অসাম শালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক.‘রুবেল, দেখ তো একটা খালি রিকশা পাস কি না?’ টাইয়ের নটটা বাঁধতে বাঁধতে নাসির বলল। অফিসে যাওয়ার তাড়া আছে। সময় কম। জুঁই অবশ্য নাশতা টেবিলে আগেই সাজিয়ে বসে আছে। দেরিটা নাসিরেরই। ঘুম থেকে উঠতে দেরি করেছে। নাশতা খাওয়া শুরু করতেই রুবেল এসে ঢুকল, ‘ভাইয়া, একটাও খালি রিকশা নেই!’‘বলিস কী, একটাও খালি নেই!’‘নেই। সব রিকশাতেই একটা করে লোক বসে আছে।’বিষম খেল নাসির। পানি খেয়ে অনেক কষ্টে ধাতস্থ হলো। রুবেল নাসিরের একমাত্র শালা। জুঁইকে বিয়ে করার সুবাদে এই একটি জিনিসই শ্বশুরবাড়ি থেকে ফ্রি পেয়েছে—তা হলো ওর এই অসাম শালা!জুঁই মাঝেমধ্যে বলে, ওর ভাই একটু চঞ্চল। কিন্তু কেমন চঞ্চল, তা নাসির নিজ চোখে দেখেছে। বিয়ের অনেক আগে যখন নাসির প্রথম জুঁইকে পড়াতে যেত, তখন একদিন ঘরের মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে টিভিটা ভেঙে ফেলল রুবেল। ওর শাশুড়ি তখন ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠেছিলেন, ‘ঠিক আছে, ডিসিশন ফাইনাল হয়ে গেল। তোমার পরে আর কোনো ছেলে এ বাড়িতে জন্মাবে না।’জুঁই আর নাসিরের বিয়ে যখন হয়ে গেল, তখন রুবেল গোঁ ধরে বসল, আপুকে ছাড়া থাকবে না। হাজার বুঝিয়েও কাজ হলো না।অগত্যা রুবেলকে সঙ্গে নিয়ে এল নাসির।বাসররাতেও রুবেলের গোঁ—আপুর সঙ্গে ঘুমাবে। শেষ পর্যন্ত আপুর সঙ্গেই ঘুমাল ও। আর নাসির ঘুমাল ঘরের মেঝেতে। অবিস্মরণীয় বাসররাত!এখন অবশ্য রুবেল একটু বড় হয়েছে। আপুকে ছাড়াই পাশের রুমে ঘুমায়। লেখাপড়ার বালাই নেই। বসে বসে ডরেমন দেখে ঘণ্টার পর ঘণ্টা।কয়েক দিন আগের ঘটনা।জুঁই রান্নাঘরে। নাসির একা একা ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে। এমন সময় রুবেল ডাইনিং টেবিলের পাশে রাখা বিশাল আলমারিটার ওপর উঠল। ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দিল না নাসির। একটু পর আলমারির ওপর থেকে ডাইনিং টেবিলের কোনায় ধপাস করে লাফ দিয়ে পড়ল ওর শালা। সঙ্গে সঙ্গে থালার সব ভাত-ডাল ছিটকে এসে নাসিরের চোখেমুখে পড়ল। মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল নাসির। ঠিক ওই সময়ে ঘরে ঢুকল জুঁই।ভাইকে বকবে কী, নাসিরের ডাল-ভাত মাখানো কিম্ভূতকিমাকার ছবি দেখে হাসি আর থামেই না জুঁইয়ের। রাগে পিত্তি জ্বলে গেল নাসিরের।দুই.‘তোর হাতে ওটা কী?’ নাসির জিজ্ঞেস করল।‘রেজাল্ট শিট।’ রুবেল বলল।‘দেখি।’ রেজাল্ট শিটটা নিয়ে চোখ বোলাতেই মাথা গরম হয়ে গেল নাসিরের। গণিতে ফেল!‘ইচ্ছে হচ্ছে এক থাপড়ে দুই দাঁত ফেলে দিই!’ বিড়বিড় করে বলল নাসির।‘আমারও ইচ্ছে করছে’, রুবেল বলল, ‘তুমি চলো আমার সঙ্গে। আমি গণিত স্যারের বাসা ভালোমতো চিনি। তুমি স্যারকে অবশ্যই দুই থাপড় মেরে আসবে।’শেষ পর্যন্ত রুবেলের জন্য বাসায় একজন প্রাইভেট শিক্ষকের ব্যবস্থা করা হলো।একদিন সন্ধ্যায়, জুঁই বাসায় নেই। রুবেল বসার ঘরে নতুন টিচারের কাছে পড়ছে। নাসির বেডরুমে টিভি দেখছিল। আজকের পেপারটা নেওয়ার জন্য বসার ঘরে ঢুকতেই নাসির রুবেলের গলা শুনতে পেল, ‘আচ্ছা টিচার বলুন তো, একটা গাধা নদীর এক পাশে আর অন্য পাশে গাধাটার জন্য ঘাস রাখা আছে। নদীতে খুব স্রোত। কোনো নৌকা নেই। তাহলে গাধাটা নদী পার হয়ে কীভাবে ঘাস খাবে?’টিচার কী জবাব দেয় সেটা শোনার জন্য কান খাড়া করে ফেলল নাসির।‘আমি পারব না।’ হার মানলেন টিচার।‘গাধাটাও এটাই বলেছিল।’ ধীরে ধীরে বলল রুবেল।তিন.‘তোর আপু কোথায়?’ অফিস থেকে ফিরে রুবেলকে জিজ্ঞেস করল নাসির।‘পাশের বাসায়।’ টিভি দেখতে দেখতে বলল রুবেল।‘তোর আপু আজ কী রান্না করেছে?’ জুতো খুলতে খুলতে জিজ্ঞেস করল নাসির।‘ডাল-ভাত।’‘কিন্তু তোর আপু ফোনে যে বলল, আজ নাকি মুরগি রান্না করেছে!’‘করেছে। কিন্তু তুমিই তো সব সময় বলো, ঘরকা মুরগা ডাল বরাবর।’জবাবে নাসির কিছু বলার জন্য উদ্যত হতেই দরজার কলবেল বেজে উঠল।দরজা খুলেই চমকে উঠল নাসির। দোলা! নাসিরের একসময়ের প্রেমিকা।‘তুমি!’‘কেন! আসতে নেই বুঝি। ভেতরে আসব, নাকি দরজা থেকেই বিদায় নেব?’‘না না, ভেতরে এসো।’ হতভম্ব ভাবটা কাটিয়ে বলল নাসির।ভেতরে ঢুকতেই রুবেলকে চোখে পড়ল দোলার।‘ওমা! হাউ সুইট! তোমার বাচ্চা তো দারুণ সুন্দর হয়েছে!’ নাসির কোনো কিছু বলার আগেই রুবেলের দুই গালে চকাম চকাম শব্দ করে চুমু খেল দোলা।তারপর নাসিরের দিকে তাকিয়ে চোখ টিপল। ভাবখানা দেখাল, কার চুমু কে পেল!অজান্তেই নিজের গালে হাত বোলাল নাসির।‘আহারে! তোমার গালে লিপস্টিকের দাগ লেগে গেছে! দাও মুছে দিই।’ দোলা বলল।‘অসুবিধা নেই! দাগ থেকে দারুণ কিছু হলে দাগই তো ভালো।’ নাসিরের হয়ে মোক্ষম জবাবটা দিয়ে দিল অসাম শালা!