অসাধারণ ভুলসমগ্র
আমি তখন নোয়াখালী জিলা স্কুলে ক্লাস নাইনে পড়ি। আমাদের স্কুলে মর্নিং ও ডে—এই দুই শিফটে ক্লাস হতো। আমি ছিলাম মর্নিং শিফটে। আমাদের যখন শেষ ক্লাস চলত, তখন ডে শিফটের ছেলেরা দরজার চারদিকে জটলা পাকিয়ে বুভুক্ষের মতো আমাদের বেঞ্চগুলোর দিকে তাকিয়ে থাকত। যখন ঘণ্টা পড়ত, ওদের ইনকামিং স্রোত আর আমাদের আউটগোয়িং স্রোতের সে কী ভীষণ ভয়াবহ সংঘর্ষ হতো, তা বর্ণনাতীত। তো এই সংঘর্ষ এড়ানোর জন্য স্যাররা ক্লাস শেষে দরজার পাশে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিলেন, যাতে ডে শিফটের কেউ ঢুকতে না পারে। আগে আমরা বেরোব, তারপর ঢুকবে ওরা। একদিন আমাদের শেষ ক্লাস নিচ্ছিলেন জাহাঙ্গীর স্যার, যিনি একটু কড়া হিসেবে সুপরিচিত। যথারীতি ঘণ্টা বাজল, স্যার দরজার পাশে দাঁড়ালেন এবং আমাদের ক্লাসের ছেলেরা বেরোতে লাগল। সেদিন আমার কেন যেন ব্যাগ গোছাতে একটু দেরি হয়ে গেল, তাই সবার শেষে বেরোচ্ছিলাম, দরজার কাছাকাছি পৌঁছেছি, ঠিক তখনই স্যারের তৈরি বাঁধখানা ভেঙে খান খান হয়ে গেল, আমি আর স্যার কোনোমতে খড়কুটোর মতো ভেসে রইলাম। হঠাৎ স্যারের রাগ প্রতিরোধ বাঁধও ভেঙে গেল। স্যার হাতড়ে-পাতড়ে কাউকে খুঁজছিলেন ‘মাইরের বন্যা’ বইয়ে দেওয়ার জন্য। আমার এতটাই সৌভাগ্য যে স্যার আমাকেই খুঁজে পেলেন। চোখ বন্ধ করে স্যার ‘দ্রিম দ্রিম’ (সত্যিই এমন শব্দ হয়েছিল) করে কতকগুলো বসিয়ে দিলেন আমার পিঠে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ‘স্যার আমি তো মর্নিং শিফটের!’ ২. এটা কলেজের ঘটনা। ক্লাস শেষে স্যার রোলকল করছিলেন, আমরাও প্রাথমিক প্রেজেন্ট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ স্যার রোলকল থামিয়ে হাসতে হাসতে বললেন, ‘কে রে এইটা, এইমাত্র প্রেজেন্ট দিল, এইটা কে!’ প্রেজেন্ট দেওয়া পুরুষ বন্ধুটি লাজুক লাজুক মুখে উঠে দাঁড়াল। স্যার জিজ্ঞেস করলেন ‘কি রে, তোর নাম কি...বেগম?’ ও লজ্জায় লাল হয়ে জবাব দিল, ‘না স্যার, আমার রোল এর আগেরটা। ভুলে প্রেজেন্ট দিয়া ফালাইছি।’ মো. জায়িদ-উস-সালেহীনসোনাপুর, নোয়াখালী।