসহ অনেকেই এগিয়ে এসেছে নাসরিন বাকীর এ সেবার কার্যক্রমে। নাসরিন বাকী স্বপ্ন দেখেন, সহযোগিতা পেলে নার্চারই একদিন চট্টগ্রামের সবচেয়ে বড় পঙ্গু হাসপাতালে পরিণত হবে।‘চিকিৎসকেরা যদি সময় করে সপ্তাহে বা মাসে এক দিন এই অসহায় পঙ্গু রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন, তাহলে বোধ করি তাঁদের খুব বেশি অসুবিধা হবে না। এভাবে যদি একজন একজন করে চিকিৎসক এগিয়ে আসেন, তাহলেই হয়তো সে স্বপ্নও পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই।’ বললেন নাসরিন বাকী।